১৬/১২. অধ্যায়ঃ
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৮৯৮ - কুরআন মুখস্থের বিনিময়ে বিয়ে
মাহর- ৫০০ দিরহাম নির্ধারণ করা মুস্তাহাব যে অন্যের ক্ষতি করতে চায় না। এটা কুরআন শিক্ষা, লোহার আংটি ইত্যাদি অল্প মূল্যের ও বেশি মূল্যের হওয়া জায়িজ।
কুরআন মুখস্থের বিনিময়ে বিয়ে: মোহর, সহজতা ও মর্যাদার শিক্ষা
আল-লু'লু ওয়াল মারজান : ৮৯৮
আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৮৯৮
حديث سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ أَنَّ امْرَأَةً جَاءَتْ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: يَا رَسُولَ اللهِ جِئْتُ لأَهَبَ لَكَ نَفْسِي، فَنَظَرَ إِلَيْهَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَصَعَّدَ النَّظَرَ إِلَيْهَا وَصَوَّبَهُ، ثُمَّ طَأْطَأَ رَأْسَهُ؛ فَلَمَّا رَأَتِ الْمَرْأَةُ أَنَّهُ لَمْ يَقْضِ فِيهَا شَيْئًا جَلَسَتْ فَقَامَ رَجُلٌ مِنْ أَصْحَابِهِ؛ فَقَالَ: يَا رَسُولَ اللهِ إِنْ لَمْ يَكُنْ لَكَ بِهَا حَاجَةٌ فَزَوِّجْنِيهَا فَقَالَ: هَلْ عِنْدَكَ مِنْ شَيْءٍ فَقَالَ: لاَ، وَاللهِ يَا رَسُولَ اللهِ قَالَ: اذْهَبْ إِلَى أَهْلِكَ فَانْظُرْ هَلْ تَجِدُ شَيْئًا فَذَهَبَ ثُمَّ رَجَعَ؛فَقَالَ؛ لاَ، وَاللهِ يَا رَسُولَ اللهِ، مَا وَجَدْتُ شَيْئًا قَالَ: انْظُرْ وَلَوْ خَاتَمًا مِنْ حَدِيدٍ فَذَهَبَ ثُمَّ رَجَعَ فَقَالَ: لاَ، وَاللهِ يَا رَسُولَ اللهِ، وَلاَ خَاتَمًا مِنْ حَدِيدٍ، وَلكِنْ هذَا إِزَارِي (قَالَ سَهْلٌ مَالَهُ رِدَاءٌ) فَلَهَا نِصْفُهُ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَا تَصْنَعُ بِإِزَارِكَ إِنْ لَبِسْتَهُ لَمْ يَكُنْ عَلَيْهَا مِنْهُ شَيْءٌ، وَإِنْ لَبِسَتْهُ لَمْ يَكُنْ عَلَيْكَ شَيْءٌ فَجَلَسَ الرَّجُلُ حَتَّى طَالَ مَجْلِسُهُ ثُمَّ قَامَ، فَرَآهُ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُوَلِّيًا فَأَمَرَ بِهِ فَدُعِيَ، فَلَمَّا جَاءَ، قَالَ: مَاذَا مَعَكَ مِنَ الْقُرْآنِ قَالَ: مَعِي سُورَةُ كَذَا وَسُورَةُ كَذَا وَسُورَة كَذَا؛ عَدَّهَا، قَالَ: أَتَقْرَؤُهُنَّ عَنْ ظَهْرِ قَلْبِكَ قَالَ: نَعَمْ قَالَ: اذْهَبْ فَقَدْ مَلَّكْتُكَهَا بِمَا مَعَكَ مِنَ الْقُرْآنِ
সাহল ইবনু সা'দ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কাছে এসে বলল, হে আল্লাহ্র রাসূল! আমি আমার জীবনকে আপনার জন্য দান করতে এসেছি। এরপর নবী (ﷺ) তার দিকে তাকিয়ে তার আপাদমস্তক অবলোকন করে মাথা নিচু করলেন। মহিলাটি যখন দেখল যে নবী (ﷺ) কোন ফয়সালা দিচ্ছেন না তখন সে বসে পড়ল। এমতাবস্থায় রাসূল (ﷺ)-এর সাহাবীদের একজন বলল, হে আল্লাহ্র রাসূল! যদি আপনার কোন প্রয়োজন না থাকে, তবে এ মহিলাটির সাথে আমার শাদী দিয়ে দিন। তিনি বললেন, তোমার কাছে কি কিছু আছে? সে বলল, হে আল্লাহ্র রাসূল! আল্লাহ্র কসম কিছুই নেই। তিনি বললেন, তুমি তোমার পরিবার-পরিজনদের কাছে ফিরে যাও এবং দেখ কিছু পাও কি-না!এরপর লোকটি চলে গেল এবং ফিরে এসে বলল, আল্লাহ্র কসম, হে আল্লাহ্র রাসূল! আমি কিছুই পেলাম না। নবী (ﷺ) বললেন, দেখ একটি লোহার আংটি হলেও! অতঃপর সে চলে গেল এবং ফিরে এসে বলল, আল্লাহ্র কসম, হে আল্লাহ্র রাসূল! একটি লোহার আংটিও পেলাম না; কিন্তু এই যে আমার তহবন্দ আছে। সাহ্ল (রাঃ) বলেন, তার কোন চাদর ছিল না। অথচ লোকটি বলল, আমার তহবন্দের অর্ধেক দিতে পারি। এ কথা শুনে রাসূল (ﷺ) বললেন, এ তহবন্দ দিয়ে কি হবে? যদি তুমি পরিধান কর, তাহলে মহিলাটির কোন আবরণ থাকবে না। আর যদি সে পরিধান করে, তোমার কোন আবরণ থাকবে না।লোকটি বসে পড়লো, অনেকক্ষণ সে বসে থাকল। এরপর উঠে দাঁড়াল। রাসূল (ﷺ) তাকে ফিরে যেতে দেখে তাকে ডেকে আনলেন। যখন সে ফিরে আসল, নবী (ﷺ) তাকে জিজ্ঞেস করলেনঃ তোমার কুরআনের কতটুকু মুখস্থ আছে? সে উত্তরে বলল, অমুক অমুক সূরা মুখস্থ আছে। সে এমনিভাবে একে একে উল্লেখ করতে থাকল। তখন নবী (ﷺ) তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি এ সকল সূরা মুখস্থ তিলাওয়াত করতে পার? সে উত্তর করল, হাঁ! তখন নবী (ﷺ) বললেন, যাও, তুমি যে পরিমাণ কুরআন মুখস্থ রেখেছ, তার বিনিময়ে এ মহিলাটির তোমার সঙ্গে শাদী দিলাম।
সহীহুল বুখারী, পর্ব ৬৬ : আল-কুরআনের ফাযীলাতসমূহ, অধ্যায় ২২, হাঃ ৫০৩০; মুসলিম, পর্ব ১৬ : নিকাহ বা বিবাহ, অধ্যায় ১৩, হাঃ ১৪২৫
অনুবাদের উৎস
- সংকলক:
- ইমাম বুখারি (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ)
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৮৯৮-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় হলো বিয়ে, মোহর এবং সহজতা। এক নারী রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর কাছে এসে নিজেকে তাঁর জন্য দান করার কথা বলেন। নবী صلى الله عليه وسلم কোনো সিদ্ধান্ত না দিলে এক সাহাবী তাঁকে বিয়ে করার ইচ্ছা জানান। নবী صلى الله عليه وسلم তাঁর কাছে কিছু আছে কি না জানতে চান। তিনি কিছুই পান না, এমনকি লোহার আংটিও নয়। তহবন্দ ভাগ করে দেওয়ার কথাও বাস্তবসম্মত হয় না, কারণ এতে কারও আবরণ থাকবে না। পরে নবী صلى الله عليه وسلم জিজ্ঞেস করেন, তাঁর কতটুকু কুরআন মুখস্থ আছে। তিনি কয়েকটি সূরার কথা বলেন এবং মুখস্থ তিলাওয়াত করতে পারেন জানান। তখন নবী صلى الله عليه وسلم তাঁর মুখস্থ কুরআনের বিনিময়ে সেই নারীর সাথে বিয়ে দেন। এখানে বিয়েতে সহজতা, আবরণ রক্ষা এবং কুরআনের মর্যাদা ফুটে উঠেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- বিয়েতে সামর্থ্য অনুযায়ী সহজতা রাখা হয়েছে।
- লোহার আংটির মতো সামান্য জিনিসও খোঁজার নির্দেশ এসেছে।
- আবরণ ও শালীনতার বিষয়টি গুরুত্ব পেয়েছে।
- কুরআন মুখস্থ থাকা এই ঘটনায় বিশেষ মর্যাদা পেয়েছে।
