১/৩৯. অধ্যায়ঃ
রিয়াদুস সালেহীন হাদিস ২/৩০৯ - প্রতিবেশীর খোঁজ রাখা ও খাবার ভাগ করা
প্রতিবেশীর অধিকার এবং তার সাথে সদ্ব্যবহার করার গুরুত্ব
আল্লাহ তা‘আলা বলেন,﴾وَٱعۡبُدُواْ ٱللَّهَ وَلَا تُشۡرِكُواْ بِهِۦ شَيۡٔٗاۖ وَبِٱلۡوَٰلِدَيۡنِ إِحۡسَٰنٗا وَبِذِي ٱلۡقُرۡبَىٰ وَٱلۡيَتَٰمَىٰ وَٱلۡمَسَٰكِينِ وَٱلۡجَارِ ذِي ٱلۡقُرۡبَىٰ وَٱلۡجَارِ ٱلۡجُنُبِ وَٱلصَّاحِبِ بِٱلۡجَنۢبِ وَٱبۡنِ ٱلسَّبِيلِ وَمَا مَلَكَتۡ أَيۡمَٰنُكُمۡۗ﴿ [النساء: ٣٦]অর্থাৎ তোমরা আল্লাহর উপাসনা কর ও কোন কিছুকে তাঁর অংশী করো না এবং পিতা-মাতা, আত্মীয়-স্বজন, পিতৃহীন, অভাবগ্রস্ত, আত্মীয় ও অনাত্মীয় প্রতিবেশী, সঙ্গী-সাথী, পথচারী এবং তোমাদের অধিকারভুক্ত দাস-দাসীদের প্রতি সদ্ব্যবহার কর। (সূরা নিসা ৩৬ আয়াত)
প্রতিবেশীর খোঁজ রাখা: ঝোল বাড়িয়ে খাবার ভাগ করার শিক্ষা
রিয়াদুস সালেহীন : ২/৩০৯
রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ২/৩০৯
وَعَن أَبي ذَرٍّ رضي الله عنه، قَالَ : قَالَ رَسُولُ اللهِ ﷺ ﷺ: «يَا أَبَا ذَرٍّ، إِذَا طَبَخْتَ مَرَقَةً، فَأكثِرْ مَاءهَا، وَتَعَاهَدْ جِيرَانَكَ». رواه مسلموفي روايةٍ لَهُ عن أَبي ذر، قَالَ : إنّ خَلِيلِي ﷺ أوْصَاني: إِذَا طَبَخْتَ مَرَقَاً فَأكْثِرْ مَاءها، ثُمَّ انْظُرْ أهْلَ بَيْتٍ مِنْ جِيرَانِكَ، فَأصِبْهُمْ مِنْهَا بِمعرُوفٍ
আবূ যার (রাঃ) হতে বর্ণিতঃ
একদা রাসূলুল্লাহ (ﷺ) বললেন, ’’হে আবূ যার্র! যখন তুমি ঝোল (ওয়ালা তরকারি) রান্না করবে, তখন তাতে পানির পরিমাণ বেশি কর এবং তোমার প্রতিবেশিদের খেয়াল রাখ।’’ (মুসলিম) [১] অন্য এক বর্ণনায় আবূ যার্র (রাঃ) বলেন, আমাকে আমার বন্ধু (নবী (ﷺ)) অসিয়ত করে বলেছেন যে, ’’যখন তুমি ঝোল (ওয়ালা তরকারি) রান্না করবে, তখন তাতে পানির পরিমাণ বেশি কর। অতঃপর তোমার প্রতিবেশির বাড়িতে রীতিমত পৌঁছে দাও।’’
মুসলিম ২৬২৫, ইবনু মাজাহ ৩৩৬২, আহমাদ ২০৮১৭, ২০৮৭৩, ২০৯১৮, ২০৯১০, দারেমী ২০৭৯
অনুবাদের উৎস
- সংকলক:
- মুহিউদ্দীন আবূ যাকারিয়্যা ইয়াহইয়া বিন শারফ আন্-নাবাবী (রহ.)
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
রিয়াদুস সালেহীন হাদিস ২/৩০৯-এর সারসংক্ষেপ
মূল বিষয়: প্রতিবেশী সদাচরণ। এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم আবূ যার রাঃ-কে সহজ কিন্তু গভীর একটি শিক্ষা দিয়েছেন। তিনি বলেছেন, ঝোল রান্না করলে তাতে পানি বেশি করতে এবং প্রতিবেশীদের খেয়াল রাখতে। অন্য বর্ণনায় এসেছে, প্রতিবেশীর বাড়িতে ভালোভাবে কিছু পৌঁছে দিতে। এখানে শিক্ষা হলো, প্রতিবেশীর প্রতি সদাচরণ বড় আয়োজনের ওপর নির্ভর করে না। সামান্য খাবারও ভাগ করে নেওয়া ভালো চরিত্রের পরিচয়। ইসলামে প্রতিবেশীর অধিকার শুধু কষ্ট না দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়; সুযোগ হলে তাদের খোঁজ নেওয়া ও উপকার করাও তার অংশ। এই হাদিস আমাদের দৈনন্দিন জীবনে সহজ দান, খাবার ভাগ করা এবং সামাজিক ভালোবাসার সুন্দর পথ দেখায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- রান্না করলে প্রতিবেশীর কথা মনে রাখা ভালো।
- সামান্য খাবারও ভাগ করে নেওয়া সদাচরণের অংশ।
- প্রতিবেশীর খোঁজ রাখা ইসলামী চরিত্রের পরিচয়।
- দান ও সহায়তা বড় জিনিস দিয়েই হতে হবে—এমন নয়।
