২৬/৪. অধ্যায়ঃ
তাওয়াক্কুল (আল্লাহর উপর ভরসা) ও সবর (ধৈর্যধারণ) প্রসঙ্গে - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৩০৪-[১০]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৩০৪-[১০]
عَن جَابر أَنَّهُ غَزَا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قبل نجد فَلَمَّا قَفَلَ مَعَهُ فَأَدْرَكَتْهُمُ الْقَائِلَةُ فِي وَادٍ كَثِيرِ الْعِضَاهِ فَنَزَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَتَفَرَّقَ النَّاسُ يَسْتَظِلُّونَ بِالشَّجَرِ فَنَزَلَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَحْتَ سَمُرَةٍ فَعَلَّقَ بِهَا سَيْفَهُ وَنِمْنَا نَوْمَةً فَإِذَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْعُونَا وَإِذَا عِنْدَهُ أَعْرَابِيٌّ فَقَالَ: إِنَّ هَذَا اخْتَرَطَ عَلَيَّ سَيْفِي وَأَنَا نَائِمٌ فَاسْتَيْقَظْتُ وَهُوَ فِي يَدِهِ صَلتا. قَالَ: مَا يَمْنَعُكَ مِنِّي؟ فَقُلْتُ: اللَّهُ ثَلَاثًا وَلَمْ يُعَاقِبْهُ وَجلسَ. مُتَّفق عَلَيْهِ متفق علیہ ، رواہ البخاری (2910) و مسلم (311 / 843)، (1949) ۔ (مُتَّفق عَلَيْهِ)
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
একবার তিনি নাজ্দ অভিমুখে এক যুদ্ধ অভিযানে নবী (ﷺ)- এর সঙ্গে ছিলেন। যখন রাসূলুল্লাহ (ﷺ) প্রত্যাবর্তন করলেন, তখন তিনিও তাঁর সঙ্গে প্রত্যাবর্তন করেন। (এ সময়ে] সহাবীগণ দ্বিপ্রহরের সময় কাঁটাযুক্ত বৃক্ষরাজিতে ঢাকা একটি উপত্যকায় পৌঁছেন। রাসূলুল্লাহ (ﷺ) ও সেখানে অবতরণ করেন। লোকজন ছায়ার জন্য বিভিন্ন গাছের নিচে ছড়িয়ে পড়ল। রাসূলুল্লাহ (ﷺ) একটি বাবলা গাছের নিচে অবতরণ করে তাতে নিজের তরবারিখানা ঝুলিয়ে রাখলেন। এদিকে আমরাও একটু শুয়ে পড়লাম। হঠাৎ রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে ডাকতে লাগলেন। আমরা গিয়ে দেখলাম- তাঁর নিকট এক বেদুঈন উপস্থিত রয়েছে। নবী (ﷺ) বললেন, আমি নিদ্রিত ছিলাম, এ লোকটি এ সুযোগে আমার ওপরে আমার তরবারিখানাই উত্তোলন করেছিল। আমি জাগ্রত হয়ে দেখলাম, তার হাতে কোষমুক্ত তরবারি রয়েছে এবং সে বলল, বল দেখি, আমার হাত হতে তোমাকে কে রক্ষা করবে? আমি বললাম, আল্লাহ তিনবার। এরপর তিনি (ﷺ) তাকে কোন শাস্তি দেননি এবং উঠে বসলেন।
সহীহ বুখারী ২৯১০, মুসলিম ৩১১-(৮৪৩), সহীহুল জামি ২২৪৩, সিলসিলাতুস সহীহাহ্ ৩৫৪৬, মুসনাদে আবদ ইবনু হুমায়দ ১০৯৬, মুসনাদে আহমাদ ১৪৩৭৪, আবূ ইয়া'লা ১৭৭৮, সহীহ ইবনু হিব্বান ২৮৮২, আস সুনানুল কুবরা লিন নাসায়ী ৮৭৭২, আল মু'জামুল কাবীর লিত্ব তবারানী ১২৮৩৯, আল মু'জামুল আওসাত্ব ৯১১২, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৬২৪৬।
