৫/৩. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ১৬১৮-[৩] - মুসিবতের দোয়া ও উত্তম বিনিময়
মুমূর্ষু ব্যক্তির নিকট যা বলতে হয় - প্রথম অনুচ্ছেদ
মুসিবতের সময় পড়ার দোয়া ও ধৈর্যের শিক্ষা
মিশকাতুল মাসাবীহ : ১৬১৮-[৩]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৬১৮-[৩]
وَعَنْ أُمِّ سَلَمَةَ قَالَتْ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «مَا مِنْ مُسْلِمٍ تُصِيْبُه مُصِيْبَةٌ فَيَقُولُ مَا أَمَرَهُ اللّهُ بِه: ﴿إِنَّا لِلّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُوْنَ﴾ [البقرة 2 : 156]. اللّهُمَّ أَجِرْنِىْ فِىْ مُصِيْبَتِىْ وَاخْلُفْ لِىْ خَيْرًا مِّنْهَا إِلَّا أَخْلَفَ اللّهُ لَه خَيْرًا مِنْهَا». فَلَمَّا مَاتَ أَبُو سَلَمَةَ قَالَتْ: أَيُّ الْمُسْلِمِينَ خَيْرٌ مِنْ أَبِىْ سَلَمَةَ؟ أَوَّلُ بَيْتِ هَاجَرَ إِلى رَسُولِ اللّهِ ﷺ ثُمَّ إِنِّي قُلْتُهَا فَأَخْلَفَ اللّهُ لِىْ رَسُوْلَ اللّهِ ﷺ.رَوَاهُ مُسْلِمٌ
উম্মু সালামাহ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যখন কোন মুসলিম (কোন ছোট-বড়) বিপদে পতিত হয় এবং আল্লাহ তা’আলার ইচ্ছা হলে এ কথাগুলো বলে, “ইন্না-লিল্লা-হি ওয়া ইন্না-ইলায়হি র-জি’ঊন [অর্থাৎ “আমরা আল্লাহরই জন্য এবং তাঁরই কাছে আমাদের প্রত্যাবর্তন”-(সূরা আল বাক্বারাহ ২ : ১৫৬)]।“ আল্ল-হুম্মা আজির্নী ফী মুসীবাতি ওয়া ওয়াখলিফলী খয়রাম মিন্হা” (অর্থাৎ হে আল্লাহ! আমার বিপদের জন্য আমাকে সওয়াব দাও। আর [এ বিপদে] যা আমি হারিয়েছি তার জন্য উত্তম বিনিময় আমাকে দান করো) আল্লাহ তা’আলা তাকে এ জিনিসের উত্তম বিনিময় দান করেন।উম্মু সালামাহ্ (রাঃ) বলেন, যখন আবূ সালামাহ্ (অর্থাৎ তাঁর স্বামী) মারা গেলেন, আমি বললাম, “আবূ সালামাহ (রাঃ) হতে উত্তম কোন মুসলিম হতে পারে? এ আবূ সালামাহ্, যিনি সকলের আগে সপরিবারে রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে হিজরত করেছেন। তারপর আমি উপরোক্ত বাক্যগুলো পড়েছিলাম। বস্তুত আল্লাহ তা’আলা আমাকে আবূ সালামার স্থলে রাসূলুল্লাহ (ﷺ)-কে দান করেছেন (অর্থাৎ তাঁর সাথে উম্মু সালামার বিয়ে হয়েছে)। (মুসলিম)[১]
[১] সহীহ : মুসলিম ৯১৮, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৭১২৫, শারহুস্ সুন্নাহ্ ১৪৬৩, ইরওয়া ১৮১৯, সহীহ আল জামি‘আস্ সগীর ৫৭৬৪।
মিশকাতুল মাসাবীহ হাদিস ১৬১৮-[৩]-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم শিখিয়েছেন, কোনো মুসলিম বিপদে পড়লে সে আল্লাহর নির্দেশিত কথা বলবে—ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপর বলবে, হে আল্লাহ, আমার এই বিপদে আমাকে সওয়াব দাও এবং এর বদলে আমাকে উত্তম বিনিময় দাও। হাদিসে বলা হয়েছে, আল্লাহ তাকে উত্তম বিনিময় দান করেন। উম্মু সালামাহ রাদিয়াল্লাহু আনহা আবূ সালামাহর মৃত্যুর পর এই দোয়া পড়েন এবং আল্লাহ তাঁর জন্য রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-কে দান করেন। এই হাদিস মুসিবত, ধৈর্য, দোয়া ও আল্লাহর ওপর ভরসার শিক্ষা দেয়। বিপদে শুধু কষ্টের কথা নয়, আল্লাহর কাছে ফেরার কথাও মনে রাখতে হয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- বিপদে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলা উচিত।
- মুসিবতে সওয়াব ও উত্তম বিনিময়ের দোয়া করা শেখানো হয়েছে।
- ধৈর্য ও দোয়া বিপদের সময় মুমিনের আশ্রয়।
- কষ্টের মাঝেও আল্লাহর কাছে কল্যাণ চাইতে হয়।
