২০/২৭. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ২৫৯৪ - ফল ও মাথির চুরিতে হদ্দ নেই
ফল ও গাছের মাথি চুরির অপরাধে হাত কর্তন করা যাবে না
ফল ও মাথি চুরির ক্ষেত্রে হাত না কাটার শিক্ষা
সুনানে ইবনে মাজাহ : ২৫৯৪
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৫৯৪
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا سَعْدُ بْنُ سَعِيدٍ الْمَقْبُرِيُّ، عَنْ أَخِيهِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ «لاَ قَطْعَ فِي ثَمَرٍ وَلاَ كَثَرٍ» .
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ ফল ও মাথি চুরির অপরাধে হাত কাটা যাবে না।
[২৫৯৪] হাদিসটি ইমাম ইবনু মাজাহ এককভাবে বর্ণনা করেছেন। ইরওয়া ৮/৭৩। তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবী সা'দ বিন সাঈদ আল-মাকবুরী সম্পর্কে আবু বাকর আল-বাযযার বলেন, তিনি যাচাই-বাচাই ছাড়া হাদিস গ্রহন করেন ও তা বর্ণনা করেন। সুফইয়ান বিন উয়াইনাহ বলেন, তিনি কাদারিয়্যা মতাবলম্বী। ইয়াহইয়া বিন মাঈন ও তাহরীরু তাকরীবুত তাহযীব এর লেখক বলেন, তিনি দুর্বল। (তাহযীবুল কামালঃ রাবী নং ২২০৭, ১০/২৬১ নং পৃষ্ঠা) ২. আবদুল্লাহ বিন সাঈদ আল-মাকবুরী সম্পর্কে ইয়াহইয়া বিন সাঈদ আল কাত্তান বলেন, আমি তার মজলিসে বসে জানতে পেরেছি যে, তার মাঝে মিথ্যাবাদিতা রয়েছে। আহমাদ বিন হাম্বল বলেন, তার হাদিস প্রত্যাখ্যানযোগ্য। ইবনু মাঈন বলেন, তিনি সিকাহ নন। ইমাম বুখারী তাকে প্রত্যাখ্যান করেছেন। আবু যুরআহ তাকে দুর্বল সাব্যস্ত করেছেন। আমর ইবনুল ফাল্লাস তাকে প্রত্যাখ্যান করেছেন। উক্ত হাদিসটি শাহিদ এর ভিত্তিতে সহিহ। (তাহযীবুল কামালঃ রাবী নং ৩৩০৫, ১৫/৩১ নং পৃষ্ঠা) উক্ত হাদিসটি সহিহ কিন্তু সা'দ বিন সাঈদ আল-মাকবুরী ও আবদুল্লাহ বিন সাঈদ আল-মাকবুরী এর কারণে সানাদটি খুবই দুর্বল। হাদিসটির ১২৫ টি শাহিদ হাদিস রয়েছে, তন্মধ্যে ৩ টি জাল, ৫১ টি খুবই দুর্বল, ৫৭ টি দুর্বল, ১০ টি হাসান, ৪ টি সহিহ হাদিস পাওয়া যায়। তন্মধ্যে উল্লেখযোগ্য হলঃ তিরমিযি ১৪৪৯, আবু দাউদ ৪৩৮৮, দারিমী ২৩০৪, ২৩০৫, ২৩০৬, ২৩০৮, ২৩০৯, আহমাদ ১৫৩৭৭, ১৫৩৮৭, ১৬৮০৯, ১২৮৩০।
সুনানে ইবনে মাজাহ হাদিস ২৫৯৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে আবূ হুরাইরাহ (রাঃ) থেকে একই অর্থের বর্ণনা এসেছে—ফল ও মাথি চুরির অপরাধে হাত কাটা যাবে না। এটি আগের বর্ণনার সাথে মিল রেখে চুরির হদ্দের একটি নির্দিষ্ট সীমা বোঝায়। ফল বা গাছের মাথার কচি অংশ নেওয়ার বিষয়টি হাদিসে আলাদা করে উল্লেখ করা হয়েছে। তাই চুরির বিধান নিয়ে কথা বলতে গেলে সব ধরনের সম্পদ নেওয়াকে একই শাস্তির আওতায় ফেলা ঠিক নয়। তবে এই হাদিস অন্যের ফল নেওয়াকে অনুমোদন করছে না; বরং হাত কাটার হদ্দ নেই—এ কথাই বলছে। মূল শিক্ষা হলো, অপরাধের ধরন বুঝে বিচার করা এবং অন্যের সম্পদের প্রতি সতর্ক থাকা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ফল ও মাথি চুরিতে হাত কাটার হদ্দ নেই বলা হয়েছে।
- অপরাধের ধরন আলাদা করে বোঝা জরুরি।
- অন্যের সম্পদ বা ফল নেওয়া থেকে বিরত থাকা উচিত।
- চুরির শাস্তি বুঝতে হাদিসের নির্দিষ্ট ভাষা গুরুত্বপূর্ণ।
