৪৪/৩৭. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ৩২২৭ - সূর্যের সিজদা ও পশ্চিম দিক থেকে উদয়
সূরা ইয়াসীন
সূর্যের সিজদা ও পশ্চিম দিক থেকে উদয় হওয়ার হাদিস
জামে‘ আত-তিরমিযী : ৩২২৭
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৩২২৭
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ دَخَلْتُ الْمَسْجِدَ حِينَ غَابَتِ الشَّمْسُ وَالنَّبِيُّ ﷺ جَالِسٌ فَقَالَ النَّبِيُّ ﷺ " أَتَدْرِي يَا أَبَا ذَرٍّ أَيْنَ تَذْهَبُ هَذِهِ ". قَالَ قُلْتُ اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ. قَالَ " فَإِنَّهَا تَذْهَبُ فَتَسْتَأْذِنُ فِي السُّجُودِ فَيُؤْذَنُ لَهَا وَكَأَنَّهَا قَدْ قِيلَ لَهَا اطْلَعِي مِنْ حَيْثُ جِئْتِ فَتَطْلُعُ مِنْ مَغْرِبِهَا " . قَالَ ثُمَّ قَرَأَ : (وذلكَ مُسْتَقَرٌّ لَهَا ) قَالَ وَذَلِكَ قِرَاءَةُ عَبْدِ اللَّهِ.قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ.
আবূ যার (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, সূর্য ডুবার সময় আমি মসজিদে ঢুকলাম। নবী (ﷺ) তখন (মসজিদে) বসা ছিলেন। তিনি বললেনঃ হে আবূ যার! তুমি কি জান, এটা (সূর্য) কোথায় যায়? বর্ণনাকারী বলেন, আমি বললাম, আল্লাহ ও তাঁর রাসূলই ভাল জানেন। তিনি বললেনঃ এটা গিয়ে সিজদার অনুমতি প্রার্থনা করে। তাকে সিজদার অনুমতি দেয়া হয়। এমন এক দিন আসবে যখন তাকে বলা হবে, তুমি যেখানে এসেছ সেখান হতে উদিত হও। অতএব তা অস্ত যাওয়ার স্থান হতে উদিত হবে।বর্ণনাকারী বলেন, তারপর তিনি পড়েনঃ “এটাই তার একমাত্র আশ্রয়স্থল” – (সূরা ইয়াসীন ৩৮)।বর্ণনাকারী বলেন, এটা ‘আবদুল্লাহ ইবনু মাস‘ঊদের কিরাআত।
আবূ ‘ঈসা বলেন, এ হাদিসটি হাসান সহীহ।
জামে‘ আত-তিরমিযী হাদিস ৩২২৭-এর সারসংক্ষেপ
মূল বিষয়: কিয়ামতের নিদর্শন। সূর্য ডোবার সময় আবু যার (রা.) মসজিদে প্রবেশ করলে নবী (সা.) তাঁকে জিজ্ঞেস করেন, সূর্য কোথায় যায়। আবু যার (রা.) বলেন, আল্লাহ ও তাঁর রাসূলই ভালো জানেন। নবী (সা.) জানান, সূর্য গিয়ে সিজদার অনুমতি চায় এবং তাকে অনুমতি দেওয়া হয়। এক সময় তাকে বলা হবে, যেদিক থেকে এসেছে সেদিক থেকেই উদিত হতে। তখন সূর্য অস্ত যাওয়ার দিক অর্থাৎ পশ্চিম দিক থেকে উঠবে। এরপর তিনি সূরা ইয়াসিনের আয়াতের একটি কিরাআত পাঠ করেন—এটাই তার নির্ধারিত আশ্রয় বা গন্তব্য। এই হাদিসে সূর্যের চলা, আল্লাহর অনুমতি এবং ভবিষ্যতের একটি বড় ঘটনার কথা এসেছে। এর মূল শিক্ষা হলো, মহাবিশ্বের চলাচল আল্লাহর আদেশের অধীন এবং মানুষের পরিচিত নিয়মও তাঁর নির্দেশে বদলে যেতে পারে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সূর্য আল্লাহর অনুমতির অধীন।
- হাদিসে সূর্যের সিজদার অনুমতি চাওয়ার কথা এসেছে।
- এক সময় সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে।
- মহাবিশ্বের নিয়ম আল্লাহর আদেশে পরিচালিত হয়।
