৪/৮. অধ্যায়ঃ
সতর (সতর) - প্রথম অনুচ্ছেদ
سَتْرِ(সাত্র) সতর অর্থাৎ- আচ্ছাদন অধ্যায়, আচ্ছাদন বলতে লজ্জাস্থানসহ সকল অঙ্গ-প্রত্যঙ্গ ঢেকে রাখা বুঝায়। আল্লাহ তা’আলা বলেন, ’’হে আদম সন্তান! তোমরা প্রত্যেক সালাতের সময় তোমাদের সৌন্দর্যের পরিচ্ছদ পরিধান কর’’- (সূরাহ্ আল আ’রাফ ৭: ৩১)। ইবনু ’আব্বাস (রাঃ)-এর সূত্রে ইমাম মুসলিম বর্ণনা করেন যে, মহিলারা উলঙ্গ অবস্থায় বায়তুল্লাহ ত্বওয়াফ করত। এ প্রেক্ষিতেই উপর্যুক্ত আয়াতটি অবতীর্ণ হয়। ইবনু হাযম বলেন, মুসলিমগণ এ ব্যাপারে একমত যে সালাত বিশুদ্ধ হওয়ার জন্য লজ্জাস্থান ঢাকা শর্ত। কোন জনশূন্য স্থানে থাকলেও। আর সালাতের সময় ছাড়া অন্য সময় লজ্জাস্থানে তাকানো যাদের জন্য বৈধ নয় এমন লোকেদের দৃষ্টি থেকে লজ্জাস্থানকে ঢেকে রাখা ওয়াজিব।
মিশকাতুল মাসাবিহ : ৭৫৮-[৫]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৭৫৮-[৫]
وَعَنْ أَنَسِ كَانَ قِرَامٌ لِعَائِشَةَ سَتَرَتْ بِه جَانِبَ بَيْتِهَا فَقَالَ لَهَا النَّبِيُّ ﷺ أَمِيطِي عَنَّا قِرَامَكِ هذَا فَإِنَّه لَا تَزَالُ تَصَاوِيرُه تَعْرِضُ لِي فِي صَلَاتِي. رَوَاهُ الْبُخَارِيُّ
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
‘আয়িশাহ্ সিদ্দীকা (রাঃ) এর একটি পর্দার কাপড় ছিল। সেটি দিয়ে তিনি ঘরের একদিকে ঢেকে রেখেছিলেন। নবী (ﷺ) তাকে বললেন, তোমার এ পর্দাখানি এখান থেকে সরিয়ে ফেল। কারণ এর ছবিগুলো সব সময় সালাতে আমার চোখে পড়তে থাকে। [১]
[১] সহীহ : বুখারী ৩৭৪, আহমাদ ১২৫৩১, সহীহ আল জামি‘ ১৪০৫।
