সফরে নামাজ সংক্ষিপ্ত করা
১৫/০. অধ্যায়ঃ
সফরে সলাত সংক্ষিপ্ত করা
সুনানে নাসাঈ : ১৪৩৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৪৩৩
أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ، قَالَ: أَنْبَأَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ ابْنِ أَبِي عَمَّارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بَابَيْهِ، عَنْ يَعْلَى بْنِ أُمَيَّةَ، قَالَ: قُلْتُ لِعُمَرَ بْنِ الْخَطَّابِ {لَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَنْ تَقْصُرُوا} مِنَ الصَّلَاةِ إِنْ خِفْتُمْ أَنْ يَفْتِنَكُمُ الَّذِينَ كَفَرُوا، فَقَدْ أَمِنَ النَّاسُ، فَقَالَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ: عَجِبْتُ مِمَّا عَجِبْتَ مِنْهُ، فَسَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ذَلِكَ، فَقَالَ: «صَدَقَةٌ تَصَدَّقَ اللَّهُ بِهَا عَلَيْكُمْ فَاقْبَلُوا صَدَقَتَهُ»
ইয়া’লা ইব্ন উমাইয়া (রহঃ) হতে বর্ণিতঃ
আমি উমর ইবনুল খাত্তাব (রাঃ)-কে বললাম, “যদি তোমাদের ভয় হয় যে, কাফিররা তোমাদের জন্যে ফিতনা সৃষ্টি করবে তবে সালাত সংক্ষিপ্ত করলে তোমাদের কোন দোষ নেই” (সূরা মারইয়াম ১৯:৪)। এখন তো মানুষ (কাফিরদের ফিতনা থেকে) নিরাপদ আছে!তখন উমর (রাঃ) বললেন, আমিও সে ব্যাপারে আশ্চর্যবোধ করেছি, তুমি যে সম্পর্কে আশ্চর্যবোধ করেছ। তাই আমি সে সম্পর্কে রাসূলুল্লাহ (ﷺ)-কে প্রশ্ন করেছিলাম। তখন তিনি বলেছিলেন, এ হল একটি দান বিশেষ যা আল্লাহ তা’আলা তোমাদের দিয়েছেন। অতএব, তাঁর দানকে কবূল করে নাও।
সুনানে নাসাঈ : ১৪৩৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৪৩৪
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ ابْنِ شِهَابٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أُمَيَّةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ خَالِدٍ أَنَّهُ قَالَ لِعَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ: إِنَّا نَجِدُ صَلَاةَ الْحَضَرِ، وَصَلَاةَ الْخَوْفِ فِي الْقُرْآنِ، وَلَا نَجِدُ صَلَاةَ السَّفَرِ فِي الْقُرْآنِ، فَقَالَ لَهُ ابْنُ عُمَرَ: «يَا ابْنَ أَخِي، إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ بَعَثَ إِلَيْنَا مُحَمَّدًا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَا نَعْلَمُ شَيْئًا، وَإِنَّمَا نَفْعَلُ كَمَا رَأَيْنَا مُحَمَّدًا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَفْعَلُ»
উমাইয়া ইব্ন আব্দুল্লাহ (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি আবদুল্লাহ ইবন উমর (রাঃ)-কে বললেন, আমরা তো বাড়িতে অবস্থানকালীন এবং শংকাকালীন সময়ের সালাতের উল্লেখ কুরআনে দেখতে পাই, কিন্তু সফরকালীন সালাতের উল্লেখ কুরআনে দেখতে পাই না। তখন ইবনু উমর (রাঃ) তাঁকে বললেন, হে আমার ভ্রাতুষ্পুত্র। অবশ্যই আল্লাহ তা’আলা আমাদের কাছে মুহাম্মাদ (ﷺ)-কে প্রেরণ করেছেন এমতাবস্থায় যে, আমরা তখন কিছুই জানতাম না। আমরা তদ্রূপই করি যেরূপ মুহাম্মাদ (ﷺ)-কে করতে দেখতাম।
