১/২. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৮ - ফরজ সালাত সাওম ও যাকাত
সলাতের বর্ণনা যা ইসলামের একটি রুকন
ফরজ আমল পালনের গুরুত্ব: সালাত, সাওম ও যাকাত
সহীহ মুসলিম : ৮
সহীহ মুসলিমহাদিস নম্বর ৮
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدِ بْنِ جَمِيلِ بْنِ طَرِيفِ بْنِ عَبْدِ اللَّهِ الثَّقَفِيُّ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، - فِيمَا قُرِئَ عَلَيْهِ - عَنْ أَبِي سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، أَنَّهُ سَمِعَ طَلْحَةَ بْنَ عُبَيْدِ اللَّهِ، يَقُولُ جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ ﷺ مِنْ أَهْلِ نَجْدٍ ثَائِرُ الرَّأْسِ نَسْمَعُ دَوِيَّ صَوْتِهِ وَلاَ نَفْقَهُ مَا يَقُولُ حَتَّى دَنَا مِنْ رَسُولِ اللَّهِ ﷺ فَإِذَا هُوَ يَسْأَلُ عَنِ الإِسْلاَمِ فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ " خَمْسُ صَلَوَاتٍ فِي الْيَوْمِ وَاللَّيْلَةِ " . فَقَالَ هَلْ عَلَىَّ غَيْرُهُنَّ قَالَ " لاَ . إِلاَّ أَنْ تَطَّوَّعَ وَصِيَامُ شَهْرِ رَمَضَانَ " . فَقَالَ هَلْ عَلَىَّ غَيْرُهُ فَقَالَ " لاَ . إِلاَّ أَنْ تَطَّوَّعَ " . وَذَكَرَ لَهُ رَسُولُ اللَّهِ ﷺ الزَّكَاةَ فَقَالَ هَلْ عَلَىَّ غَيْرُهَا قَالَ " لاَ . إِلاَّ أَنْ تَطَّوَّعَ " قَالَ فَأَدْبَرَ الرَّجُلُ وَهُوَ يَقُولُ وَاللَّهِ لاَ أَزِيدُ عَلَى هَذَا وَلاَ أَنْقُصُ مِنْهُ. فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ " أَفْلَحَ إِنْ صَدَقَ " .
তালহা ইবনু 'উবায়দুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
নাজ্দের বাসিন্দা এক ব্যক্তি রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর খিদমাতে আসলো। তার মাথার চুলগুলো ছিল এলোমেলো ও বিক্ষিপ্ত। আমরা তার গুন গুন আওয়াজ শুনছিলাম কিন্তু সে কী বলছিল তা বুঝা যাচ্ছিলো না। অতঃপর সে রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর অতি নিকটে এসে ইসলাম সম্পর্কে জিজ্ঞেস করল। রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ ‘দিন-রাতে পাঁচ ওয়াক্ত সালাত’। সে বলল, এ ছাড়া আমার কোন কিছু (সালাত) আছে কি? তিনি বললেন, না তবে নফল আদায় করতে পারো। আর রমাযান মাসের সিয়াম (ফরয)। সে বলল, এ ছাড়া আমার উপর আর কিছু (সিয়াম) আছে কি? তিনি বললেন, না, তবে নফল আদায় করতে পারো।এরপর রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাকে যাকাত প্রদানের কথাও বললেন। সে জিজ্ঞেস করলো, এ ছাড়া আমার উপর আরো কোন কর্তব্য আছে কি? তিনি বললেন, না। তবে নফল দান-সদাকাহ্ করতে পারো। [১৭] বর্ণনাকারী বলেন, এরপর লোকটি এ কথা বলতে বলতে চলে গেল, “আমি এর বেশিও করবো না, আর কমও করবো না।’ তখন রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, লোকটি যদি তার কথার সত্যতা প্রমাণ করতে পারে তাহলে সফলকাম হয়েছে।
[১] ফার্য ব্যতীত যে সব ‘আমাল করা হয়, তা ফার্যের পরিপূরক ও ‘আমালকারীর মর্যাদা বৃদ্ধি করে।ই.ফা. ৮; ই.সে. ৮
সহীহ মুসলিম হাদিস ৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে নাজদের একজন ব্যক্তি রসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কাছে এসে ইসলাম সম্পর্কে জানতে চান। উত্তরে নবী (صلى الله عليه وسلم) দিন-রাতে পাঁচ ওয়াক্ত সালাতের কথা বলেন। প্রশ্নকারী জানতে চান, এর বাইরে আর কোনো সালাত তার উপর আছে কি না। নবী (صلى الله عليه وسلم) বলেন, না; তবে নফল আদায় করা যেতে পারে। এরপর রমজানের সাওম ও যাকাতের কথাও আসে। প্রতিটি ক্ষেত্রেই ফরজের বাইরে নফল আমলের সুযোগ রাখা হয়েছে, কিন্তু বাধ্যতামূলক হিসেবে ফরজ আমলগুলোই উল্লেখ করা হয়েছে। লোকটি বলে যায়, সে এর বেশি করবে না, কমও করবে না। তখন রসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেন, সে সত্য হলে সফল হয়েছে। এই হাদিস ফরজ সালাত, রমজানের সাওম ও যাকাতের গুরুত্ব সহজভাবে তুলে ধরে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- পাঁচ ওয়াক্ত সালাত ইসলামের গুরুত্বপূর্ণ ফরজ আমল।
- রমজানের সাওম ও যাকাত মুসলিম জীবনের বড় দায়িত্ব।
- নফল আমল অতিরিক্ত কল্যাণের পথ, কিন্তু ফরজ বাদ দেওয়া যায় না।
- কথা ও আমলে সত্য থাকা সফলতার কারণ।
