৯/১. অধ্যায়ঃ
ঊপদেশ হাদিস ১২১ - ঘরে ছবি টাঙ্গানোর সতর্কতা
ছবি ও মূর্তি
ঘরে ছবি টাঙ্গানো: সৃষ্টির সাদৃশ্য বানানো নিয়ে হাদিসের শিক্ষা
ঊপদেশ : ১২১
ঊপদেশহাদিস নম্বর ১২১
عَنْ عَائِشَةَ قَالَت دَخَلَ عَلَيَّ رَسُوْلُ اللهِ ﷺ وَقَدْ سَتَرْتُ سَهْوَةً لِيْ بِقِرَامٍ فِيْهِ تَمَاثِيْلُ وَفِيْ رِوَايَةٍ فِيْهِ اَلْخَيْلُ ذَوَاتٌ الأَجْنِحَةِ فَلَمَّا رَاهُ هَتَكَهُ تَلَوَّنَ وَجْهُهُ وَقَالَ يَا عَائِشَةُ اَشَدُّ النَّاسِ عَذَابًا عِنْدَ اللهِ يَوْمَ الْقِيَامَةِ اَلَّذِيْنَ يَضَاهُوْنَ بِخَلْقِ اللهِ وَفِيْ رِوَايَةٍ إِنَّ أَصْحَابَ هَذِهِ الصُّوَرِ يُعَذَّبُوْنَ وَيُقَالُ لَهُمْ أَحْيُوْا مَا خَلَقْتُمْ ثُمَّ قَالَ إِنَّ الْبَيْتَ الَّذِيْ فِيْهِ الصُّوَرُ لاَ تَدْخُلُوْهُ الْمَلاَئِكَةُ قَالَتْ عَائِشَةُ فَقَطَعْنَاهُ مِنْهُ وِسَادَةً أَوْ وِسَادَتَيْنِ فَقَدْ رَأَيْتُهُ مُتَّكِئًا عَلَى إِحْدَهُمَا وَفِيْهَا صُوْرَةٌ-
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূল (ﷺ) আমার কাছে আসলেন, এমতাবস্থায় আমি আমার অঙ্গিনার সম্মুখভাগে একটি পাতলা কাপড় দ্বারা পর্দা করেছিলাম, যাতে অনেক ছবি ছিল। অন্য বর্ণনায় রয়েছে, এতে পাখা বিশিষ্ট ঘোড়ার ছবি ছিল। রাসূল (ﷺ) যখন এটা দেখলেন, তখন সেটা ছিড়ে ফেললেন এবং তাঁর চেহারা পরিবর্তন হয়ে গেল। তখন তিনি বললেন, ‘আয়েশা! কিয়ামতের দিন সবচেয়ে কঠিন শাস্তি দেয়া হবে ঐ লোকদের যারা আল্লাহর সৃষ্টির সাদৃশ্য তৈরি করে’।অন্য বর্ণনায় রয়েছে, ‘নিশ্চয়ই ছবির মালিকদেরকে শাস্তি দেয়া হবে এবং তাদেরকে বলা হবে তোমরা যা সৃষ্টি করেছ তা জীবিত কর। যে বাড়িতে ছবি টাঙ্গানো থাকে সে বাড়িতে ফেরেশতা প্রবেশ করে না’। আয়েশা (রাঃ) বলেন, ‘আমি ঐ ছবিওয়ালা কাপড়টিকে কেটে একটি বা দু’টি বালিশ তৈরি করলাম। আমি তাঁর একটির উপর রাসূলুল্লাহ (ﷺ)-কে হেলান দিয়ে থাকতে দেখেছি’
(বুখারী, মুসলিম, মিশকাত হা/৪৪৮৯, ৪৪৯২, ৪৪৯৩)।
ঊপদেশ হাদিস ১২১-এর সারসংক্ষেপ
এই হাদিসে মূল বিষয় হলো ঘরে ছবি টাঙ্গানো এবং প্রাণীর ছবি ব্যবহার। আয়েশা (রাঃ) ঘরের সামনে একটি পাতলা ছবিযুক্ত কাপড় ঝুলিয়েছিলেন। রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) তা দেখে অসন্তুষ্ট হন, কাপড়টি ছিঁড়ে ফেলেন এবং বলেন, যারা আল্লাহর সৃষ্টির সাদৃশ্য তৈরি করে, কিয়ামতের দিন তাদের কঠিন শাস্তির কথা বলা হয়েছে। হাদিসে আরও এসেছে, ছবির মালিকদের বলা হবে, যা তৈরি করেছ তা জীবিত কর। এখানে ঘরে ছবি থাকলে ফেরেশতা প্রবেশ না করার কথাও এসেছে। তবে আয়েশা (রাঃ) কাপড়টি কেটে বালিশ বানিয়েছিলেন, আর রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-কে সেটিতে হেলান দিতে দেখা গেছে। তাই ছবিওয়ালা পর্দা টাঙ্গানো ও সম্মানের স্থানে রাখা থেকে সতর্ক থাকা এই হাদিসের মূল শিক্ষা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ঘরে প্রাণীর ছবি টাঙ্গানো থেকে সতর্ক থাকা উচিত।
- আল্লাহর সৃষ্টির সাদৃশ্য বানানো গুরুতর সতর্কতার বিষয়।
- ছবিযুক্ত জিনিস সম্মানের জায়গায় না রেখে ব্যবহার বদলানো হাদিসে এসেছে।
- ঘরের পরিবেশ এমন রাখা দরকার, যাতে রহমতের ফেরেশতা আসার বাধা না থাকে।
