১৫/১. অধ্যায়ঃ
বুলুগুল মারাম হাদিস ১৪৩৬ - মুজাহিদ, ঋণী ও মুকাতাবকে সাহায্যের ফজিলত
মুদাব্বার, মুকাতাব, উম্মু ওয়ালাদের বর্ণনা - মুকাতাব দাস-দাসীকে সহযোগীতা করার ফযীলত
মুজাহিদ, ঋণী ও মুকাতাবকে সাহায্য করার ফজিলত
বুলুগুল মারাম : ১৪৩৬
বুলুগুল মারামহাদিস নম্বর ১৪৩৬
وَعَنْ سَهْلِ بْنِ حُنَيْفٍ - رضي الله عنه - أَنَّ رَسُولَ اللَّهِ - ﷺ - قَالَ: «مَنْ أَعَانَ مُجَاهِدًا فِي سَبِيلِ اللَّهِ, أَوْ غَارِمًا فِي عُسْرَتِهِ, أَوْ مُكَاتَبًا فِي رَقَبَتِهِ, أَظَلَّهُ اللَّهُ يَوْمَ لَا ظِلَّ إِلَّا ظِلُّهُ». رَوَاهُ أَحْمَدُ, وَصَحَّحَهُ الْحَاكِمُ
সাহল ইবনু হুনাইফ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেন, যে ব্যক্তি কোন মুজাহিদ (দ্বীনের পথের সংগ্রামী)–কে সাহায্য করবে বা কোন ঋণী ব্যক্তিকে (যার সাংসারিক অভাব-অনটনের কারণে ঋণ হয়েছে) বা মুকাতাব দাস বা দাসীকে দাসত্ব থেকে মুক্তির জন্য সাহায্য করবে, তাকে আল্লাহ ছায়াহীন কিয়ামতের কঠিন দিনে ছায়া প্রদান করবেন। [১৫৪৬]
[১৫৪৬] আহমাদ, হাকিম ২য় খন্ড ৮৯, ৯০ পৃষ্ঠা হাদীস নং ২১৭। তিনি যুহাইর বিন মুহাম্মাদ এবং আমর বিন সাবিত থেকে বর্ণনা করেছেন। ইমাম হাইসামী তাঁর মাজমাউয যাওয়ায়েদ ৫ম খন্ড ২৮৩ পৃষ্ঠায় বলেন, এ হাদীসের বর্ণনাকারী আবদুল্লাহ বিন সাহল বিন হুনাইফকে আমি চিনি না। আবদুল্লাহ বিন মুহাম্মাদ বিন উকাইল এর হাদীসটি হাসান। ইমাম যাহাবী তাঁর আল মুহাযাযিব (৮/৪৩৪৬) গ্রন্থে হাদীসটি খুবই গরীব বলেছেন। আল মুনযিরী তাঁর তারগীব ওয়াত তারহীব (২/২৩০) গ্রন্থে আবদুল্লাহ বিন মুহাম্মাদ বিন উকাইল দুর্বল বলেছেন। শাইখ আলবানী তাঁর সিলসিলা যঈফা ৪৫৫৫, যঈফুল জামে ৫৪৪৭, যঈফ তারগীব ৭৯৬ গ্রন্থসমূহে হাদীসটিকে দুর্বল বলেছেন। তবে যারা যারা হাদীসটিকে সহীহ বলেছেন, তারা হলেনঃ ইবনু হাজার আসকালানী তাঁর আল আমালী আল মুতলাকা (১০৫) গ্রন্থে হাদীসটি হাসান বলেছেন। ইমামা সুয়ূতী আল জামেউস সগীর (৮৪৭০) গ্রন্থে একে সহীহ বলেছেন। আল বাদরুল মুনীর (৯/৭৪১) গ্রন্থে একে সহীহ বলেছেন।
বুলুগুল মারাম হাদিস ১৪৩৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে তিন ধরনের মানুষকে সাহায্য করার কথা এসেছে। যে ব্যক্তি আল্লাহর পথে মুজাহিদকে সাহায্য করে, অথবা অভাবের কারণে ঋণী ব্যক্তিকে সাহায্য করে, অথবা মুকাতাব দাস-দাসীকে দাসত্ব থেকে মুক্তির জন্য সাহায্য করে—তার জন্য কিয়ামতের দিন আল্লাহর ছায়ার কথা বলা হয়েছে, যেদিন তাঁর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এখানে সাহায্য শুধু সাধারণ দান নয়; তা এমন মানুষের পাশে দাঁড়ানো, যারা বড় দায়িত্ব, ঋণের চাপ বা মুক্তির সংগ্রামে আছে। হাদিসটি সাহায্য, দাসমুক্তি, ঋণমুক্তি এবং আল্লাহর পথে সহায়তার বিষয়ে গভীর উৎসাহ দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মুজাহিদকে সাহায্য করা একটি গুরুত্বপূর্ণ নেক কাজ।
- অভাবগ্রস্ত ঋণীকে সাহায্য করার ফজিলত এসেছে।
- মুকাতাবকে মুক্তির পথে সাহায্য করা প্রশংসিত কাজ।
- কিয়ামতের দিনের ছায়ার কথা সাহায্যের বড় মর্যাদা বুঝায়।
