৯/১. অধ্যায়ঃ
ঊপদেশ হাদিস ১২০ - ছবিযুক্ত বালিশ ও ফেরেশতার সতর্কতা
ছবি ও মূর্তি
ছবিযুক্ত বালিশ সম্পর্কে হাদিস: ঘরে ছবি থাকলে ফেরেশতা প্রবেশ না করার সতর্কতা
ঊপদেশ : ১২০
ঊপদেশহাদিস নম্বর ১২০
عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِيْنَ رَضِيَ اللهُ عَنْهَا أَنَّهَا أَخْبَرَتْهُ أَنَّهَا اشْتَرَتْ نُمْرُقَةً فِيْهَا تَصَاوِيْرُ فَلَمَّا رَآهَا رَسُوْلُ اللهِ ﷺ قَامَ عَلَى الْبَابِ فَلَمْ يَدْخُلْهُ فَعَرَفْتُ فِيْ وَجْهِهِ الْكَرَاهِيَةَ فَقُلْتُ يَا رَسُوْلَ اللهِ أَتُوْبُ إِلَى اللهِ وَإِلَى رَسُوْلِهِ ﷺ مَاذَا أَذْنَبْتُ فَقَالَ رَسُوْلُ اللهِ ﷺ مَا بَالُ هَذِهِ النُّمْرُقَةِ قُلْتُ اشْتَرَيْتُهَا لَكَ لِتَقْعُدَ عَلَيْهَا وَتَوَسَّدَهَا فَقَالَ رَسُوْلُ اللهِ ﷺ إِنَّ أَصْحَابَ هَذِهِ الصُّوَرِ يَوْمَ الْقِيَامَةِ يُعَذَّبُوْنَ فَيُقَالُ لَهُمْ أَحْيُوْا مَا خَلَقْتُمْ وَقَالَ إِنَّ الْبَيْتَ الَّذِيْ فِيْهِ الصُّوَرُ لاَ تَدْخُلُهُ الْمَلاَئِكَةُ.
বর্ণনাকারী হতে বর্ণিতঃ
আয়েশা (রাঃ) একটি ছোট বালিশ ক্রয় করেছিলেন, তাতে ছবি আঁকা ছিল। রাসূল (ﷺ) ঘরে প্রবেশের সময় তা দেখতে পেলেন। তিনি ঘরে প্রবেশ না করে দরজায় দাঁড়িয়ে গেলেন। আয়েশা (রাঃ) তাঁর মুখ দেখে বুঝতে পেরে বললেন, হে আল্লাহর রাসূল (ﷺ)! আমি আল্লাহ এবং তাঁর রাসূল (ﷺ)-এর নিকট তওবা করছি। আমি কি পাপ করেছি? (আপনি ঘরে প্রবেশ করছেন না কেন?)।রাসূল (ﷺ) বললেন, ‘এই ছোট বালিশটি কোথায় পেলে’? তিনি বললেন, আমি এটা এজন্য ক্রয় করেছি যে, যাতে আপনি হেলান দিয়ে বিশ্রাম করতে পারেন। রাসূল (ﷺ) বললেন, ‘নিশ্চয়ই যারা এই সমস্ত ছবি তোলে বা অংকন করে, কিয়ামতের দিন তাদেরকে শাস্তি দেয়া হবে এবং বলা হবে, তোমরা যাদের তৈরি করেছ তাদের জীবিত কর। তিনি বললেন, ‘যে ঘরে ছবি থাকে সে ঘরে (রহমত ও বরকতের) ফেরেশতা প্রবেশ করে না’ (বুখারী হা/৫৯৬১)।অত্র হাদীছ দ্বারা প্রমাণিত হয়, যে ঘরে ছবি থাকবে সে ঘরে প্রবেশ করা যাবে না। আল্লাহ তা‘আলা নূহ (আঃ)-কে ছবি-মূর্তি ধ্বংস করার আদেশ দিয়েছিলেন (নূহ ২৩)। ইবরাহীম (আঃ) ছবি-মূর্তি ভেঙ্গে খান খান করেছিলেন (আম্বিয়া ৫৮)। রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) ছবি-মূর্তি ভেঙ্গে টুকরা টুকরা করে দেয়ার জন্য কঠোর নির্দেশ দিয়েছেন (মুসলিম, মিশকত হা/১৬৯৬; বাংলা মিশকাত ৪র্থ খণ্ড, হা/১৬০৫ ‘জানাযা’ অধ্যায়)।
ঊপদেশ হাদিস ১২০-এর সারসংক্ষেপ
এই হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটি ছোট বালিশ কিনেছিলেন, তাতে ছবি ছিল। রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তা দেখে ঘরে প্রবেশ না করে দরজায় দাঁড়িয়ে থাকেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাঁর মুখে অপছন্দের চিহ্ন দেখে তওবা করেন এবং নিজের ভুল জানতে চান। নবীজি বলেন, যারা এসব ছবি তৈরি করে, কিয়ামতের দিন তাদের শাস্তি দেওয়া হবে এবং বলা হবে, যাদের তৈরি করেছ তাদের জীবিত কর। এরপর তিনি বলেন, যে ঘরে ছবি থাকে, সে ঘরে ফেরেশতা প্রবেশ করে না। হাদিসটি ঘরের ছবি, ছবি নির্মাতা এবং দীনী পরিবেশ—তিনটি বিষয় একসাথে শেখায়। মুসলিম পরিবারের জন্য এটি ঘরকে অপ্রয়োজনীয় ছবি থেকে পরিষ্কার রাখার শক্ত শিক্ষা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ছবিযুক্ত বালিশ দেখেও নবীজি অপছন্দ প্রকাশ করেছেন।
- ছবি নির্মাতাদের জন্য কিয়ামতের জবাবদিহির কথা এসেছে।
- যে ঘরে ছবি থাকে, সেখানে ফেরেশতা প্রবেশ না করার সতর্কতা আছে।
- ভুল বুঝতে পারলে দ্রুত তওবা করা মুমিনের গুণ।
