১/৬. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ২৮২ - ওজুতে গুনাহ ঝরে যাওয়ার শিক্ষা
পবিত্রতা অর্জনের প্রতিফল
ওজুর ফজিলত: অঙ্গ ধোয়ার সাথে গুনাহ ঝরে যাওয়ার হাদিস
সুনানে ইবনে মাজাহ : ২৮২
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৮২
حَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنِي حَفْصُ بْنُ مَيْسَرَةَ، حَدَّثَنِي زَيْدُ بْنُ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ الصُّنَابِحِيِّ، عَنْ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ " مَنْ تَوَضَّأَ فَمَضْمَضَ وَاسْتَنْشَقَ خَرَجَتْ خَطَايَاهُ مِنْ فَمِهِ وَأَنْفِهِ فَإِذَا غَسَلَ وَجْهَهُ خَرَجَتْ خَطَايَاهُ مِنْ وَجْهِهِ حَتَّى تَخْرُجَ مِنْ تَحْتِ أَشْفَارِ عَيْنَيْهِ فَإِذَا غَسَلَ يَدَيْهِ خَرَجَتْ خَطَايَاهُ مِنْ يَدَيْهِ فَإِذَا مَسَحَ رَأْسَهُ خَرَجَتْ خَطَايَاهُ مِنْ رَأْسِهِ حَتَّى تَخْرُجَ مِنْ أُذُنَيْهِ فَإِذَا غَسَلَ رِجْلَيْهِ خَرَجَتْ خَطَايَاهُ مِنْ رِجْلَيْهِ حَتَّى تَخْرُجَ مِنْ تَحْتِ أَظْفَارِ رِجْلَيْهِ وَكَانَتْ صَلاَتُهُ وَمَشْيُهُ إِلَى الْمَسْجِدِ نَافِلَةً " .
আবদুল্লাহ্ আস-সুনাবিহী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেন, যে ব্যক্তি ওযু করে কুলি করলো এবং নাকে পানি পৌঁছালো, তার গুনাহসমূহ তার মুখ ও নাক থেকে বের হয়ে যায়। সে তার মুখমণ্ডল ধৌত করলে তার গুনাহসমূহ তার মুখমণ্ডল থেকে বের হয়ে যায়, এমনকি তার দু’ চোখের ভ্রুর নিম্নাংশ থেকেও গুনাহসমূহ বেরিয়ে যায়। সে তার উভয় হাত ধৌত করলে তার দু’ হাত থেকে গুনাহসমূহ বেরিয়ে যায়। সে তার মাথা মাসহ করলে তার মাথা থেকে গুনাহসমূহ বের হয়ে যায়, এমনকি তার দু’ কান থেকেও গুনাহসমূহ বের হয়ে যায়। সে তার উভয় পা ধৌত করলে পদদ্বয় থেকেও গুনাহসমূহ ঝরে যায়, এমনকি তার পদদ্বয়ের নখের নিম্নভাগ থেকেও গুনাহ্ বের হয়ে যায়। এরপর তার সালাত ও তার মসজিদে যাতায়াতের সওয়াব (উল্লিখিত বিষয়ের) অতিরিক্ত।
[২৮০] নাসায়ী ১০৩, আহমাদ ১৮৫৮৫, ১৮৮৯; মুওয়াত্ত্বা মালিক ৬২। তাহকিক আলবানী: সহিহ। তাখরীজ আলবানী: সহিহ তারগিব ১/৭৬/১৮০।
সুনানে ইবনে মাজাহ হাদিস ২৮২-এর সারসংক্ষেপ
এই হাদিসে ওজুর ফজিলত খুব বিস্তারিতভাবে বলা হয়েছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, কেউ ওজু করে কুলি করলে এবং নাকে পানি পৌঁছালে তার গুনাহ মুখ ও নাক থেকে বের হয়ে যায়। মুখ ধুলে মুখমণ্ডল থেকে, এমনকি চোখের ভ্রুর নিচ থেকেও গুনাহ বের হয়। হাত ধুলে হাত থেকে, মাথা মাসেহ করলে মাথা ও কান থেকেও গুনাহ বের হয়। পা ধুলে পা থেকে, এমনকি পায়ের নখের নিচ থেকেও গুনাহ বের হয়। এরপর সালাত ও মসজিদে যাতায়াতের সাওয়াব আলাদা। এই হাদিস ওজুকে শুধু শারীরিক পবিত্রতা নয়, গুনাহ মাফের একটি বড় সুযোগ হিসেবে তুলে ধরে। তাই ওজু করা উচিত মনোযোগ দিয়ে, যত্ন নিয়ে এবং আল্লাহর রহমতের আশা নিয়ে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ওজুর প্রতিটি ধাপে গুনাহ ঝরে যাওয়ার কথা হাদিসে এসেছে।
- কুলি, নাকে পানি, মুখ, হাত, মাথা ও পা ধোয়া ওজুর গুরুত্বপূর্ণ অংশ।
- ওজুর পর সালাত ও মসজিদে যাতায়াতের সাওয়াব অতিরিক্ত।
- ওজু করার সময় মনোযোগ ও যত্ন রাখা উচিত।
