২/১০৩. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ৬৮৯ - সুতরাহ না পেলে লাঠি বা দাগ
ছড়ি না পাওয়া গেলে রেখা টেনে দিবে
সুতরাহ না পেলে কী করবেন: লাঠি বা দাগের নববী নির্দেশনা
সুনানে আবূ দাউদ : ৬৮৯
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৬৮৯
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أُمَيَّةَ، حَدَّثَنِي أَبُو عَمْرِو بْنُ مُحَمَّدِ بْنِ حُرَيْثٍ، أَنَّهُ سَمِعَ جَدَّهُ، حُرَيْثًا يُحَدِّثُ عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِذَا صَلَّى أَحَدُكُمْ فَلْيَجْعَلْ تِلْقَاءَ وَجْهِهِ شَيْئًا فَإِنْ لَمْ يَجِدْ فَلْيَنْصِبْ عَصًا فَإِنْ لَمْ يَكُنْ مَعَهُ عَصًا فَلْيَخْطُطْ خَطًّا ثُمَّ لاَ يَضُرُّهُ مَا مَرَّ أَمَامَهُ " .
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ (খোলা জায়গাতে) সালাত আদায় করলে যেন (সুতরাহ্ হিসেবে) তার সামনে কিছু স্থাপন করে। কিছু না পাওয়া গেলে যেন একটি লাঠি স্থাপন করে নেয়। সাথে কোন লাঠি না থাকলে (মাটিতে) যেন একটি দাগ টেনে নেয়। তারপর সামনে দিয়ে কিছু চলাচল করলে সালাতের কোন ক্ষতি হবে না।
[৬৮৯] ইবনু মাজাহ (অধ্যায়ঃ সালাত, অনুঃ মুসল্লী কি দিয়ে সুতরাহ্ করবে, হাঃ ৯৪৩), আহমাদ (২/২৪৯), ইবনু খুযাইমাহ (৮১১, ৮১২), সকলে আবূ ‘আমর সূত্রে। ইযতিরাব ও সানাদস্থ বর্ণনাকারীর অবস্থা অজ্ঞাত হওয়ার কারণে এর সানাদ দুর্বল। তিনি হলেন আবূ মুহাম্মাদ ‘আমর ইবনু হুরাইস। শায়খ আহমাদ শাকির বলেন, এ সূত্রে হাদীসটির অন্যান্য সানাদও রয়েছে। যার কতিপয় সামঞ্জস্যপূর্ণ অথবা বিরোধী। আর প্রত্যেকটিই ইযতিরাব ও জাহালাতের প্রমাণ বহন করে..। অতঃপর তিনি বলেন, ‘উলামায়ি ইসত্বিলাহ এ হাদীসকে মুযতারিব সানাদে বর্ণিত হাদীসের উপমা হিসেবে পেশ করে থাকেন। মিশকাতের তাকক্বীক্বে শায়খ আলবানী (রহঃ) বলেনঃ এতে কঠিন ইযতিরাব ও দু’জন অজ্ঞাত লোক রয়েছে। সেজন্য একদল ইমাম একে দুর্বল বলেছেন। যাঁদের মধ্যে ইমাম আহমাদ অন্যতম।
সুনানে আবূ দাউদ হাদিস ৬৮৯-এর সারসংক্ষেপ
এই হাদিসে খোলা জায়গায় সালাত আদায়ের সময় সামনে সুতরাহ রাখার ধাপভিত্তিক শিক্ষা এসেছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, কেউ সালাত আদায় করলে যেন সামনে কিছু স্থাপন করে। কিছু না পেলে একটি লাঠি স্থাপন করবে। লাঠিও না থাকলে মাটিতে একটি দাগ টেনে নেবে। এরপর সামনে দিয়ে কিছু চলাচল করলে সালাতের ক্ষতি হবে না। হাদিসটি সাধারণ মুসল্লির জন্য সহজ নির্দেশনা দেয়, কারণ সবসময় দেয়াল, খুঁটি বা বড় কোনো বস্তু পাওয়া যায় না। তখন যে জিনিস সহজে পাওয়া যায়, তা দিয়ে সালাতের সীমা বোঝানো যায়। এখানে মূল কথা হলো সালাতের সামনে একটি স্পষ্ট চিহ্ন রাখা, যাতে মনোযোগ ও আদব বজায় থাকে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সালাতের সামনে কিছু সুতরাহ হিসেবে রাখা উচিত।
- সুতরাহ না পেলে লাঠি ব্যবহার করার কথা এসেছে।
- লাঠিও না থাকলে মাটিতে দাগ টানার বর্ণনা আছে।
- সামনে সীমা থাকলে চলাচলের বিষয়টি আলাদা হয়ে যায়।
