৫/২৬. অধ্যায়ঃ
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৩৪৮ - সালাতের পর ৩৩ বার যিকর
সালাত আদায়ের পর দোয়া পাঠ মুস্তাহাব এবং তার পদ্ধতি।
সালাতের পর ৩৩ বার তাসবীহ, তাহমীদ ও তাকবীরের ফজিলত
আল-লু'লু ওয়াল মারজান : ৩৪৮
আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৩৪৮
حديث أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، قَالَ: جَاءَ الْفُقَرَاءِ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالُوا: ذَهَبَ أَهْلُ الدُّثُورِ مِنَ الأَمْوالِ بِالدَّرَجَاتِ الْعُلاَ وَالنَّعِيمِ الْمُقِيمِ، يُصَلُّونَ كمَا نُصَلِّي وَيَصُومُونَ كَمَا نَصُومُ، وَلَهُم فَضْلٌ مِنْ أَمْوَالٍ يَحُجُّونَ بِهَا وَيَعْتَمِرُونَ، وَيُجَاهِدُونَ وَيَتَصَدَّقُونَ قَالَ: أَلاَ أُحَدِّثكُمْ بِمَا إِنْ أَخَذْتُمْ بِهِ أَدْرَكْتُمْ مَنْ سَبَقَكُمْ وَلَمْ يُدْرِكْكُمْ أَحَدٌ بَعْدَكُمْ، وَكُنْتُمْ خَيْرَ مَنْ أَنْتُمْ بَيْنَ ظَهْرَانَيْهِمْ، إِلاَّ مَنْ عَمِلَ مِثْلَهُ تُسبِّحُونَ وَتَحْمَدُونَ وَتكبِّرُونَ خَلْفَ كُلِّ صَلاَةٍ ثَلاَثًا وَثَلاَثِينَ، فَاخْتَلَفْنَا بَيْنَنَا، فَقَالَ بَعْضُنَا نُسَبِّحُ ثَلاَثًا وَثَلاَثِينَ وَنَحْمَدُ ثَلاَثًا وَثَلاَثِينَ وَنكَبِّرُ أَرْبَعًا وَثَلاَثِينَ فَرَجَعْتُ إِلَيْهِ فَقَالَ: تَقُولُ: سُبْحَانَ اللهِ وَالْحَمْدُ للهِ وَاللهُ أَكْبَرُ، حَتَّى يَكُونَ مِنْهُنَّ كُلِّهِنَّ ثَلاَثًا وَثَلاَثِينَ
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
দরিদ্রলোকেরা নবী (ﷺ)-এর নিকট এসে বললেন, সম্পদশালী ও ধনী ব্যক্তিরা তাদের সম্পদের দ্বারা উচ্চমর্যাদা ও স্থায়ী আবাস লাভ করছেন, তাঁরা আমাদের মত সালাত আদায় করছেন, আমাদের মত সিয়াম পালন করছেন এবং অর্থের দ্বারা হজ্জ, উমরা, জিহাদ ও সদাকাহ করার মর্যাদাও লাভ করছেন। এ শুনে তিনি বললেন, আমি কি তোমাদের এমন কিছু কাজের কথা বলব, যা তোমরা করলে, যারা নেক কাজে তোমাদের চেয়ে অগ্রগামী হয়ে গেছে, তাদের সমপর্যায়ে পৌঁছতে পারবে। তবে যারা পুনরায় এ ধরনের কাজ করবে তাদের কথা স্বতন্ত্র। তোমরা প্রত্যেক সালাতের পর তেত্রিশ বার করে তাসবীহ্ (সুবহানাল্লাহ্), তাহ্মীদ (আলহামদু ল্লিল্লাহ্) এবং তাকবির (আল্লাহু আকবার) পাঠ করবে।(এ বিষয়টি নিয়ে) আমাদের মধ্যে মতানৈক্য সৃষ্টি হলো। কেউ বলল, আমরা তেত্রিশ বার তাসবীহ্ পড়ব, তেত্রিশ বার তাহ্মীদ আর চৌত্রিশ বার তাকবির পড়ব। অতঃপর আমি তাঁর নিকট ফিরে গেলাম। তিনি বললেন, سُبْحَانَ اللهِ وَالْحَمْدُ لِلَّهِ وَاللهُ أَكْبَرُ বলবে, যাতে সবগুলোই তেত্রিশবার ক’রে হয়ে যায়।
সহীহুল বুখারী, পর্ব ১০ : আযান, অধ্যায় ১৫৫, হাঃ ৮৪৩; মুসলিম, পর্ব ৫ : মসজিদ ও সালাতের স্থানসমূহের বর্ণনা, অধ্যায় ২৬, হাঃ ৫৯৫
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৩৪৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে দরিদ্র সাহাবাদের একটি সুন্দর ঘটনা এসেছে। তাঁরা নবীজি (صلى الله عليه وسلم)-এর কাছে বলেন, ধনী লোকেরা সালাত ও রোজা তো করছেনই, পাশাপাশি সম্পদের মাধ্যমে হজ্জ, উমরা, জিহাদ ও সদাকাহর সুযোগও পাচ্ছেন। তখন নবীজি (صلى الله عليه وسلم) তাঁদের এমন একটি আমল শেখালেন যা তাঁরা প্রত্যেক সালাতের পর করতে পারেন: তাসবীহ, তাহমীদ ও তাকবীর তেত্রিশবার করে বলা। পরে গণনা নিয়ে কথা হলে তিনি বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ ও আল্লাহু আকবার বলবে, যাতে সবগুলো তেত্রিশবার করে হয়। এই হাদিস দেখায়, যিকর এমন এক আমল যা সম্পদ ছাড়াও করা যায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সালাতের পর তাসবীহ, তাহমীদ ও তাকবীরের বিশেষ আমল রয়েছে।
- সৎ আমলের দরজা শুধু সম্পদের উপর নির্ভর করে না।
- সাহাবারা নেক কাজে এগিয়ে থাকার বিষয়ে আগ্রহী ছিলেন।
