৪২/৭. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ২৩৫৯ - পানির বিবাদে নবীজির ন্যায়বিচার
নদী-নালার পানি আটকানো।
পানির বিবাদে ন্যায়বিচার: নিজের জমি সেচের পর প্রতিবেশীর হক
সহীহ বুখারী : ২৩৫৯
সহীহ বুখারীহাদিস নম্বর ২৩৫৯
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا اللَّيْثُ، قَالَ حَدَّثَنِي ابْنُ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ ـ رضى الله عنهما ـ أَنَّهُ حَدَّثَهُ أَنَّ رَجُلاً مِنَ الأَنْصَارِ خَاصَمَ الزُّبَيْرَ عِنْدَ النَّبِيِّ ﷺ فِي شِرَاجِ الْحَرَّةِ الَّتِي يَسْقُونَ بِهَا النَّخْلَ فَقَالَ الأَنْصَارِيُّ سَرِّحِ الْمَاءَ يَمُرُّ فَأَبَى عَلَيْهِ، فَاخْتَصَمَا عِنْدَ النَّبِيِّ ﷺ فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ لِلزُّبَيْرِ " اسْقِ يَا زُبَيْرُ، ثُمَّ أَرْسِلِ الْمَاء إِلَى جَارِكَ ". فَغَضِبَ الأَنْصَارِيُّ، فَقَالَ أَنْ كَانَ ابْنَ عَمَّتِكَ. فَتَلَوَّنَ وَجْهُ رَسُولِ اللَّهِ ﷺ ثُمَّ قَالَ " اسْقِ يَا زُبَيْرُ، ثُمَّ احْبِسِ الْمَاءَ، حَتَّى يَرْجِعَ إِلَى الْجَدْرِ ". فَقَالَ الزُّبَيْرُ وَاللَّهِ إِنِّي لأَحْسِبُ هَذِهِ الآيَةَ نَزَلَتْ فِي ذَلِكَ ﴾فَلاَ وَرَبِّكَ لاَ يُؤْمِنُونَ حَتَّى يُحَكِّمُوكَ فِيمَا شَجَرَ بَيْنَهُمْ﴿.
'আবদুল্লাহ ইবনুয যুবায়র (রাঃ) হতে বর্ণিতঃ
জনৈক আনসারী নবী (ﷺ)-এর সামনে যুবাইর (রাঃ)-এর সঙ্গে হাররার নালার পানির ব্যাপারে ঝগড়া করল যে পানি দ্বারা খেজুর বাগান সিঞ্চন করত। আনসারী বলল, নালার পানি ছেড়ে দিন, যাতে তা (প্রবাহিত থাকে) কিন্তু যুবাইর (রাঃ) তা দিতে অস্বীকার করেন। তারা দু’জনে নবী (ﷺ)-এর নিকটে এ নিয়ে বিতর্কে লিপ্ত হলে আল্লাহর রাসূল (ﷺ) যুবাইর (রাঃ)- কে বলেন, হে যুবাইর! তোমার যমীনে (প্রথমে) সিঞ্চন করে নাও। এরপর তোমার প্রতিবেশীর দিকে পানি ছেড়ে দাও। এতে আনসারী অসন্তুষ্ট হয়ে বলল, সে তো আপনার ফুফাতো ভাই। এতে আল্লাহর রাসূল (ﷺ)-এর চেহারায় অসন্তুষ্টির লক্ষণ প্রকাশ পেল। এরপর তিনি বললেন, হে যুবাইর! তুমি নিজের জমি সিঞ্চন কর। এরপর পানি আটকিয়ে রাখ, যাতে তা বাঁধ পর্যন্ত পৌঁছে।যুবাইর (রাঃ) বললেন, আল্লাহর কসম! আমার মনে হয়, এ আয়াতটি এ সম্পর্কে নাযিল হয়েছেঃ “তোমার প্রতিপালকের শপথ! তারা মু’মিন হবে না, যতক্ষণ পর্যন্ত তারা তাদের নিজেদের বিবাদ বিসম্বাদের বিচার ভার আপনার উপর প্রত্যর্পণ না করে”- (আন-নিসাঃ ৬৫)।
সহীহ বুখারী হাদিস ২৩৫৯-এর সারসংক্ষেপ
মূল বিষয়: ন্যায়বিচার। এই হাদিসে হাররার নালার পানি নিয়ে যুবাইর (রাঃ) ও এক আনসারীর বিবাদ বর্ণিত হয়েছে। সেই পানি দিয়ে খেজুর বাগান সেচ দেওয়া হতো। আনসারী চাইছিলেন, পানি ছেড়ে দেওয়া হোক। বিষয়টি নবী (صلى الله عليه وسلم)-এর কাছে গেলে তিনি যুবাইর (রাঃ)-কে বলেন, আগে নিজের জমি সেচ দাও, তারপর প্রতিবেশীর দিকে পানি ছেড়ে দাও। পরে আনসারী এমন কথা বললে, যাতে পক্ষপাতের ইঙ্গিত ছিল, নবী (صلى الله عليه وسلم)-এর চেহারায় অসন্তুষ্টির লক্ষণ দেখা যায়। এরপর তিনি যুবাইর (রাঃ)-কে নিজের জমি সেচ দিয়ে বাঁধ পর্যন্ত পানি আটকে রাখার কথা বলেন। যুবাইর (রাঃ) মনে করেন, বিবাদে নবী (صلى الله عليه وسلم)-কে বিচারক মানার আয়াত এ বিষয়ে নাজিল হয়েছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- পানির অধিকার নিয়ে বিবাদ হলে ন্যায়ভিত্তিক সিদ্ধান্ত জরুরি।
- নিজের জমির প্রয়োজন পূরণ করে প্রতিবেশীর হক দেওয়া শেখানো হয়েছে।
- নবী (صلى الله عليه وسلم)-এর বিচার নিয়ে পক্ষপাতের অভিযোগ করা গুরুতর আচরণ।
- বিবাদে নবী (صلى الله عليه وسلم)-এর সিদ্ধান্ত মেনে নেওয়া ঈমানের গুরুত্বপূর্ণ দিক।
