২৩/৭৭. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ১৩৫১ - জাবির (রাঃ)-এর পিতার ওসিয়ত, ঋণ ও দাফন
কোন কারণে মৃত ব্যক্তিকে কবর বা লাহদ হতে বের করা যাবে কি?
ঋণ পরিশোধ ও পরিবারের দায়িত্ব: জাবির (রাঃ)-এর পিতার শিক্ষা
সহীহ বুখারী : ১৩৫১
সহীহ বুখারীহাদিস নম্বর ১৩৫১
حَدَّثَنَا مُسَدَّدٌ، أَخْبَرَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، حَدَّثَنَا حُسَيْنٌ الْمُعَلِّمُ، عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرٍ ـ رضى الله عنه ـ قَالَ لَمَّا حَضَرَ أُحُدٌ دَعَانِي أَبِي مِنَ اللَّيْلِ فَقَالَ مَا أُرَانِي إِلاَّ مَقْتُولاً فِي أَوَّلِ مَنْ يُقْتَلُ مِنْ أَصْحَابِ النَّبِيِّ ﷺ، وَإِنِّي لاَ أَتْرُكُ بَعْدِي أَعَزَّ عَلَىَّ مِنْكَ، غَيْرَ نَفْسِ رَسُولِ اللَّهِ ﷺ، فَإِنَّ عَلَىَّ دَيْنًا فَاقْضِ، وَاسْتَوْصِ بِأَخَوَاتِكَ خَيْرًا.فَأَصْبَحْنَا فَكَانَ أَوَّلَ قَتِيلٍ، وَدُفِنَ مَعَهُ آخَرُ فِي قَبْرٍ، ثُمَّ لَمْ تَطِبْ نَفْسِي أَنْ أَتْرُكَهُ مَعَ الآخَرِ فَاسْتَخْرَجْتُهُ بَعْدَ سِتَّةِ أَشْهُرٍ، فَإِذَا هُوَ كَيَوْمِ وَضَعْتُهُ هُنَيَّةً غَيْرَ أُذُنِهِ.
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
যখন উহুদ যুদ্ধের সময় উপস্থিত হল, তখন রাতের বেলা আমার পিতা আমাকে ডেকে বললেন, আমার মনে হয় যে, নবী (ﷺ)-এর সাহাবীগণের মধ্যে যাঁরা প্রথমে শহীদ হবেন, আমি তাঁদের মধ্যে একজন হব। আর আমি আমার (মৃত্যুর) পরে আল্লাহর রাসূল (ﷺ) ব্যতীত তোমার চেয়ে অধিকতর প্রিয় কাউকে রেখে যাচ্ছি না। আমার যিম্মায় কর্জ রয়েছে। তুমি তা পরিশোধ করবে। তোমার বোনদের ব্যাপারে সদুপদেশ গ্রহণ করবে।জাবির (রাঃ) বলেন, পরদিন সকাল হলে (আমরা দেখলাম যে) তিনিই প্রথম শহীদ। তাঁর কবরে তাঁর আর একজন সাহাবীকে তাঁর সাথে দাফন করা হয়েছিল। কিন্তু পরে অন্য একজনের সাথে (একই) কবরে তাঁকে রাখা আমার মনে ভাল লাগল না। তাই ছয় মাস পর আমি তাঁকে (কবর হতে) বের করলাম এবং দেখলাম যে, তাঁর কানে সামান্য চিহ্ন ব্যতীত তিনি সেই দিনের মতই (অক্ষত ও অবিকৃত) রয়েছেন, যে দিন তাঁকে (কবরে) রেখেছিলাম।
সহীহ বুখারী হাদিস ১৩৫১-এর সারসংক্ষেপ
এই হাদিসে উহুদের যুদ্ধের আগের রাতের একটি ব্যক্তিগত ও গভীর ঘটনা এসেছে। জাবির (রাঃ)-এর পিতা তাঁকে ডেকে বলেন, তাঁর মনে হচ্ছে তিনি প্রথম শহীদদের একজন হবেন। এরপর তিনি নিজের ঋণ পরিশোধের কথা বলেন এবং বোনদের বিষয়ে ভালো আচরণের উপদেশ দেন। পরদিন তিনি প্রথম শহীদ হন। তাঁকে আরেকজন শহীদের সঙ্গে একই কবরে দাফন করা হয়। পরে জাবির (রাঃ)-এর মন তাতে তুষ্ট না হওয়ায় ছয় মাস পর তাঁকে বের করেন এবং দেখেন, কানের সামান্য চিহ্ন ছাড়া তিনি আগের দিনের মতোই রয়েছেন। এই হাদিসে শহীদ দাফন, পিতার ওসিয়ত, ঋণ শোধ এবং পরিবারের দায়িত্ব একসাথে এসেছে। এখানে বড় শিক্ষা হলো, মৃত্যুর আগে মানুষের হক ও পরিবারের দায়িত্বের কথা মনে রাখা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ঋণ পরিশোধের দায়িত্ব মৃত্যুর আগেই গুরুত্ব দিয়ে বলা হয়েছে।
- পরিবারের মেয়েদের বিষয়ে ভালো আচরণের উপদেশ এসেছে।
- জাবির (রাঃ)-এর পিতার দাফন উহুদের শহীদদের ঘটনার সঙ্গে যুক্ত।
- হাদিসে ছয় মাস পর কবর থেকে বের করার একটি নির্দিষ্ট ঘটনা এসেছে।
