৫/১৯৯. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ১৪১৪ - খেজুর খুঁটির কান্না ও মিম্বার
রাসূলুল্লাহ (ﷺ)-এর মিম্বারের সূচনা।
খেজুর খুঁটির কান্না: মিম্বার ও নবীজির দয়ার হাদিস
সুনানে ইবনে মাজাহ : ১৪১৪
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৪১৪
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ الرَّقِّيُّ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عَمْرٍو الرَّقِّيُّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ، عَنِ الطُّفَيْلِ بْنِ أُبَىِّ بْنِ كَعْبٍ، عَنْ أَبِيهِ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يُصَلِّي إِلَى جِذْعٍ إِذْ كَانَ الْمَسْجِدُ عَرِيشًا وَكَانَ يَخْطُبُ إِلَى ذَلِكَ الْجِذْعِ فَقَالَ رَجُلٌ مِنْ أَصْحَابِهِ هَلْ لَكَ أَنْ نَجْعَلَ لَكَ شَيْئًا تَقُومُ عَلَيْهِ يَوْمَ الْجُمُعَةِ حَتَّى يَرَاكَ النَّاسُ وَتُسْمِعَهُمْ خُطْبَتَكَ قَالَ " نَعَمْ " . فَصَنَعَ لَهُ ثَلاَثَ دَرَجَاتٍ فَهِيَ الَّتِي عَلَى الْمِنْبَرِ فَلَمَّا وُضِعَ الْمِنْبَرُ وَضَعُوهُ فِي مَوْضِعِهِ الَّذِي هُوَ فِيهِ فَلَمَّا أَرَادَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَنْ يَقُومَ إِلَى الْمِنْبَرِ مَرَّ إِلَى الْجِذْعِ الَّذِي كَانَ يَخْطُبُ إِلَيْهِ فَلَمَّا جَاوَزَ الْجِذْعَ خَارَ حَتَّى تَصَدَّعَ وَانْشَقَّ فَنَزَلَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ لَمَّا سَمِعَ صَوْتَ الْجِذْعِ فَمَسَحَهُ بِيَدِهِ حَتَّى سَكَنَ ثُمَّ رَجَعَ إِلَى الْمِنْبَرِ فَكَانَ إِذَا صَلَّى صَلَّى إِلَيْهِ فَلَمَّا هُدِمَ الْمَسْجِدُ وَغُيِّرَ أَخَذَ ذَلِكَ الْجِذْعَ أُبَىُّ بْنُ كَعْبٍ وَكَانَ عِنْدَهُ فِي بَيْتِهِ حَتَّى بَلِيَ فَأَكَلَتْهُ الأَرَضَةُ وَعَادَ رُفَاتًا .
উবাই ইবনু কা‘ব (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) ছাপড়ার মসজিদে থাকা অবস্থায় একটি খেজুর গাছের খুঁটির পাশে দাঁড়িয়ে সালাত আদায় করতেন। তিনি ঐ খেজুর গাছের খুঁটি ঘেঁষে খুতবা দিতেন। তাঁর সাহাবীদের একজন বলেন, আমরা কি আপনার জন্য এমন একটি জিনিসের ব্যবস্থা করবো, যার উপর আপনি জুমুআর দিন দাঁড়াবেন। যাতে লোকেরা আপনাকে দেখতে পায় এবং আপনার খুতবা তাদের শুনাতে পারেন। তিনি বলেন, হাঁ। তখন ঐ ব্যক্তি তাঁর জন্য তিন ধাপবিশিষ্ট একটি মিম্বার তৈরি করেন। এটি ছিল সবচাইতে উঁচু মিম্বার। মিম্বারটি বানানো হলে তাঁরা তা যথাস্থানে স্থাপন করেন।রাসূলুল্লাহ (ﷺ) মিম্বারে উঠে খুতবা দেয়ার ইচ্ছা করলেন। তিনি ঐ খুঁটির পাশ দিয়ে যাওয়ার সময় তা চিৎকার দিয়ে কেঁদে উঠে। ফলে তা ফেটে যায়। রাসূলুল্লাহ (ﷺ) শুকনো খেজুর গাছের কান্নার শব্দ শুনে নেমে আসেন এবং তাতে নিজ হাত বুলিয়ে দেন। ফলে তা শান্ত হয়ে যায়। তারপর তিনি মিম্বারে ফিরে যান। এরপর যখন তিনি সালাত আদায় করতেন তখন ঐ খুঁটির দিকে রোখ করে সালাত আদায় করতেন। অতঃপর মসজিদ যখন (সংস্কারের জন্য) ভাঙ্গা হলো, তখন উবাই বিন কা’ব (রাঃ) খুঁটিটি নিয়ে তাঁর ঘরে রাখেন। অবশেষে উইপোকা তা খেয়ে ফেলে এবং ফলে তা ধ্বংসাবশেষে পরিণত হয়।
[১৪১৪] আহমাদ ২০৭৬১, ২০৭৪৫; দারিমী ৩৬। তাহক্বীক্ব আলবানী: হাসান।
সুনানে ইবনে মাজাহ হাদিস ১৪১৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর মিম্বার এবং খেজুর গাছের খুঁটির ঘটনা এসেছে। মসজিদ তখন ছাপড়ার ছিল। নবী (صلى الله عليه وسلم) খেজুর গাছের একটি খুঁটির পাশে দাঁড়িয়ে সালাত পড়তেন এবং সেটির পাশে খুতবা দিতেন। পরে সাহাবীদের একজন তিন ধাপের মিম্বার তৈরি করেন, যাতে মানুষ নবীজিকে দেখতে পায় এবং খুতবা শুনতে পারে। মিম্বারে ওঠার সময় নবীজি পুরনো খুঁটির পাশ দিয়ে গেলে সেটি চিৎকার দিয়ে কেঁদে ওঠে। তিনি নেমে এসে হাতে বুলিয়ে দিলে তা শান্ত হয়। এই ঘটনা নবী (صلى الله عليه وسلم)-এর প্রতি ভালোবাসা এবং তাঁর কোমল আচরণের এক গভীর শিক্ষা দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- নবী (صلى الله عليه وسلم)-এর খুতবা শুনতে মানুষের সুবিধার জন্য মিম্বার বানানো হয়েছিল।
- পুরনো খেজুর খুঁটির কান্নার ঘটনা হাদিসে এসেছে।
- রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) হাত বুলিয়ে খুঁটিকে শান্ত করেন।
- নবীজির প্রতি ভালোবাসা ও সম্মান এই ঘটনায় স্পষ্টভাবে দেখা যায়।
