৪৩/১৩৯. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ৫১৮০ - তিনবার অনুমতি চাওয়ার নিয়ম
অনুমতি নিতে কতবার সালাম দিবে?
তিনবার অনুমতি না পেলে ফিরে যাওয়ার আদব
সুনানে আবূ দাউদ : ৫১৮০
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৫১৮০
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ يَزِيدَ بْنِ خُصَيْفَةَ، عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ كُنْتُ جَالِسًا فِي مَجْلِسٍ مِنْ مَجَالِسِ الأَنْصَارِ فَجَاءَ أَبُو مُوسَى فَزِعًا فَقُلْنَا لَهُ مَا أَفْزَعَكَ قَالَ أَمَرَنِي عُمَرُ أَنْ آتِيَهُ فَأَتَيْتُهُ فَاسْتَأْذَنْتُ ثَلاَثًا فَلَمْ يُؤْذَنْ لِي فَرَجَعْتُ فَقَالَ مَا مَنَعَكَ أَنْ تَأْتِيَنِي قُلْتُ قَدْ جِئْتُ فَاسْتَأْذَنْتُ ثَلاَثًا فَلَمْ يُؤْذَنْ لِي وَقَدْ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ «إِذَا اسْتَأْذَنَ أَحَدُكُمْ ثَلاَثًا فَلَمْ يُؤْذَنْ لَهُ فَلْيَرْجِعْ». قَالَ لَتَأْتِيَنِّي عَلَى هَذَا بِالْبَيِّنَةِ قَالَ فَقَالَ أَبُو سَعِيدٍ لاَ يَقُومُ مَعَكَ إِلاَّ أَصْغَرُ الْقَوْمِ . قَالَ فَقَامَ أَبُو سَعِيدٍ مَعَهُ فَشَهِدَ لَهُ .
আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ
আমি আনসারগণের এক সমাবেশে বসা ছিলাম। এ সময় আবূ মূসা (রাঃ) ভীত অবস্থায় উপস্থিত হলেন। আমরা তাঁকে বললাম, আপনার ভীত হওয়ার কারণ কি? তিনি বললেন, ‘উমর (রাঃ) আমাকে ডেকে পাঠিয়েছিলেন। আমি তাঁর নিকট এসে তিনবার অনুমতি চেয়েও অনুমতি না পেয়ে ফিরে গেলাম। তিনি (‘উমর) আমাকে প্রশ্ন করলেন, (ভেতরে প্রবেশ করতে) তোমাকে কিসে বাধা দিয়েছে? আমি বললাম, আমি এসে তিনবার অনুমতি চেয়েছি কিন্তু আমাকে অনুমতি দেয়া হয়নি। নবী (ﷺ) বলেছেনঃ কেউ যদি তিনবার অনুমতি চেয়েও অনুমতি না পায় তবে সে ফিরে যাবে। ‘উমর (রাঃ) বললেন, তোমাকে অবশ্যই আমাকে এর সাক্ষী পেশ করতে হবে।বর্ণনাকারী বললেন, অতঃপর আবূ সাঈদ (রাঃ) বললেন, আপনার সঙ্গে সাক্ষী দেয়ার জন্যে দলের সর্বকনিষ্ঠ লোকটিই উঠবে। বর্ণনাকারী বলেন, অতঃপর আবূ সাঈদ (রাঃ) তাঁর সঙ্গে গিয়ে তাঁর পক্ষে সাক্ষী দিলেন।
সুনানে আবূ দাউদ হাদিস ৫১৮০-এর সারসংক্ষেপ
এই হাদিসে আবু মূসা (রাঃ)-এর ঘটনা এসেছে। উমর (রাঃ) তাকে ডেকেছিলেন। তিনি এসে তিনবার অনুমতি চান, কিন্তু অনুমতি না পেয়ে ফিরে যান। পরে উমর (রাঃ) জানতে চান, কেন আসেননি। আবু মূসা (রাঃ) বলেন, তিনি তিনবার অনুমতি চেয়েছেন, অনুমতি পাননি, আর নবী صلى الله عليه وسلم বলেছেন: কেউ তিনবার অনুমতি চেয়েও অনুমতি না পেলে সে ফিরে যাবে। উমর (রাঃ) এই কথার সাক্ষী চান। তখন আবু সাঈদ (রাঃ) গিয়ে তার পক্ষে সাক্ষ্য দেন। এই হাদিসে দুইটি শিক্ষা আছে: অনুমতির সীমা মানা এবং হাদিসের ক্ষেত্রে যাচাই করা। তিনবারের পর বারবার ডাকাডাকি বা বিরক্ত করা নয়; ফিরে যাওয়া ভদ্রতা। আবার সাহাবিরা নবী صلى الله عليه وسلم-এর কথা শুনে সতর্কভাবে প্রমাণও চাইতেন।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- তিনবার অনুমতি চেয়েও অনুমতি না পেলে ফিরে যেতে হবে।
- ঘরের মানুষকে বিরক্ত না করা ইসলামী আদব।
- হাদিস বর্ণনায় সাহাবিরা সতর্কতা ও সাক্ষ্যকে গুরুত্ব দিতেন।
