৪/৮. অধ্যায়ঃ
সতর (সতর) - প্রথম অনুচ্ছেদ
سَتْرِ(সাত্র) সতর অর্থাৎ- আচ্ছাদন অধ্যায়, আচ্ছাদন বলতে লজ্জাস্থানসহ সকল অঙ্গ-প্রত্যঙ্গ ঢেকে রাখা বুঝায়। আল্লাহ তা’আলা বলেন, ’’হে আদম সন্তান! তোমরা প্রত্যেক সালাতের সময় তোমাদের সৌন্দর্যের পরিচ্ছদ পরিধান কর’’- (সূরাহ্ আল আ’রাফ ৭: ৩১)। ইবনু ’আব্বাস (রাঃ)-এর সূত্রে ইমাম মুসলিম বর্ণনা করেন যে, মহিলারা উলঙ্গ অবস্থায় বায়তুল্লাহ ত্বওয়াফ করত। এ প্রেক্ষিতেই উপর্যুক্ত আয়াতটি অবতীর্ণ হয়। ইবনু হাযম বলেন, মুসলিমগণ এ ব্যাপারে একমত যে সালাত বিশুদ্ধ হওয়ার জন্য লজ্জাস্থান ঢাকা শর্ত। কোন জনশূন্য স্থানে থাকলেও। আর সালাতের সময় ছাড়া অন্য সময় লজ্জাস্থানে তাকানো যাদের জন্য বৈধ নয় এমন লোকেদের দৃষ্টি থেকে লজ্জাস্থানকে ঢেকে রাখা ওয়াজিব।
মিশকাতুল মাসাবিহ : ৭৫৪-[১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৭৫৪-[১]
عَنْ عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ قَالَ رَأَيْتُ رَسُولَ اللهِ ﷺ يُصَلِّىْ فِي ثَوْبٍ وَاحِدٍ مُشْتَمِلًا بِه فِي بَيْتِ أُمِّ سَلَمَةَ وَاضِعًا طَرَفَيْهِ عَلى عَاتِقَيْهِ. مُتَّفَقٌ عَلَيْهِ
উমর ইবনু আবূ সালামাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ) কে এক কাপড়ে সালাত আদায় করতে দেখেছি। তিনি (ﷺ) উম্মু সালামাহ্ (রাঃ) এর ঘরে কাপড়টি নিজের শরীরে এভাবে জড়িয়ে নিলেন যে, কাপড়ের দুইদিক তাঁর কাঁধের উপর ছিল। [১]
[১] সহীহ : বুখারী ৩৫৬, মুসলিম ৫১৭, নাসায়ী ৭৬৪, ইবনু মাজাহ্ ১০৪৯, আহমাদ ১৬৩২৯, সহীহ ইবনু খুযাইমাহ্ ৭৬১, সহীহ ইবনু হিব্বান ২২৯২।
