১/২৬. অধ্যায়ঃ
রিয়াদুস সালেহীন হাদিস ১৬/২২৩ - আসল নিঃস্ব কে ও মানুষের হক
অন্যায়-অত্যাচার করা হারাম এবং অন্যায়ভাবে নেওয়া জিনিস ফেরৎ দেওয়া জরুরী
আল্লাহ তা‘আলা বলেন,﴾مَا لِلظَّٰلِمِينَ مِنۡ حَمِيمٖ وَلَا شَفِيعٖ يُطَاعُ ﴿ [غافر: ١٨]অর্থাৎ “সীমালংঘনকারীদের জন্য অন্তরঙ্গ কোন বন্ধু নেই এবং এমন কোন সুপারিশকারীও নেই যার সুপারিশ গ্রাহ্য করা হবে।” (সূরা মুমিন ১৮ আয়াত)﴾ وَمَا لِلظَّٰلِمِينَ مِن نَّصِيرٖ ﴿ [الحج: ٧١]অর্থাৎ “যালেমদের কোন সাহায্যকারী নেই।” (সূরা হাজ্জ ৭১ আয়াত)হাদীসসমূহ:এই পরিচ্ছেদে আবূ যার্র রাদিয়াল্লাহু ‘আনহু-এর (১১৩নং) হাদীসটিও উল্লেখ্য, যেটি ‘মুজাহাদাহ’ পরিচ্ছেদের শেষে বর্ণিত হয়েছে।
আসল মুফলিস কে: মানুষের হক নষ্ট করার ভয়
রিয়াদুস সালেহীন : ১৬/২২৩
রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ১৬/২২৩
وعن أَبي هريرة رضي اللَّه عنه، أَن رسولَ اللَّه صَلّى االلهُ عَلَيْهِ وسَلَّم قال : «أَتَدْرُون من الْمُفْلِسُ؟» قالُوا : الْمُفْلسُ فِينَا مَنْ لا دِرْهَمَ لَهُ وَلا مَتَاعَ. فقال : «إِنَّ الْمُفْلِسَ مِنْ أُمَّتِي مَنْ يَأْتِي يَوْمَ الْقيامةِ بِصَلاةٍوَصِيَامٍ وزَآَاةٍ، ويأْتِي وقَدْ شَتَمَ هذا، وقذَف هذَا وَأَآَلَ مالَ هَذَا، وسفَكَ دَم هذَا، وَضَرَبَ هذا، فيُعْطَى هذَامِنْ حسَنَاتِهِ، وهَذا مِن حسَنَاتِهِ، فَإِنْ فَنِيَتْ حسناته قَبْلَ أَنْ يقْضِيَ مَا عَلَيْهِ، أُخِذَ مِنْ خَطَايَاهُمْ فَطُرحَتْ علَيْه، ثُمَّ طُرِح في النَّارِ» رواه مسلم.
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বললেন, ’’তোমরা কি জান, নিঃস্ব কে?’’ তাঁরা বললেন, ’আমাদের মধ্যে নিঃস্ব ঐ ব্যক্তি, যার কাছে কোন দিরহাম এবং কোনো আসবাব-পত্র নেই।’ তিনি বললেন, ’’আমার উম্মতের মধ্যে (আসল) নিঃস্ব তো সেই ব্যক্তি, যে কেয়ামতের দিন নামাজ, রোজা ও যাকাতের (নেকী) নিয়ে হাজির হবে। (কিন্তু এর সাথে সাথে সে এ অবস্থায় আসবে যে, সে কাউকে গালি দিয়েছে। কারো প্রতি মিথ্যা অপবাদ আরোপ করেছে, কারো (অবৈধরূপে) মাল ভক্ষণ করেছে। কারো রক্তপাত করেছে এবং কাউকে মেরেছে।অতঃপর এ (অত্যাচারিত) কে তার নেকী দেওয়া হবে, এ (অত্যাচারিত) কে তার নেকী দেওয়া হবে। পরিশেষে যদি তার নেকীরাশি অন্যান্যদের দাবি পূরণ করার পূর্বেই শেষ হয়ে যায়, তাহলে তাদের পাপরাশি নিয়ে তার উপর নিক্ষেপ করা হবে। অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে।’’[১]
মুসলিম ২৫৮১, তিরমিযী ২৪১৮, আহমাদ ৭৯৬৯, ৮২০৯, ৮৬২৫
রিয়াদুস সালেহীন হাদিস ১৬/২২৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে নবীজি صلى الله عليه وسلم আসল নিঃস্ব বা মুফলিস কে, তা বুঝিয়েছেন। সাহাবীরা বলেছিলেন, যার কাছে টাকা-পয়সা ও আসবাব নেই, সে নিঃস্ব। কিন্তু নবীজি صلى الله عليه وسلم জানালেন, তাঁর উম্মতের আসল নিঃস্ব সেই ব্যক্তি, যে কিয়ামতের দিন নামাজ, রোজা ও যাকাতের নেকী নিয়ে আসবে; কিন্তু সে কাউকে গালি দিয়েছে, কারও প্রতি অপবাদ দিয়েছে, কারও মাল খেয়েছে, কারও রক্তপাত করেছে বা কাউকে মেরেছে। তখন তার নেকী ক্ষতিগ্রস্তদের দেওয়া হবে। নেকী শেষ হয়ে গেলে তাদের পাপ তার উপর চাপানো হবে। এই হাদিস আমাদের শেখায়, ইবাদত যেমন জরুরি, তেমনি মানুষের হক, মর্যাদা, মাল ও নিরাপত্তা রক্ষা করাও জরুরি।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ইবাদতের সঙ্গে মানুষের হক রক্ষা করা জরুরি।
- গালি, অপবাদ, অন্যায়ভাবে মাল খাওয়া ও আঘাত করা কিয়ামতে ক্ষতির কারণ হতে পারে।
- কিয়ামতের হিসাব শুধু ব্যক্তিগত আমল নয়, মানুষের সঙ্গে আচরণেরও হবে।
- আসল নিঃস্ব হলো সে, যে নেকী এনেও অন্যদের হকের কারণে ক্ষতিগ্রস্ত হয়।
