৩৯/৭. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ২৬৫৬ - হাদিস সংরক্ষণ ও পৌঁছে দেওয়া
শ্রুত জ্ঞান প্রচারে অনুপ্রেরণা দেওয়া
হাদিস সংরক্ষণ ও সঠিকভাবে অন্যের কাছে পৌঁছে দেওয়া
জামে‘ আত-তিরমিযী : ২৬৫৬
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ২৬৫৬
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، أَخْبَرَنَا شُعْبَةُ، أَخْبَرَنَا عُمَرُ بْنُ سُلَيْمَانَ، مِنْ وَلَدِ عُمَرَ بْنِ الْخَطَّابِ قَالَ سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبَانَ بْنِ عُثْمَانَ، يُحَدِّثُ عَنْ أَبِيهِ، قَالَ خَرَجَ زَيْدُ بْنُ ثَابِتٍ مِنْ عِنْدِ مَرْوَانَ نِصْفَ النَّهَارِ قُلْنَا مَا بَعَثَ إِلَيْهِ فِي هَذِهِ السَّاعَةِ إِلاَّ لِشَيْءٍ سَأَلَهُ عَنْهُ فَقُمْنَا فَسَأَلْنَاهُ فَقَالَ نَعَمْ سَأَلَنَا عَنْ أَشْيَاءَ سَمِعْنَاهَا مِنْ رَسُولِ اللَّهِ ﷺ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ " نَضَّرَ اللَّهُ امْرَأً سَمِعَ مِنَّا حَدِيثًا فَحَفِظَهُ حَتَّى يُبَلِّغَهُ غَيْرَهُ فَرُبَّ حَامِلِ فِقْهٍ إِلَى مَنْ هُوَ أَفْقَهُ مِنْهُ وَرُبَّ حَامِلِ فِقْهٍ لَيْسَ بِفَقِيهٍ» . وَفِي الْبَابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ وَمُعَاذِ بْنِ جَبَلٍ وَجُبَيْرِ بْنِ مُطْعِمٍ وَأَبِي الدَّرْدَاءِ وَأَنَسٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ زَيْدِ بْنِ ثَابِتٍ حَدِيثٌ حَسَنٌ .
আবান ইবনু 'উসমান (রহঃ) হতে বর্ণিতঃ
কোন একদিন যাইদ ইবনু সাবিত (রাঃ) ঠিক দুপুরের সময় মারওয়ানের নিকট হতে বেরিয়ে আসলেন। আমরা নিজেদের মধ্যে বলাবলি করলাম, সম্ভবত কোন ব্যাপারে প্রশ্ন করার জন্যই এ সময়ে মারওয়ান তাঁকে ডেকে পাঠিয়েছেন। সুতরাং আমরা উঠে গিয়ে তাঁকে এ বিষয়ে প্রশ্ন করলাম। তিনি বললেন, হ্যাঁ, তিনি আমার কাছে কয়েকটি কথা জিজ্ঞেস করেছেন, যা আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট শুনেছি।আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ আল্লাহ তা‘আলা সেই ব্যক্তির চেহারা আনন্দ-উজ্জ্বল করুন, যে আমার কোন কথা শুনেছে, তারপর তা সঠিক ভাবে মনে রেখেছে এবং সেভাবেই অন্যের নিকট পৌঁছে দিয়েছে। এমন অনেক লোক আছে, যারা নিজেদের তুলনায় উচ্চতর জ্ঞানের অধিকারীর নিকট জ্ঞান পৌঁছে দিতে পারে। আর অনেক জ্ঞানের বাহক এমন রয়েছে যারা নিজেরাই জ্ঞানী নয়।
‘আবদুল্লাহ ইবনু মাস‘ঊদ, মু‘আয ইবনু জাবাল, জুবাইর ইবনু মুত‘ইম, আবুদ্ দারদা ও আনাস (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। আবূ ‘ঈসা বলেন, যাইদ ইবনু সাবিত (রাঃ) হতে বর্ণিত হাদীসটি হাসান।
জামে‘ আত-তিরমিযী হাদিস ২৬৫৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর বাণী শোনা, মনে রাখা এবং সঠিকভাবে অন্যের কাছে পৌঁছে দেওয়ার গুরুত্ব বলা হয়েছে। নবী صلى الله عليه وسلم এমন ব্যক্তির জন্য উজ্জ্বল চেহারার দোয়া করেছেন, যে তাঁর কথা শুনে তা ঠিকভাবে সংরক্ষণ করে এবং অন্যকে জানায়। হাদিসে আরও বলা হয়েছে, অনেক সময় একজন জ্ঞানের বাহক এমন কারও কাছে কথা পৌঁছে দেন, যিনি তার চেয়ে বেশি বুঝতে পারেন। আবার কেউ জ্ঞান বহন করলেও নিজে গভীর জ্ঞানী নাও হতে পারেন। তাই বার্তা পৌঁছে দেওয়ার সময় নিজের ব্যাখ্যা মিশিয়ে বিকৃত না করে মূল কথা ঠিক রাখা জরুরি। একই সঙ্গে বিনয়ও দরকার, কারণ শ্রোতা হয়তো কথাটির গভীরতা আরও ভালো বুঝতে পারে। হাদিস সংরক্ষণ ও প্রচারে সততা, স্মরণশক্তি এবং নির্ভুলতা এখানে প্রধান শিক্ষা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- রাসূল صلى الله عليه وسلم-এর বাণী সঠিকভাবে মনে রাখা ও পৌঁছে দেওয়া মর্যাদাপূর্ণ কাজ।
- হাদিস বলার সময় মূল বক্তব্য বিকৃত করা যাবে না।
- জ্ঞান বহনকারী সব সময় সবচেয়ে গভীর জ্ঞানী নাও হতে পারেন।
- শ্রোতা কখনও বর্ণনাকারীর চেয়ে বিষয়টি ভালো বুঝতে পারেন।
