১১/১০. অধ্যায়ঃ
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৫৪০ - শোকের সময় বিলাপ বন্ধ করার নির্দেশ
অধিক আর্তনাদ করা।
শোক আছে, বিলাপ নয়: মুতার শহীদদের সংবাদে নবী (صلى الله عليه وسلم)-এর শিক্ষা
আল-লু'লু ওয়াল মারজান : ৫৪০
আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৫৪০
حديث عَائِشَةَ، قَالَتْ: لَمَّا جَاءَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَتْلُ ابْنِ حَارِثَةَ وَجَعْفَرٍ وَابْنِ رَوَاحَةَ، جَلَسَ يُعْرَفُ فِيهِ الْحُزْنُ، وَأَنَا أَنْظُرُ مِنْ صَائرِ الْبَابِ، شَقِّ الْبَابِ؛ فَأَتَاهُ رَجُلٌ فَقَالَ: إِنَّ نِسَاءَ جَعْفَرٍ، وَذَكَرَ بُكَاءَهُنَّ فَأَمَرَهُ أَنْ يَنْهَاهُنَّ، فَذَهَبَ، ثُمَّ أَتَاهُ الثَّانِيَةَ، لَمْ يُطِعْنَهُ، فَقَالَ: أنْهَهُنَّ فَأَتَاهُ الثَّالِثَةَ، قَالَ: وَاللهِ غَلَبْنَنَا يَا رَسُولَ اللهِ فَزَعَمَتْ أَنَّه قَالَ: فَاحْثُ فِي أَفْوَاهِهِنَّ التُّرَابَ فَقُلْتُ: أَرْغَمَ اللهُ أَنْفَكَ، لَمْ تَفْعَلْ مَا أَمَرَكَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَلَمْ تَتْرُكْ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ الْعَنَاءِ
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
যখন (মুতা-র যুদ্ধ ক্ষেত্র হতে) নবী (ﷺ)-এর খিদমতে (যায়দ) ইব্নু হারিসা, জা‘ফর ও ইব্নু রাওয়াহা (রাঃ)-এর শাহাদাতের খবর পৌঁছল, তখন তিনি (এমনভাবে) বসে পড়লেন যে, তাঁর মধ্যে দুঃখের চিহ্ন ফুটে উঠেছিল। আমি (‘আয়িশা (রাঃ)] দরজার ফাঁক দিয়ে তা প্রত্যক্ষ করছিলাম।এক ব্যক্তি সেখানে উপস্থিত হয়ে জা‘ফর (রাঃ)-এর পরিবারের মহিলাদের কান্নাকাটির কথা উল্লেখ করলেন। নবী (ﷺ) ঐ ব্যক্তিকে নির্দেশ দিলেন, তিনি যেন তাদেরকে (কান্নাকাটি করতে) নিষেধ করেন, লোকটি চলে গেলো এবং দ্বিতীয়বার এসে (বলল) তারা তাঁর কথা মানেনি। তিনি ইরশাদ করলেনঃ তাদেরকে নিষেধ করো। ঐ ব্যক্তি তৃতীয়বার এসে বললেন, আল্লাহ্র কসম! হে আল্লাহ্র রাসূল! তারা আমাদের হার মানিয়েছে।‘আয়িশাহ্ (রাঃ) বলেন, আমার মনে হয়, তখন নবী (ﷺ) বিরক্তির সাথে বললেনঃ তাহলে তাদের মুখে মাটি নিক্ষেপ কর। ‘আয়িশাহ্ (রাঃ) বলেন, আমি বললাম, আল্লাহ্ তোমার নাকে ধূলি মিলিয়ে দেন। তুমি আল্লাহর রাসূল (ﷺ)-এর নির্দেশ পালন করতে পারনি। অথচ তুমি আল্লাহর রাসূল (ﷺ)-কে বিরক্ত করতেও দ্বিধা করোনি।
সহীহুল বুখারী, পর্ব ২৩: জানাযা, অধ্যায় ৪১, হাঃ ১২৯১; মুসলিম, পর্ব ১১: জানাযা, অধ্যায় ৯, হাঃ ৯৩৩
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৫৪০-এর সারসংক্ষেপ
এই হাদিসে মুতার যুদ্ধে যায়দ ইবনু হারিসা, জা‘ফর ও ইবনু রাওয়াহা (রাঃ)-এর শাহাদাতের সংবাদ আসার পরের ঘটনা এসেছে। নবী (صلى الله عليه وسلم) দুঃখের চিহ্নসহ বসে পড়েন। অর্থাৎ শোক ও দুঃখ থাকা স্বাভাবিক। এরপর একজন এসে জা‘ফর (রাঃ)-এর পরিবারের মহিলাদের কান্নাকাটির কথা জানালে নবী (صلى الله عليه وسلم) তাঁদের নিষেধ করতে বলেন। লোকটি বারবার গিয়ে জানায় তারা মানছে না। শেষে কঠোর ভঙ্গিতে তাদের মুখে মাটি নিক্ষেপ করার কথা বলা হয়। হাদিসটি দেখায়, শোকের কষ্ট স্বাভাবিক হলেও বিলাপ ও সীমা ছাড়ানো কান্না থামানো দরকার।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- শোকের দুঃখ স্বাভাবিক, কিন্তু বিলাপ থামাতে বলা হয়েছে।
- নবী (صلى الله عليه وسلم) শহীদদের সংবাদে দুঃখ প্রকাশ করেছেন।
- পরিবারের কান্নাকাটি সীমা ছাড়ালে নিষেধ করা দরকার।
- শোকের সময় নবী (صلى الله عليه وسلم)-এর নির্দেশ মানা গুরুত্বপূর্ণ।
