৩/১০. অধ্যায়ঃ
তায়াম্মুম - প্রথম অনুচ্ছেদ
تَيَمُّمٌ(তায়াম্মুম) শব্দের শাব্দিক অর্থ ইচ্ছা করা, মনস্থ করা। শার’ঈ পরিভাষায় সালাতের বৈধতার লক্ষ্যে মুখমণ্ডল এবং হস্তদ্বয় মাসাহ করার জন্য পবিত্র মাটির মনস্থ করা। এটি এ উম্মাতের জন্য নির্দিষ্ট। তবে তায়াম্মুম আবশ্যিক না ঐচ্ছিক, এ বিষয়ে মতবিরোধ রয়েছে। কেউ কেউ দু’টির মাঝে পার্থক্য করে বলেছেন পানি না পাওয়া গেলে আবশ্যিক, আর ওযর থাকলে ঐচ্ছিক।
মিশকাতুল মাসাবিহ : ৫২৯-[৪]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫২৯-[৪]
وَعَنْ اَبِي الْجُهَيْمِ بْنِ الْحَارِثِ بْنِ الْصِّمَّةِ قَالَ مَرَرْتُ عَلَى النَّبِىِّ ﷺ وَهُوَ يَبُوْلُ فَسَلَّمْتُ عَلَيْهِ فَلَمْ يَرُدَّ عَلى حَتّى قَامَ اِلى جِدَارٍ فَحَتَّه بِعَصًا كَانَتْ مَعَه ثُمَّ وَضَعَ يَدَيْهِ عَلَى الْجِدَارِ فَمَسَحَ وَجْهَه وَذِرَاعَيْهِ ثُمَّ رَدَّ عَلَىَّ. وَلَمْ اَجِدْ هذِهِ الرِّوَايَةَ فِى الصَّحِيْحَيْنِ وَلَا فِىْ كِتَابِ الْحُمَيْدِىِّ وَلكِنْ ذَكَرَه فِىْ شَرْحِ السُّنَّةِ وَقاَلَ هذَا حَدِيْثٌ حَسَنٌ
আবূ জুহায়ম ইবনুল হারিস ইবনুস্ সিম্মাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি নবী (ﷺ) এর কাছ দিয়ে যাচ্ছিলাম। তখন তিনি প্রস্রাব করছিলেন। আমি তাঁকে সালাম দিলাম, কিন্তু তিনি আমার সালামের উত্তর দিলেন না। পরে তিনি একটি দেয়ালের নিকট গিয়ে দাঁড়ালেন এবং তাকে নিজের লাঠি দিয়ে খোঁচা মাড়লেন। এর পর দেয়ালের উপর হাত মেরে নিজের চেহারা ও দু'হাত মাসাহ করলেন। অতঃপর আমার সালামের উত্তর দিলেন। মিশকাত সংকলক বলেন, আমি এই হাদিস বুখারী , মুসলিমে এবং হুমায়দীর গ্রন্থেও পাইনি। তবে তিনি এটি শারহুস সুন্নাহ্ গ্রন্থে উল্লেখ করেছেন এবং বলেছেন, এ হাদীসটি হাসান। [১]
[১] আমি (মুহাক্কিক্ব) এ শব্দে হাদীসটি পাইনি, এর মূলটি রয়েছে বুখারী (৩৩৭), মুসলিম (৩৬৯)।
