৬/৬৫. অধ্যায়ঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর ইনতিকাল ও তার কাফন-দাফন।
সুনানে ইবনে মাজাহ : ১৬২৭
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৬২৭
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرٍ عَنْ ابْنِ أَبِي مُلَيْكَةَ عَنْ عَائِشَةَ قَالَتْ لَمَّا قُبِضَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم وَأَبُو بَكْرٍ عِنْدَ امْرَأَتِهِ ابْنَةِ خَارِجَةَ بِالْعَوَالِي فَجَعَلُوا يَقُولُونَ لَمْ يَمُتْ النَّبِيُّ صلى الله عليه وسلم إِنَّمَا هُوَ بَعْضُ مَا كَانَ يَأْخُذُهُ عِنْدَ الْوَحْيِ فَجَاءَ أَبُو بَكْرٍ فَكَشَفَ عَنْ وَجْهِهِ وَقَبَّلَ بَيْنَ عَيْنَيْهِ وَقَالَ «أَنْتَ أَكْرَمُ عَلَى اللهِ مِنْ أَنْ يُمِيتَكَ مَرَّتَيْنِ قَدْ وَاللهِ مَاتَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم وَعُمَرُ فِي نَاحِيَةِ الْمَسْجِدِ يَقُولُ وَاللهِ مَا مَاتَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم وَلَا يَمُوتُ حَتَّى يَقْطَعَ أَيْدِيَ أُنَاسٍ مِنْ الْمُنَافِقِينَ كَثِيرٍ وَأَرْجُلَهُمْ فَقَامَ أَبُو بَكْرٍ فَصَعِدَ الْمِنْبَرَ فَقَالَ مَنْ كَانَ يَعْبُدُ اللهَ فَإِنَّ اللهَ حَيٌّ لَمْ يَمُتْ وَمَنْ كَانَ يَعْبُدُ مُحَمَّدًا فَإِنَّ مُحَمَّدًا قَدْ مَاتَ {وَمَا مُحَمَّدٌ إِلَّا رَسُولٌ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ أَفَإِنْ مَاتَ أَوْ قُتِلَ انْقَلَبْتُمْ عَلَى أَعْقَابِكُمْ وَمَنْ يَنْقَلِبْ عَلَى عَقِبَيْهِ فَلَنْ يَضُرَّ اللهَ شَيْئًا وَسَيَجْزِي اللهُ الشَّاكِرِينَ}» قَالَ عُمَرُ فَلَكَأَنِّي لَمْ أَقْرَأْهَا إِلَّا يَوْمَئِذٍ.
আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, যখন রসূলুল্লাহ (ﷺ) ইনতিকাল করেন তখন আবু বকর (রাঃ) আওয়ালী নামক স্থানে তার স্ত্রী বিনতে খারিজার ঘরে ছিলেন। লোকজন বলতে লাগলো, নবী (ﷺ) ইনতিকাল করেননি, বরং ওহী নাযিলের সময় তার যে অবস্থা হতো, এটা তাই।ইতোমধ্যে আবু বকর (রাঃ) এসে তার মুখমণ্ডল থেকে কাপড় সরিয়ে তার দুই চোখের মাঝখানে চুমু দিয়ে বলেন, আপনি দ্বিতীয়বার মারা যাবেন না। আপনি আল্লাহর কাছে অধিক সম্মানিত। আল্লাহর শপথ! রসূলুল্লাহ (ﷺ) অবশ্যই ইনতিকাল করেছেন।উমর (রাঃ) তখন মসজিদের এক কোণ থেকে বলছিলেন, আল্লাহর শপথ! রসূলুল্লাহ (ﷺ) ইনতিকাল করেন নি। আর তিনি ব্যাপকভাবে মুনাফিকদের শক্তি খর্ব না করা পর্যন্ত ইনতিকাল করবেন না।তখন আবু বকর (রাঃ) মিম্বারে উঠে দাঁড়িয়ে বলেন, যে ব্যক্তি আল্লাহর ইবাদত করতো সে যেন মনে রাখে, আল্লাহ চিরঞ্জীব, তিনি কখনও মরবেন না। আর যে ব্যক্তি মুহাম্মদের ইবাদত করতো সে জেনে রাখুক, মুহাম্মদ তো ইনতিকাল করেছেন। "মুহাম্মদ একজন রসূল মাত্র, তার পূর্বে অনেক রসূল গত হয়েছে। সুতরাং যদি সে মারা যায় অথবা সে শহীদ হয়, তবে কি তোমরা পৃষ্ঠ প্রদর্শন করবে? কেউ পৃষ্ঠ প্রদর্শন করলে সে কখনও আল্লাহর ক্ষতি করতে পারবে না, বরং আল্লাহ অচিরেই কৃতজ্ঞদের পুরস্কৃত করবেন" (সূরা আল ইমরান: ১৪৪)। উমর (রাঃ) বলেন, আমার মনে হলো, আমি যেন এ আয়াত আজই পড়ছি।
[১৬২৫] সহীহুল বুখারী ১২৪২, ৩৬৭০, ৪৪৫৪, ৪৪৫৭, ৫৭১২, নাসায়ী ১৮৩৯, ১৮৪০, ১৮৪১, আহমাদ ২৪৩৪২, ২৭৮০৭ তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবী আব্দুর রহমান বিন আবু বকর সম্পর্কে আহমাদ বিন হাম্বল ও ইমাম বুখারী বলেন, তিনি হাদিস বর্ণনায় মুনকার। ইয়াহইয়া বিন মাঈন তাকে দুর্বল বলেছেন। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি সিকাহ নন। ইবনু খিরাশ তাকে দুর্বল বলে আখ্যায়িত করেছেন। মুহাম্মাদ বিন সা'দ বলেন, তার থেকে বর্ণিত একাধিক দুর্বল হাদিস রয়েছে।।
