৯৭/৫৫. অধ্যায়ঃ
আল্লাহর বাণী: বস্তুত এটি সম্মানিত কুরআন, সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ- (সূরা বুরুজ ৮৫/২১-২২)। শপথ তূর পর্বতের। শপথ কিতাবের, যা লিখিত আছে- (সূরা আত-তূর ৫২/১-২)।
ক্বাতাদাহ (রহ.) বলেন, مَسْطُورٌ অর্থ লিপিবদ্ধ, يَسْطُرُونَ অর্থ তারা লিখছে, أُمِّ الْكِتَابِ অর্থাৎ কিতাবের স্তর ও মূল। مَا يَلْفِظُ অর্থ যা কিছু বলা হয়, তা লিপিবদ্ধ হয়। এর ব্যাখ্যায় ইবনু ‘আব্বাস (রাঃ) বলেন, ভালো-মন্দ সব লিপিবদ্ধ করা হয়। يُحَرِّفُونَ এর অর্থ পরিবর্তন করা। এমন কেউ নেই যে আল্লাহর কোনো কিতাবের শব্দ পরিবর্তন করতে পারে। তবে তারা তাহরীফ তথা অপব্যাখ্যা করতে পারে। دِرَاسَتِهِمْ অর্থ তাদের তিলাওয়াত, وَاعِيَةٌ অর্থ সংরক্ষণকারী, وَتَعِيَهَا অর্থ তা সংরক্ষণ করে। এবং এ কুরআন আমার কাছে পাঠানো হয়েছে, যেন তোমাদেরকে এর দ্বারা আমি সতর্ক করি— (সূরা আল-আন‘আম ৬/১৯)। অর্থাৎ মক্কাবাসী এবং যাদের কাছে এ কুরআন প্রচারিত হবে, রাসূলুল্লাহ্ (ﷺ) তাদের জন্য সতর্ককারী।
সহিহ বুখারী : ৭৫৫৪
সহিহ বুখারীহাদিস নম্বর ৭৫৫৪
مُحَمَّدُ بْنُ أَبِي غَالِبٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ حَدَّثَنَا مُعْتَمِرٌ سَمِعْتُ أَبِي يَقُولُ حَدَّثَنَا قَتَادَةُ أَنَّ أَبَا رَافِعٍ حَدَّثَهُ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ إِنَّ اللهَ كَتَبَ كِتَابًا قَبْلَ أَنْ يَخْلُقَ الْخَلْقَ إِنَّ رَحْمَتِي سَبَقَتْ غَضَبِي فَهُوَ مَكْتُوبٌ عِنْدَهُ فَوْقَ الْعَرْشِ
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, আল্লাহ সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করার আগে একটি লেখা লিখে রেখেছেন। তা হলো “আমার গজবের উপর আমার রহমত অগ্রগামী হয়েছে”, এটি তাঁরই নিকটে আরশের ওপর লেখা আছে।
আধুনিক প্রকাশনী- ৭০৩৩, ইসলামিক ফাউন্ডেশন- ৭০৪৪
