১৮/২. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ২৫০৬ - এক শত দিনার কুড়িয়ে পাওয়া ও ঘোষণা
কুড়িয়ে পাওয়া বস্তু (লুকতা) প্রাপ্তির বিধান।
কুড়িয়ে পাওয়া দিনার: সংখ্যা, থলে ও রশি চিনে ঘোষণা
সুনানে ইবনে মাজাহ : ২৫০৬
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৫০৬
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، عَنْ سُوَيْدِ بْنِ غَفَلَةَ، قَالَ خَرَجْتُ مَعَ زَيْدِ بْنِ صُوحَانَ وَسَلْمَانَ بْنِ رَبِيعَةَ حَتَّى إِذَا كُنَّا بِالْعُذَيْبِ الْتَقَطْتُ سَوْطًا فَقَالاَ لِي أَلْقِهِ . فَأَبَيْتُ فَلَمَّا قَدِمْنَا الْمَدِينَةَ أَتَيْتُ أُبَىَّ بْنَ كَعْبٍ فَذَكَرْتُ ذَلِكَ لَهُ فَقَالَ أَصَبْتَ الْتَقَطْتُ مِائَةَ دِينَارٍ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ ﷺ فَسَأَلْتُهُ فَقَالَ " عَرِّفْهَا سَنَةً " . فَعَرَّفْتُهَا فَلَمْ أَجِدْ أَحَدًا يَعْرِفُهَا فَسَأَلْتُهُ فَقَالَ " عَرِّفْهَا " . فَعَرَّفْتُهَا فَلَمْ أَجِدْ أَحَدًا يَعْرِفُهَا . فَقَالَ " اعْرِفْ وِعَاءَهَا وَوِكَاءَهَا وَعَدَدَهَا ثُمَّ عَرِّفْهَا سَنَةً فَإِنْ جَاءَ مَنْ يَعْرِفُهَا وَإِلاَّ فَهِيَ كَسَبِيلِ مَالِكَ " .
উবাই ইবনু কা‘ব (রাঃ) হতে বর্ণিতঃ
(সুওয়ায়দ বিন গাফালাহ) বলেন, আমি যায়েদ বিন সূহান ও সালামান বিন রাবীআর সাথে সফরে বের হলাম। আমরা উযায়ব নামক স্থানে পৌছে আমি একটি চাবুক কুড়িয়ে পেলাম। তারা উভয়ে আমাকে বলেন, এটা ফেলে দাও, কিন্তু আমি তা অস্বীকার করলাম। অতঃপর আমরা মদীনায় ফিরে এসে আমি উবাই বিন কা‘ব (রাঃ) -এর নিকট উপস্থিত হয়ে তাঁকে বিষয়টি জানালাম।তিনি বলেন, তুমি ঠিকই করেছো। আমি রাসূলুল্লাহ (ﷺ) এর যুগে এক শত দীনার কুড়িয়ে পেয়েছিলাম। আমি তাঁকে (এর বিধান) জিজ্ঞেস করলে তিনি বলেনঃ এক বছর পর্যন্ত এর ঘোষণা দিতে থাকো। আমি ঘোষণা দিতে থাকলাম, কিন্তু তার শনাক্তকারী কাউকে পেলাম না। পুনরায় আমি তাঁকে জিজ্ঞেস করলে তিনি বলেনঃ ঘোষণা দিতে থাকো। আমি ঘোষণা দিতে থাকলাম, কিন্তু তার শনাক্তকারী পেলাম না। অতঃপর তিনি বলেনঃ তুমি তার থলে ও মুখ বাঁধার রশি ও মুদ্রার সংখ্যা চিনে রাখো এবং আরো এক বছর ঘোষণা দাও। যদি তার শনাক্তকারী আসে তো ভালো, অন্যথায় তা তোমার সম্পদতুল্য।
[২৫০৬] সহীহুল বুখারী ২৪২৬, ২৪৩৭, মুসলিম ১৭২৩, তিরমিযী ২৩৭৪, আবূ দাউদ ১৭০১, আহমাদ ২০৬৬২, ২০৬৬৪, ২০৭৭৭, ইরওয়া ১৫৬৮, সহীহ আবু দাউদ ১৪৯২-১৪৯৪। তাহকীক আলবানীঃ সহীহ।
সুনানে ইবনে মাজাহ হাদিস ২৫০৬-এর সারসংক্ষেপ
কোর বিষয়: লুকতা। এই হাদিসে সুয়াইদ বিন গাফালা সফরে একটি চাবুক কুড়িয়ে পাওয়ার কথা বলেন। সঙ্গীরা ফেলে দিতে বললেও তিনি পরে উবাই বিন কা‘ব (রাঃ)-এর কাছে বিষয়টি জানান। উবাই (রাঃ) নিজের অভিজ্ঞতা বলেন: রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর যুগে তিনি এক শত দিনার কুড়িয়ে পেয়েছিলেন। নবী (صلى الله عليه وسلم) তাকে এক বছর ঘোষণা দিতে বলেন। ঘোষণার পরও শনাক্তকারী না পেলে আবার জিজ্ঞেস করেন, আবার ঘোষণা করেন। শেষে তাকে থলে, মুখ বাঁধার রশি এবং মুদ্রার সংখ্যা চিনে রাখতে বলা হয়; তারপর আরও এক বছর ঘোষণা দিতে বলা হয়। মালিক এলে দেওয়া হবে, না এলে তা নিজের সম্পদের মতো। এই হাদিস লুকতা বিষয়ে ধৈর্য, পরিচয় সংরক্ষণ এবং মালিক খোঁজার গুরুত্ব শেখায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- কুড়িয়ে পাওয়া জিনিসের পরিচয়-চিহ্ন ভালোভাবে মনে রাখা দরকার।
- ঘোষণা দেওয়ার বিষয়টি হাদিসে গুরুত্বসহকারে এসেছে।
- মালিক শনাক্ত হলে জিনিস ফেরত দেওয়াই মূল দায়িত্ব।
- লুকতা বিষয়ে তাড়াহুড়া না করে ধৈর্য রাখা শেখা যায়।
