৫৩/৩. অধ্যায়ঃ
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৭৩১ - মজলিসে বসার আদব ও আল্লাহর দিকে আগমন
সালাম সম্বন্ধীয় বিভিন্ন হাদীস
মজলিসে বসার আদব: তিন ব্যক্তির ঘটনা থেকে শিক্ষা
মুয়াত্তা ইমাম মালিক : ১৭৩১
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১৭৩১
حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ إِسْحَقَ بْنِ عَبْدِ اللهِ بْنِ أَبِي طَلْحَةَ عَنْ أَبِي مُرَّةَ مَوْلَى عَقِيلِ بْنِ أَبِي طَالِبٍ عَنْ أَبِي وَاقِدٍ اللَّيْثِيِّأَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَمَا هُوَ جَالِسٌ فِي الْمَسْجِدِ وَالنَّاسُ مَعَهُ إِذْ أَقْبَلَ نَفَرٌ ثَلَاثَةٌ فَأَقْبَلَ اثْنَانِ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَذَهَبَ وَاحِدٌ فَلَمَّا وَقَفَا عَلَى مَجْلِسِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَلَّمَا فَأَمَّا أَحَدُهُمَا فَرَأَى فُرْجَةً فِي الْحَلْقَةِ فَجَلَسَ فِيهَا وَأَمَّا الْآخَرُ فَجَلَسَ خَلْفَهُمْ وَأَمَّا الثَّالِثُ فَأَدْبَرَ ذَاهِبًا فَلَمَّا فَرَغَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَلَا أُخْبِرُكُمْ عَنْ النَّفَرِ الثَّلَاثَةِ أَمَّا أَحَدُهُمْ فَأَوَى إِلَى اللهِ فَآوَاهُ اللهُ وَأَمَّا الْآخَرُ فَاسْتَحْيَا فَاسْتَحْيَا اللهُ مِنْهُ وَأَمَّا الْآخَرُ فَأَعْرَضَ فَأَعْرَضَ اللهُ عَنْهُ
আবূ ওয়াকিদ আল-লাইসী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ্ (ﷺ) মসজিদে বসে ছিলেন, আরও বহু লোক তাঁর সাথে ছিলেন। ইত্যবসরে তিন ব্যক্তিবিশিষ্ট একটি দল সেখানে আগমন করল। এদের মধ্যে দুইজন রাসূলুল্লাহ্ (ﷺ)-এর দিকে অগ্রসর হল এবং একজন চলে গেল (প্রত্যাবর্তন করল)। অতঃপর ঐ দুইজন রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট গিয়ে সালাম করল। তাদের একজন (সাহাবীগণের) হালকায় ফাঁকা স্থান পেয়ে সেখানে বসল এবং অপরজন তাঁদের পেছনে বসল। তৃতীয়জন তো আগেই চলে গিয়েছিল।অতঃপর রাসূলুল্লাহ্ (ﷺ) তা‘লীম হতে ফারিগ হলেন এবং বললেন আমি তোমাদেরকে এই (আগন্তুক) তিনজনের অবস্থা বলব কি? (অর্থাৎ নিশ্চয়ই বলব)। উহাদের একজন আল্লাহ্র কাছে আগমন করেছে। আল্লাহও তাকে স্থান দান করেছেন আর একজন লজ্জা করেছে (এবং মানুষকে কষ্ট দিয়ে ভিতরে প্রবেশ করেনি, বরং পিছনে রয়েছে) আল্লাহ্ তা‘আলাও লজ্জা করেছেন (এবং তার প্রতি রহম নাযিল করেছেন)। আর একজন ফিরে গিয়েছে অতঃপর আল্লাহ্ তা‘আলাও তার দিক হতে ফিরে গিয়েছেন।
(হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৭৩১-এর সারসংক্ষেপ
এই হাদিসে মসজিদের একটি শিক্ষামূলক মজলিসের ঘটনা এসেছে। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বসে ছিলেন এবং লোকজন তাঁর সঙ্গে ছিল। তিন ব্যক্তি এলো। দুজন এগিয়ে এসে সালাম দিল, আর একজন ফিরে গেল। দুজনের একজন হালকার ভেতর ফাঁকা জায়গা পেয়ে সেখানে বসল, আরেকজন পেছনে বসল। শিক্ষা শেষ হলে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম তিনজনের অবস্থা ব্যাখ্যা করলেন। একজন আল্লাহর দিকে আশ্রয় নিল, তাই আল্লাহ তাকে আশ্রয় দিলেন। আরেকজন লজ্জা করল, আল্লাহও তার প্রতি দয়া করলেন। আর যে ফিরে গেল, আল্লাহও তার দিক থেকে ফিরে গেলেন। এই হাদিসে জ্ঞান, সালাম, মজলিসের আদব ও সুযোগ পেলে ভাল কাজে এগিয়ে আসার শিক্ষা আছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ভাল মজলিসে সুযোগ পেলে আগ্রহ নিয়ে বসা উচিত।
- মানুষকে কষ্ট না দিয়ে পেছনে বসাও আদবের অংশ হতে পারে।
- ভাল কাজ থেকে মুখ ফিরিয়ে নেওয়ার ব্যাপারে সতর্ক থাকা উচিত।
