১৮/২৫৪. অধ্যায়ঃ
রিয়াদুস সালেহীন হাদিস ৩/১৫২১ - জিহ্বা ও লজ্জাস্থান হেফাজতের শিক্ষা
গীবত (পরনিন্দা) নিষিদ্ধ এবং বাক্ সংযমের নির্দেশ ও গুরুত্ব
মহান আল্লাহ বলেছেন,﴾ وَلَا تَجَسَّسُوا وَلَا يَغْتَبْ بَعْضُكُمْ بَعْضًا ۚ أَيُحِبُّ أَحَدُكُمْ أَنْ يَأْكُلَ لَحْمَ أَخِيهِ مَيْتًا فَكَرِهْتُمُوهُ ۚ وَاتَّقُوا اللَّهَ ۚ إِنَّ اللَّهَ تَوَّابٌ رَحِيمٌ ﴿ (الحجرات: ١٢অর্থাৎ তোমরা একে অপরের পশ্চাতে নিন্দা (গীবত) করো না। তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভ্রাতার মাংস ভক্ষণ করতে চাইবে? বস্তুতঃ তোমরা তো এটাকে ঘৃণাই কর। তোমরা আল্লাহকে ভয় কর। আল্লাহ তাওবা গ্রহণকারী, পরম দয়ালু।(সূরা হুজুরাত ১২ আয়াত)তিনি বলেছেন,﴾وَلَا تَقْفُ مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ ۚ إِنَّ السَّمْعَ وَالْبَصَرَ وَالْفُؤَادَ كُلُّ أُولَٰئِكَ كَانَ عَنْهُ مَسْئُولًا﴿ (الاسراء: ٣٦অর্থাৎ যে বিষয়ে তোমার কোন জ্ঞান নেই সেই বিষয়ে অনুমান দ্বারা পরিচালিত হইয়ো না। নিশ্চয় কর্ণ, চক্ষু ও হৃদয় ওদের প্রত্যেকের নিকট কৈফিয়ত তলব করা হবে।(সূরা বনী ইসরাইল ৩৬ আয়াত)তিনি আরও বলেছেন,﴾ مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ إِلَّا لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌ﴿(ق: ١٨অর্থাৎ মানুষ যে কথাই উচ্চারণ করে (তা লিপিবদ্ধ করার জন্য) তৎপর প্রহরী তার নিকটেই রয়েছে।(সূরা ক্বাফ ১৮ আয়াত)জেনে রাখুন যে, যে কথায় উপকার আছে বলে স্পষ্ট হয়, সে কথা ছাড়া অন্য সব (অসঙ্গত) কথা হতে নিজ জিহ্বাকে সংযত রাখা প্রত্যেক ভারপ্রাপ্ত মুসলিম ব্যক্তির উচিত। যেখানে কথা বলা ও চুপ থাকা দুটোই সমান, সেখানে চুপ থাকাটাই সুন্নত। কেননা, বৈধ কথাবার্তাও অনেক সময় হারাম অথবা মাকরূহ পর্যায়ে পৌঁছে দেয়। অধিকাংশ এরূপই ঘটে থাকে। আর (বিপদ ও পাপ থেকে) নিরাপত্তার সমতুল্য কোন বস্তু নেই।
জিহ্বা হেফাজত ও লজ্জাস্থান সংযম: জান্নাতের পথে গুরুত্বপূর্ণ শিক্ষা
রিয়াদুস সালেহীন : ৩/১৫২১
রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ৩/১৫২১
وَعَنْ سَهْلِ بنِ سَعدٍ رضي الله عنه، قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ ﷺ : «مَنْ يَضْمَنْ لِي مَا بَيْنَ لَحْيَيْهِ وَمَا بَيْنَ رِجْلَيْهِ أَضْمَنْ لَهُ الجَنَّةَ». متفق عَلَيْهِ
সাহ্ল ইবনে সা'দ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, “যে ব্যক্তি দুই চোয়ালের মধ্যবর্তী (অঙ্গ জিভ) এবং দুই পায়ের মধ্যবর্তী (অঙ্গ গুপ্তাঙ্গ) সম্বন্ধে নিশ্চয়তা দেবে, আমি তার জন্য জান্নাতের নিশ্চয়তা দেব।” (বুখারী) [১]
সহীহুল বুখারী ৬৪৭৪, ৬৮০৭, তিরমিযী ২৪০৮, আহমাদ ২২৩১৬
রিয়াদুস সালেহীন হাদিস ৩/১৫২১-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم খুব সংক্ষিপ্ত কথায় মানুষের দুইটি বড় পরীক্ষার কথা বলেছেন: জিহ্বা ও লজ্জাস্থান। দুই চোয়ালের মাঝের অঙ্গ বলতে জিহ্বাকে বোঝানো হয়েছে। মানুষ কথা দিয়ে ভালো কাজও করতে পারে, আবার কথা দিয়েই অন্যকে কষ্ট দিতে পারে, গীবত করতে পারে, মিথ্যা বলতে পারে বা অপমান করতে পারে। আর দুই পায়ের মাঝের অঙ্গ বলতে লজ্জাস্থানের হেফাজত বোঝানো হয়েছে। হাদিসের মূল শিক্ষা হলো, যে ব্যক্তি নিজের কথা ও চরিত্রকে সংযত রাখে, তার জন্য জান্নাতের আশা শক্তিশালী হয়। এখানে জিহ্বা হেফাজত, বাক্ সংযম এবং লজ্জাস্থান সংযম—এই তিনটি বিষয় একসঙ্গে এসেছে। তাই একজন মুমিনের উচিত কথা বলার আগে ভাবা এবং নিজের শরীরকে হারাম কাজ থেকে বাঁচিয়ে রাখা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- জিহ্বা নিয়ন্ত্রণ করা ঈমানি জীবনের গুরুত্বপূর্ণ অংশ।
- লজ্জাস্থান হেফাজত করা জান্নাতের পথে বড় সহায়ক।
- কথা ও চরিত্র—দুই দিকেই সংযম রাখা দরকার।
