৪/৯. অধ্যায়ঃ
সালাতে সুতরা (সুতরা) - প্রথম অনুচ্ছেদ
এ অধ্যায়ে সুতরার বর্ণনা এসেছে। আর সুতরাহ্ (সুতরা) হলো, সালাত (সালাত/নামায/নামাজ) আদায়কারী তার সামনে যা পুঁতে রাখে। সেটা লাঠি অথবা তীর অথবা অন্য কিছু হতে পারে। এটা দেয়ার উদ্দেশ্য হলো, সালাত আদায়কারীর সাজদার জায়গার ভেতর দিয়ে যাতে কেউ যাতায়াত না করে এবং মুসল্লীর দৃষ্টি এর বাইরে না যায়। ইবনুল হুমাম ফাতহুল কাদীরে উল্লেখ করেন, সুতরার উদ্দেশ্য হলো সালাত আদায়কারীর মনোযোগকে একনিষ্ঠ করে রাখা।
মিশকাতুল মাসাবিহ : ৭৭৪-[৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৭৭৪-[৩]
وَعَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ عَنِ النَّبِيِّ ﷺ أَنَّه كَانَ يُعَرِّضُ رَاحِلَتَه فَيُصَلِّي إِلَيْهَا. مُتَّفَقٌ عَلَيْهِ - وَزَادَ الْبُخَارِيُّ قُلْتُ أَفَرَأَيْتَ إِذَا هَبَّتِ الرِّكَابُ قَالَ كَانَ يَأْخُذُ الرَّحْلَ فَيُعَدِّلُه فَيُصَلِّي إِلى آخِرَتِه
ইবনু 'উমর (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) (খোলা জায়গায় সালাত আদায় করলে) নিজের উটকে সামনে আড়াআড়িভাবে বসিয়ে উটের দিকে মুখ করে সালাত আদায় করতেন। বুখারীর বর্ণনায় এ কথাও রয়েছে যে, নাফি’ বলেন, আমি ইবনু উমরকে জিজ্ঞেস করলাম, উট মাঠে চরাতে গেলে তিনি (ﷺ) তখন কি করতেন? উত্তরে ইবনু উমর (রাঃ) বলেন, তখন তিনি (ﷺ) উটের ‘হাওদা’ নিতেন এবং হাওদার পিছনের ডাণ্ডাকে সামনে রেখে সালাত আদায় করতেন। [১]
[১] সহীহ : বুখারী ৫০৭, মুসলিম ৫০২, আবূ দাঊদ ৬৯২, তিরমিযী ৩৫২, আহমাদ ৪৪৬৮।
