২৯/১১. অধ্যায়ঃ
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১১৬৯ - খুলা তালাক ও বাগান ফেরত
খুলা [১] তালাকের বর্ণনা
[১] দাম্পত্য জীবন সুখের না হলে ঝগড়া বিবাদ লেগে থাকলে অথবা মনের মিল না হলে স্বামী তালাক দিতে রাযী না হলে অথবা অন্য কোন কারণে স্ত্রীর জন্য এটা বৈধ হবে যে, সে অর্থ অথবা মোহর স্বামীকে দিয়ে বলে আমাকে পরিত্যাগ কর, স্বামী যদি বলে আমি তোমাকে পরিত্যাগ করলাম, এর নাম খুলা।
খুলা তালাক: হাবীবা বিন্ত সাহল রা.-এর ঘটনা
মুয়াত্তা ইমাম মালিক : ১১৬৯
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১১৬৯
حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ عَنْ عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ أَنَّهَا أَخْبَرَتْهُ عَنْ حَبِيبَةَ بِنْتِ سَهْلٍ الْأَنْصَارِيِّ أَنَّهَا كَانَتْ تَحْتَ ثَابِتِ بْنِ قَيْسِ بْنِ شَمَّاسٍ وَأَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ إِلَى الصُّبْحِ فَوَجَدَ حَبِيبَةَ بِنْتَ سَهْلٍ عِنْدَ بَابِهِ فِي الْغَلَسِ فَقَالَ لَهَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ هَذِهِ فَقَالَتْ أَنَا حَبِيبَةُ بِنْتُ سَهْلٍ يَا رَسُولَ اللهِ قَالَ مَا شَأْنُكِ قَالَتْ لَا أَنَا وَلَا ثَابِتُ بْنُ قَيْسٍ لِزَوْجِهَا فَلَمَّا جَاءَ زَوْجُهَا ثَابِتُ بْنُ قَيْسٍ قَالَ لَهُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ هَذِهِ حَبِيبَةُ بِنْتُ سَهْلٍ قَدْ ذَكَرَتْ مَا شَاءَ اللهُ أَنْ تَذْكُرَ فَقَالَتْ حَبِيبَةُ يَا رَسُولَ اللهِ كُلُّ مَا أَعْطَانِي عِنْدِي.فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِثَابِتِ بْنِ قَيْسٍ خُذْ مِنْهَا فَأَخَذَ مِنْهَا وَجَلَسَتْ فِي بَيْتِ أَهْلِهَا
হাবীবা বিন্ত সাহল আনসারী (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি সাবিত ইবনু কায়স ইবনু সাম্মাসের স্ত্রী ছিলেন। একদিন রাসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের জন্য বের হলেন। এমন সময় হাবীবা বিন্ত সাহালকে প্রভাতে আপন গৃহের দ্বারে উপস্থিত পেলেন। রাসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে হে? তিনি বললেন : ইয়া রাসূলাল্লাহ্! আমি হাবীবা বিন্ত সাহল। রাসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন : কি ব্যাপার তোমার? তিনি বললেন : আমি আর আমার স্বামী সাবিত ইবনু কায়স-এর সঙ্গে একত্রে থাকতে চাই না।তাঁর স্বামী সাবিত ইবনু কায়স এলে রাসূলাল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে বললেন : হাবীবা বিন্ত সাহল আল্লাহর ইচ্ছায় তোমার বিষয়ে যা বলার বলেছে। হাবীবা বললেন : ইয়া রাসূলাল্লাহ্! সে যা আমাকে দিয়েছে উহা আমার নিকট রয়েছে। তারপর রাসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবিতকে উদ্দেশ্য করে বললেন : হাবীবা হতে (বাগান) গ্রহণ কর। সে তাঁর নিকট হতে উহা গ্রহণ করল এবং হাবীবা তাঁর পরিজনের কাছে চলে গেলেন।
(হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১১৬৯-এর সারসংক্ষেপ
এই হাদিসে হাবীবা বিন্ত সাহল (রা) ও সাবিত ইবনু কায়স (রা)-এর ঘটনা এসেছে। রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের জন্য বের হলে তিনি হাবীবাকে নিজের দরজায় পান। তিনি বলেন, তিনি আর স্বামী সাবিতের সঙ্গে একত্রে থাকতে চান না। স্বামী এলে রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিষয়টি জানান। হাবীবা বলেন, স্বামী তাকে যা দিয়েছিল, তা তার কাছে আছে। এরপর রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবিতকে বলেন, তা গ্রহণ কর। সাবিত তা গ্রহণ করেন এবং হাবীবা নিজের পরিবারের ঘরে চলে যান। এই হাদিস খুলা তালাক, স্বামীর দেওয়া সম্পদ ফেরত এবং দাম্পত্য বিচ্ছেদের একটি বাস্তব উদাহরণ তুলে ধরে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- স্ত্রী স্বামীর সঙ্গে থাকতে না চাইলে বিষয়টি পরিষ্কারভাবে জানাতে পারে—এ ঘটনা তা দেখায়।
- খুলার ক্ষেত্রে স্বামীর দেওয়া সম্পদ ফেরত দেওয়ার বিষয় এসেছে।
- রাসূলুল্লাহ সা. উভয় পক্ষের কথা শুনে সমাধান দিয়েছেন।
- দাম্পত্য সমস্যায় অন্যায় পথে না গিয়ে শরিয়তসম্মত পথে সমাধান খোঁজা দরকার।
