১৬/৯৪. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৩২৬৭ - মসজিদে নববীর সালাতের ফজিলত
মাক্কাহ্ ও মাদীনার মাসজিদদ্বয়ে সলাত আদায়ের ফাযীলাত
মসজিদে নববীতে সালাতের ফজিলত
সহীহ মুসলিম : ৩২৬৭
সহীহ মুসলিমহাদিস নম্বর ৩২৬৭
حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا عِيسَى بْنُ الْمُنْذِرِ الْحِمْصِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ، حَرْبٍ حَدَّثَنَا الزُّبَيْدِيُّ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، وَأَبِي عَبْدِ اللَّهِ الأَغَرِّ، مَوْلَى الْجُهَنِيِّينَ - وَكَانَ مِنْ أَصْحَابِ أَبِي هُرَيْرَةَ - أَنَّهُمَا سَمِعَا أَبَا هُرَيْرَةَ يَقُولُ صَلاَةٌ فِي مَسْجِدِ رَسُولِ اللَّهِ ﷺ أَفْضَلُ مِنْ أَلْفِ صَلاَةٍ فِيمَا سِوَاهُ مِنَ الْمَسَاجِدِ إِلاَّ الْمَسْجِدَ الْحَرَامَ فَإِنَّ رَسُولَ اللَّهِ ﷺ آخِرُ الأَنْبِيَاءِ وَإِنَّ مَسْجِدَهُ آخِرُ الْمَسَاجِدِ .قَالَ أَبُو سَلَمَةَ وَأَبُو عَبْدِ اللَّهِ لَمْ نَشُكَّ أَنَّ أَبَا هُرَيْرَةَ كَانَ يَقُولُ عَنْ حَدِيثِ رَسُولِ اللَّهِ ﷺ فَمَنَعَنَا ذَلِكَ أَنْ نَسْتَثْبِتَ أَبَا هُرَيْرَةَ عَنْ ذَلِكَ الْحَدِيثِ حَتَّى إِذَا تُوُفِّيَ أَبُو هُرَيْرَةَ تَذَاكَرْنَا ذَلِكَ وَتَلاَوَمْنَا أَنْ لاَ نَكُونَ كَلَّمْنَا أَبَا هُرَيْرَةَ فِي ذَلِكَ حَتَّى يُسْنِدَهُ إِلَى رَسُولِ اللَّهِ ﷺ إِنْ كَانَ سَمِعَهُ مِنْهُ فَبَيْنَا نَحْنُ عَلَى ذَلِكَ جَالَسَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِبْرَاهِيمَ بْنِ قَارِظٍ فَذَكَرْنَا ذَلِكَ الْحَدِيثَ وَالَّذِي فَرَّطْنَا فِيهِ مِنْ نَصِّ أَبِي هُرَيْرَةَ عَنْهُ فَقَالَ لَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِبْرَاهِيمَ أَشْهَدُ أَنِّي سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ " فَإِنِّي آخِرُ الأَنْبِيَاءِ وَإِنَّ مَسْجِدِي آخِرُ الْمَسَاجِدِ».
আবূ হুরায়রাহ্ (রাঃ)-এর শাগরিদ আবূ সালামাহ্ ইবনু ‘আবদুর রহমান ও আবূ ‘আবদুল্লাহ আগার (জুহায়নাহ্ গোত্রের মুক্তদাস) হতে বর্ণিতঃ
তাঁরা উভয়ে আবূ হুরায়রাহ্ (রাঃ)-কে বলতে শুনেছেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর মসজিদে এক (রাক’আত) সালাত আদায় মসজিদুল হারাম ব্যতীত অন্য যে কোন মসজিদে হাজার (রাক’আত) সালাতের তুলনায় অধিক ফাযীলাতপূর্ণ। কেননা, রাসূলুল্লাহ (ﷺ) নবীগণের সমাপ্তি (সর্বশেষ নবী) এবং তাঁর মসজিদ (নবী-রাসূলগণ কর্তৃক নির্মিত মসজিদসমূহের মধ্যে) সর্বশেষ মসজিদ।আবূ সালামাহ্ ও আবূ ‘আবদুল্লাহ (রহঃ) বলেন, নিঃসন্দেহে আবূ হুরায়রাহ্ (রাঃ) যে সব কথা বলেছেন, তা রাসূলুল্লাহ (ﷺ)-এর হাদীস থেকেই বলেছেন। এজন্য আমরা তাঁর ইন্তিকালের পূর্ব পর্যন্ত তাঁর নিকট থেকে এ হাদীস সত্যায়িত করে নেয়ার প্রয়োজনবোধ করিনি। আবূ হুরায়রাহ্ (রাঃ)-এর ইন্তিকালের পর তাঁর নিকট থেকে এ হাদীসের সত্যায়ন সম্পর্কে আমরা পরস্পর আলোচনা করি এবং একে অপরকে দোষারোপ করি যে, কেন আমরা এ হাদীস সম্পর্কে আবূ হুরায়রাহ্ (রাঃ)-কে জিজ্ঞেস করিনি যে, তিনি তা রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট থেকে শুনে বর্ণনা করেছেন কিনা।এ অবস্থায় একদা আমরা ‘আবদুল্লাহ ইবনু ইব্রাহীম ইবনু ক্বারিয-এর কাছে বসলাম এবং এ হাদীস ও তা আবূ হুরায়রাহ্ (রাঃ) কর্তৃক রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট থেকে বর্ণিত হওয়া সম্পর্কে আলোচনা উত্থাপন করলাম। তখন ‘আবদুল্লাহ ইবনু ইব্রাহীম ইবনু ক্বারিয (রহঃ) আমাদের বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে, নিশ্চিত আমি আবূ হুরায়রাহ্ (রাঃ)-কে বলতে শুনেছি যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ “অতএব অবশ্যই আমি নবীগণের সমাপ্তি এবং আমার মসজিদ সর্বশেষ মসজিদ।”
ই.ফা. ৩২৪২, ই.সে. ৩২৩৯
সহীহ মুসলিম হাদিস ৩২৬৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে মসজিদে নববীতে সালাতের ফজিলত খুব স্পষ্টভাবে এসেছে। আবু হুরাইরা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর মসজিদে এক রাকাত সালাত মসজিদুল হারাম ছাড়া অন্য যেকোনো মসজিদে হাজার রাকাত সালাতের চেয়ে বেশি মর্যাদাপূর্ণ। হাদিসে আরও বলা হয়েছে, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) নবীদের শেষ নবী এবং তাঁর মসজিদ নবীদের মসজিদসমূহের মধ্যে শেষ মসজিদ। এখানে মূল শিক্ষা হলো, মসজিদে নববীর মর্যাদা শুধু স্থানগত নয়; এটি নবীজির সঙ্গে সরাসরি যুক্ত একটি মহান নিদর্শন। একই সঙ্গে বর্ণনাকারীরা হাদিস যাচাইয়ের বিষয়ে যে আলোচনা করেছেন, তা হাদিস সংরক্ষণে সাহাবি ও তাবেঈদের সতর্কতার দিকও দেখায়। তাই মসজিদে নববীতে সালাত, নবীজির মসজিদের ফজিলত এবং মদিনার মসজিদের মর্যাদা—সবই এই বর্ণনায় সুন্দরভাবে ফুটে উঠেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মসজিদে নববীতে সালাতের বিশেষ ফজিলত রয়েছে।
- মসজিদুল হারামের মর্যাদা আলাদা করে উল্লেখ করা হয়েছে।
- রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) শেষ নবী—এটি হাদিসে স্পষ্টভাবে এসেছে।
- হাদিস যাচাই ও সংরক্ষণে পূর্বসূরিদের সতর্কতা ছিল গভীর।
