২৪/৪৩. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ২৮৭৫ - নারীদের বাচনিক বায়আত
মহিলাদের বায়আত গ্রহণ
নারীদের বাচনিক বায়আত: কথার মাধ্যমে অঙ্গীকারের নববী পদ্ধতি
সুনানে ইবনে মাজাহ : ২৮৭৫
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৮৭৫
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ الْمِصْرِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ عَائِشَةَ، زَوْجَ النَّبِيِّ ﷺ قَالَتْ كَانَتِ الْمُؤْمِنَاتُ إِذَا هَاجَرْنَ إِلَى رَسُولِ اللَّهِ ﷺ يُمْتَحَنَّ بِقَوْلِ اللَّهِ ﴾يَا أَيُّهَا النَّبِيُّ إِذَا جَاءَكَ الْمُؤْمِنَاتُ يُبَايِعْنَكَ ﴿ إِلَى آخِرِ الآيَةِ قَالَتْ عَائِشَةُ فَمَنْ أَقَرَّ بِهَا مِنَ الْمُؤْمِنَاتِ فَقَدْ أَقَرَّ بِالْمِحْنَةِ فَكَانَ رَسُولُ اللَّهِ ﷺ إِذَا أَقْرَرْنَ بِذَلِكَ مِنْ قَوْلِهِنَّ قَالَ لَهُنَّ رَسُولُ اللَّهِ ﷺ " انْطَلِقْنَ فَقَدْ بَايَعْتُكُنَّ " . لاَ وَاللَّهِ مَا مَسَّتْ يَدُ رَسُولِ اللَّهِ ﷺ يَدَ امْرَأَةٍ قَطُّ غَيْرَ أَنَّهُ يُبَايِعُهُنَّ بِالْكَلاَمِ. قَالَتْ عَائِشَةُ وَاللَّهِ مَا أَخَذَ رَسُولُ اللَّهِ ﷺ عَلَى النِّسَاءِ إِلاَّ مَا أَمَرَهُ اللَّهُ وَلاَ مَسَّتْ كَفُّ رَسُولِ اللَّهِ ﷺ كَفَّ امْرَأَةٍ قَطُّ وَكَانَ يَقُولُ لَهُنَّ إِذَا أَخَذَ عَلَيْهِنَّ " قَدْ بَايَعْتُكُنَّ " . كَلاَمًا.
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
ঈমানদার মহিলাগণ হিজরত করে রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট উপস্থিত হলে তিনি আল্লাহ তাআলার নিম্নোক্ত বাণীর নির্দেশ অনুযায়ী তাদের পরীক্ষা করতেনঃ “হে নবী! ঈমানদার মহিলাগণ যখন তোমার নিকট এসে বায়আত করে...”(সূরা মুমতাহিনাহঃ ১২)। আয়িশাহ(রাঃ) বলেন, যে কোন ঈমানদার মহিলা উপরোক্ত আয়াত অনুযায়ী স্বীকার করতো সে যেন কঠিন পরীক্ষাকে স্বীকার করে নিতো। মহিলাগণ বাচনিক এসব কথা স্বীকার করে নিলে রাসূলুল্লাহ (ﷺ) তাদের বলতেনঃ তোমরা চলে যাও, আমি তোমাদের বায়আত গ্রহণ করেছি।(রাবী বলেন,) না, আল্লাহর শপথ! রাসূলুল্লাহ (ﷺ) এর হাত কখনো কোন মহিলার হাত স্পর্শ করতো না, তিনি শুধু কথার মাধ্যমে তাদের বায়আত করতেন। আয়িশাহ (রাঃ) বলেন, আল্লাহর শপথ! রাসূলুল্লাহ (ﷺ) মহিলাদের নিকট থেকে কেবলমাত্র সেইসব কথার স্বীকারোক্তি করাতেন যার নির্দেশ আল্লাহ তাআলা তাঁকে দান করেছেন। রাসুলুল্লাহ (ﷺ) এর হাত কখনও কোন মহিলার হাত স্পর্শ করতো না। তিনি তাদের শপথবাক্য পাঠ করানোর পর বলতেনঃ আমি বাচনিক তোমাদের বায়আত করলাম।
[২৮৭৫] সহীহুল বুখারী ৪৮৫১, ৭২১৪, মুসলিম ১৮৬৬, তিরমিযী ৩৩০৬, আবূ দাউদ ২৪৩০৮, ২৪৬৪৯, ২৪৬৭২, ২৪৭৭২, ২৫৭৯৪। তাহকীক আলবানীঃ সহীহ।
সুনানে ইবনে মাজাহ হাদিস ২৮৭৫-এর সারসংক্ষেপ
এই হাদিসে আয়িশা (রাঃ) নারীদের বায়আতের পদ্ধতি বর্ণনা করেছেন। ঈমানদার মহিলারা হিজরত করে এলে সূরা মুমতাহিনার আয়াত অনুযায়ী তাঁদের পরীক্ষা করা হতো। তাঁরা কথার মাধ্যমে শর্তগুলো স্বীকার করলে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলতেন, তোমরা চলে যাও, আমি তোমাদের বায়আত গ্রহণ করেছি। আয়িশা (রাঃ) স্পষ্ট করে বলেন, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর হাত কখনো কোনো মহিলার হাত স্পর্শ করেনি; তিনি শুধু কথার মাধ্যমে তাঁদের বায়আত করতেন। এই হাদিসে বায়আতের শালীন পদ্ধতি, আল্লাহর নির্দেশ মেনে চলা এবং কথার অঙ্গীকারের গুরুত্ব দেখা যায়। এতে বোঝা যায়, ধর্মীয় অঙ্গীকারের মূল হলো শর্ত মানা ও সত্যভাবে স্বীকার করা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- নারীদের বায়আত কথার মাধ্যমে গ্রহণ করা হতো।
- নবী (صلى الله عليه وسلم) কোনো মহিলার হাত স্পর্শ করে বায়আত নেননি।
- বায়আতের শর্ত ছিল আল্লাহর নির্দেশ অনুযায়ী স্বীকারোক্তি।
