২/৯৯. অধ্যায়ঃ
রিয়াদুস সালেহীন হাদিস ১/৭২৫ - ভালো কাজে ডান দিক থেকে শুরু
সম্মান প্রদর্শনের স্থানে ডানকে অগ্রাধিকার দেওয়া মুস্তাহাব হওয়া (ডান-বাম ব্যবহারবিধি)
সমস্ত ভাল ও সম্মানজনক কাজকর্মে ডান হাত ব্যবহার করা বা ডান দিককে অগ্রাধিকার দেওয়া উত্তম; যথাঃ ওযূ, গোসল, তায়াম্মুম, পোশাক পরা, জুতা, মোজা, পায়জামা পরা, মসজিদে প্রবেশ করা, দাঁতন করা, সুরমা লাগানো, নখকাটা, গোঁফ কাটা, বগলের লোম তোলা, চুল কামানো, নামায থেকে সালাম ফেরা, পানাহার করা, মুসাফাহ করা, হাজরে আসওয়াদ স্পর্শ করা, পায়খানা থেকে বের হওয়া, কোন জিনিস লেন-দেন করা ইত্যাদি। আর উক্ত কার্যাদির বিপরীত অন্যান্য কর্মসমূহে বাম হাত ব্যবহার বা বাম দিককে অগ্রাধিকার দেওয়া উত্তম। যেমন নাকঝাড়া, থুতু ফেলা, মসজিদ থেকে বের হওয়া, পোশাক, জুতা, মোজা, পায়জামা ইত্যাদি খোলা, পেশাব-পায়খানার পর ইস্তিঞ্জা (পানি বা ঢিল ব্যবহার) করা, ঘৃণিত কিছু স্পর্শ করা ইত্যাদি।মহান আল্লাহ বলেছেন,﴾ فَأَمَّا مَنۡ أُوتِيَ كِتَٰبَهُۥ بِيَمِينِهِۦ فَيَقُولُ هَآؤُمُ ٱقۡرَءُواْ كِتَٰبِيَهۡ ١٩ ﴿ [الحاقة: ١٩]অর্থাৎ “সুতরাং যাকে তার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে সে বলবে, এই নাও, আমার আমলনামা পড়ে দেখ।” (সূরা হা-ক্কাহ ১৯ আয়াত)তিনি বলেছেন,﴾ فَأَصۡحَٰبُ ٱلۡمَيۡمَنَةِ مَآ أَصۡحَٰبُ ٱلۡمَيۡمَنَةِ ٨ وَأَصۡحَٰبُ ٱلۡمَشَۡٔمَةِ مَآ أَصۡحَٰبُ ٱلۡمَشَۡٔمَةِ ٩ ﴿ [الواقعة: ٨، ٩]অর্থাৎ “ডানওয়ালারা; কত ভাগ্যবান ডানওয়ালারা! আর বামওয়ালারা; কত হতভাগ্য বামওয়ালারা!” (সূরা ওয়াকিয়াহ ৮-৯ আয়াত)
ডান দিক থেকে শুরু: ওজু, চুল আঁচড়ানো ও জুতা পরার আদব
রিয়াদুস সালেহীন : ১/৭২৫
রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ১/৭২৫
وَعَن عَائِشَة رَضِيَ اللهُ عَنهَا، قَالَتْ: كَانَ رَسُولُ اللهِ ﷺ ﷺ يُعْجِبُهُ التَّيَمُّنُ في شَأنِهِ كُلِّهِ: في طُهُورِهِ، وَتَرَجُّلِهِ، وَتَنَعُّلِهِ . متفقٌ عَلَيْهِ
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, ’রাসূলুল্লাহ (ﷺ) সমস্ত কাজে (যেমন) ওজু করা, মাথা আঁচড়ানো ও জুতা পরা (প্রভৃতি সমস্ত ভাল) কাজে ডান দিক থেকে শুরু করা পছন্দ করতেন।’ (বুখারী ও মুসলিম) [১]
সহীহুল বুখারী ১৬৮, ৪২৬, ৫৩৮০, ৫৮৫৪, ৫৯২৬, মুসলিম ২৬৮, তিরমিযী ৬০৮, ৪২১, নাসায়ী ৫২৪০, আবূ দাউদ ৪১৪০, ইবনু মাজাহ ৪০১, আহমাদ ২৪১০৬, ২৪৪৬৯, ২৪৬২০, ২৪৭৯৩ ২৪৮৪৫, ২৫০১৮, ২৫১৩৬, ২৫৭৫১
অনুবাদের উৎস
- সংকলক:
- মুহিউদ্দীন আবূ যাকারিয়্যা ইয়াহইয়া বিন শারফ আন্-নাবাবী (রহ.)
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
রিয়াদুস সালেহীন হাদিস ১/৭২৫-এর সারসংক্ষেপ
এই হাদিসে আয়িশা (রা.) নবী (صلى الله عليه وسلم)-এর একটি সাধারণ অভ্যাস জানাচ্ছেন। তিনি ভালো কাজগুলোতে ডান দিক থেকে শুরু করা পছন্দ করতেন। উদাহরণ হিসেবে ওজু করা, মাথা আঁচড়ানো এবং জুতা পরার কথা এসেছে। হাদিসের ভাষা আমাদের শেখায়, দৈনন্দিন কাজের মধ্যেও শৃঙ্খলা ও আদব আছে। ডান দিক থেকে শুরু করা শুধু বড় ইবাদতের বিষয় নয়; পোশাক, পরিচ্ছন্নতা ও চলাফেরার মতো সাধারণ কাজেও নবীজির পছন্দ ছিল। তাই একজন মুসলিম নিজের প্রতিদিনের জীবনকে সুন্নাহর আলোয় সাজাতে চাইলে এ ধরনের সহজ আমল শিখতে পারে। তবে হাদিসে যেসব ভালো কাজের কথা এসেছে, ব্যাখ্যাও সেই সীমার মধ্যে রাখা উচিত।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ভালো কাজে ডান দিক থেকে শুরু করা নবীজির পছন্দ ছিল।
- ওজু, চুল আঁচড়ানো ও জুতা পরার মতো কাজেও আদব আছে।
- প্রতিদিনের ছোট কাজেও সুন্নাহ অনুসরণের সুযোগ থাকে।
