১/১২৮. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ৩৩৬ - আহত ব্যক্তির তায়াম্মুম
আহত ব্যক্তির তায়াম্মুম করা
আহত ব্যক্তির তায়াম্মুম ও না জানলে জিজ্ঞেস করার শিক্ষা
সুনানে আবূ দাউদ : ৩৩৬
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৩৩৬
حَدَّثَنَا مُوسَى بْنُ عَبْدِ الرَّحْمَنِ الأَنْطَاكِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، عَنِ الزُّبَيْرِ بْنِ خُرَيْقٍ، عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرٍ، قَالَ خَرَجْنَا فِي سَفَرٍ فَأَصَابَ رَجُلاً مِنَّا حَجَرٌ فَشَجَّهُ فِي رَأْسِهِ ثُمَّ احْتَلَمَ فَسَأَلَ أَصْحَابَهُ فَقَالَ هَلْ تَجِدُونَ لِي رُخْصَةً فِي التَّيَمُّمِ فَقَالُوا مَا نَجِدُ لَكَ رُخْصَةً وَأَنْتَ تَقْدِرُ عَلَى الْمَاءِ فَاغْتَسَلَ فَمَاتَ فَلَمَّا قَدِمْنَا عَلَى النَّبِيِّ ﷺ أُخْبِرَ بِذَلِكَ فَقَالَ " قَتَلُوهُ قَتَلَهُمُ اللَّهُ أَلاَّ سَأَلُوا إِذْ لَمْ يَعْلَمُوا فَإِنَّمَا شِفَاءُ الْعِيِّ السُّؤَالُ إِنَّمَا كَانَ يَكْفِيهِ أَنْ يَتَيَمَّمَ وَيَعْصِرَ " . أَوْ " يَعْصِبَ " . شَكَّ مُوسَى " عَلَى جُرْحِهِ خِرْقَةً ثُمَّ يَمْسَحَ عَلَيْهَا وَيَغْسِلَ سَائِرَ جَسَدِهِ " .
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
একদা আমরা কোন এক সফরে বের হলে আমাদের মধ্যকার একজনের মাথা পাথরের আঘাতে ফেটে যায়। ঐ অবস্থায় তার স্বপ্নদোষ হলে সে সাথীদের জিজ্ঞেস করল, তোমরা কি আমার জন্য তায়াম্মুমের সুযোগ গ্রহণের অনুমতি পাও? তারা বলল, যেহেতু তুমি পানি ব্যবহার করতে সক্ষম, তাই তোমাকে তায়াম্মুম করার সুযোগ দেয়া যায় না। অতএব সে গোসল করল। ফলে সে মৃত্যুবরণ করল।আমরা নবী (ﷺ) -এর নিকট আসলে তাঁকে বিষয়টি জানানো হলো। তিনি বললেনঃ এরা অন্যায়ভাবে তাকে হত্যা করেছে। আল্লাহ এদের ধ্বংস করুন। তাদের যখন (সমাধান) জানা ছিল না, তারা কেন জিজ্ঞেস করে তা জেনে নিল না। কারণ অজ্ঞতার প্রতিষেধক হচ্ছে জিজ্ঞেস করা। ঐ লোকটির জন্য তায়াম্মুম করাই যথেষ্ট ছিল। আর জখমের স্থানে ব্যান্ডেজ করে তার উপর মাসাহ্ করে শরীরের অন্যান্য স্থান ধুয়ে ফেললেই যথেষ্ট হত।
হাদীস থেকে শিক্ষাঃ হাদীসটি প্রমাণ করে যে, ব্যান্ডেজের উপর মাসাহ্ করা জায়িয (তবে তা পবিত্রাবস্থায় পরতে হবে)।
সুনানে আবূ দাউদ হাদিস ৩৩৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে সফরের একটি হৃদয় ছোঁয়া ঘটনা এসেছে। একজন সাহাবির মাথা পাথরের আঘাতে ফেটে যায়। পরে তাঁর স্বপ্নদোষ হলে তিনি সাথীদের জিজ্ঞেস করেন, তাঁর জন্য তায়াম্মুমের সুযোগ আছে কি না। তারা বলে, পানি ব্যবহার করতে পারলে তায়াম্মুম করা যাবে না। এরপর তিনি গোসল করেন এবং মারা যান। বিষয়টি নবী (صلى الله عليه وسلم)-কে জানানো হলে তিনি কঠোরভাবে বলেন, তারা তাকে হত্যা করেছে; তারা জানত না, তবে জিজ্ঞেস করল না কেন? তিনি বলেন, অজ্ঞতার প্রতিষেধক হলো জিজ্ঞেস করা। এরপর তিনি জানান, ঐ ব্যক্তির জন্য তায়াম্মুম যথেষ্ট ছিল; ক্ষতস্থানে কাপড় বেঁধে তার উপর মাসাহ করে শরীরের বাকি অংশ ধুয়ে নেওয়া যেত।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- আহত ব্যক্তির ক্ষেত্রে তায়াম্মুমের সুযোগ এসেছে।
- না জানলে অনুমান করে উত্তর না দিয়ে জিজ্ঞেস করা উচিত।
- ক্ষতস্থানে কাপড় বেঁধে তার উপর মাসাহ করার কথা এসেছে।
- ভুল ফতোয়া মানুষের ক্ষতির কারণ হতে পারে।
