২২/৭. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ২৭১৫ - ওসিয়তের আগে ঋণ পরিশোধের বিধান
ওসিয়াত করার আগে ঋণ পরিশোধ করতে হবে
ঋণ আগে, ওসিয়ত পরে: সম্পদ বণ্টনের ন্যায্য ক্রম
সুনানে ইবনে মাজাহ : ২৭১৫
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৭১৫
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْحَارِثِ، عَنْ عَلِيٍّ، قَالَ قَضَى رَسُولُ اللَّهِ ﷺ بِالدَّيْنِ قَبْلَ الْوَصِيَّةِ وَأَنْتُمْ تَقْرَءُونَهَا ﴾مِنْ بَعْدِ وَصِيَّةٍ يُوصِي بِهَا أَوْ دَيْنٍ ﴿ وَإِنَّ أَعْيَانَ بَنِي الأُمِّ لَيَتَوَارَثُونَ دُونَ بَنِي الْعَلاَّتِ .
আলী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) ওসিয়তের পূর্বে ঋণ পরিশোধের ফয়সালা দিয়েছেন।তোমরা এ আয়াত পাঠ করে থাকো (অনুবাদ) : “যা ওসিয়াত করা হয় তা দেওয়ার এবং ঋণ পরিশোধ করার পর” (সুরা নিসা: ১২)।সহোদর ভাই ওয়ারিশ হবে, বৈমাত্রেয় ভাই ওয়ারিশ হবেনা।
[২৭১৫] তিরমিযী ২০৯৪, ২০৯৫, আহমাদ ১২২৬, দারেমী ২৯৮৩, ইরওয়া ১৬৬৭। তাহকীক আলবানীঃ হাসান। উক্ত হাদীসের রাবী হারিস (বিন আবদুল্লাহ) সম্পর্কে ইয়াহইয়া বিন মাঈন ও আহমাদ বিন সালিহ আল-মিসরী বলেন, তিনি সিকাহ। ইমাম নাসাঈ বলেন, কোন সমস্যা নেই। আলী ইবনুল মাদীনী তাকে মিথ্যুক বলেছেন। আবু যুরআহ আর-রাযী বলেন, তার হাদিস গ্রহণযোগ্য নয়। আবু হাতিম আর-রাযী বলেন, হাদিস বর্ণনায় নির্ভরযোগ্য নয়। উক্ত হাদিসটি শাহিদ এর ভিত্তিতে সহীহ। (তাহযীবুল কামালঃ রাবী নং ১০২৪, ৫/২৩৯ নং পৃষ্ঠা)
সুনানে ইবনে মাজাহ হাদিস ২৭১৫-এর সারসংক্ষেপ
এই হাদিসে আলী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) ওসিয়তের আগে ঋণ পরিশোধের ফয়সালা দিয়েছেন। তিনি সূরা নিসার আয়াতের কথাও উল্লেখ করেন, যেখানে ওসিয়ত ও ঋণের কথা এসেছে। হাদিসে আরও বলা হয়েছে, সহোদর ভাই ওয়ারিস হবে, বৈমাত্রেয় ভাই ওয়ারিস হবে না। এখানে মূল শিক্ষা হলো—মৃত ব্যক্তির সম্পদ বণ্টনের আগে তার ঋণ বা দেনা দেখা জরুরি। ঋণ মানুষের হক; তা রেখে শুধু ওসিয়ত বা মিরাসের কথা ভাবলে ন্যায় পূর্ণ হয় না। তাই ইসলামে সম্পদ বণ্টন একটি দায়িত্বশীল কাজ। ঋণ পরিশোধ, ওসিয়ত পূরণ এবং মিরাস বণ্টন—সব কিছু সঠিক ক্রমে করা দরকার।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মৃত ব্যক্তির ঋণ ওসিয়তের আগে পরিশোধের কথা এসেছে।
- সম্পদ বণ্টনে মানুষের পাওনা অবহেলা করা ঠিক নয়।
- মিরাসের ক্ষেত্রে আত্মীয়তার ধরনও বিবেচ্য হয়।
