২/৭. অধ্যায়ঃ
বুলুগুল মারাম হাদিস ২৭৪ - সালাতের শুরু, রুকু ও সিজদার আদব
সালাত সম্পাদনের পদ্ধতি - নাবী (ﷺ)-এর সালাতের বৈশিষ্ট্য
সালাতের আদব: তাকবীর থেকে সালাম পর্যন্ত নবীজির বর্ণনা
বুলুগুল মারাম : ২৭৪
বুলুগুল মারামহাদিস নম্বর ২৭৪
وَعَنْ عَائِشَةَ - رَضِيَ اللَّهُ عَنْهَا - قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ - ﷺ - يَسْتَفْتِحُ الصَّلَاةَ بِالتَّكْبِيرِ, وَالْقِرَاءَةَ: بِـ (الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ) وَكَانَ إِذَا رَكَعَ لَمْ يُشْخِصْ رَأْسَهُ, وَلَمْ يُصَوِّبْهُ, وَلَكِنْ بَيْنَ ذَلِكَ. وَكَانَ إِذَا رَفَعَ مِنَ الرُّكُوعِ لَمْ يَسْجُدْ حَتَّى يَسْتَوِيَ قَائِمًا. وَإِذَا رَفَعَ مِنَ السُّجُودِ لَمْ يَسْجُدْ حَتَّى يَسْتَوِيَ جَالِسًا. وَكَانَ يَقُولُ فِي كُلِّ رَكْعَتَيْنِ التَّحِيَّةَ. وَكَانَ يَفْرِشُ رِجْلَهُ الْيُسْرَى وَيَنْصِبُ الْيُمْنَى. وَكَانَ يَنْهَى عَنْ عُقْبَةِ الشَّيْطَانِ, وَيَنْهَى أَنْ يَفْتَرِشَ الرَّجُلُ ذِرَاعَيْهِ افْتِرَاشَ السَّبُعِ. وَكَانَ يُخْتِمُ الصَّلَاةَ بِالتَّسْلِيمِ.أَخْرَجَهُ مُسْلِمٌ, وَلَهُ عِلَّةٌ
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) তাকবির তাহরীমা (আল্লাহু আকবার) দ্বারা সালাত ও ‘আলহামদুলিল্লাহ রাব্বিল আলামীন’ দ্বারা কিরাআত আরম্ভ করতেন। আর যখন রুকু‘ করতেন তখন মাথা না উচু রাখতেন, না নিচু- বরং সোজা সমতল করতেন। আবার যখন রুকু থেকে মাথা উঠাতেন তখন সোজা হয়ে না দাড়িয়ে সিজদাতে যেতেন না; পুনরায় যখন সিজদা থেকে মস্তক উঠাতেন তখন সোজা হয়ে না বসে দ্বিতীয় সিজদাতে যেতেন না। আর প্রত্যেক দুরাকাআতের শেষে আত্তাহিয়াতু পাঠ করতেন ও বাম পায়ের পাতা বিছিয়ে তার উপর (ভর করে) বসতেন ও ডান পায়ের পাতা খাড়া রাখতেন। আর ‘উক্বাতুশ শায়তান’ [৩০৯] নামক আসনে বসতে নিষেধ করতেন। আর হিংস্র জন্তুর ন্যায় কনুই পর্যন্ত দু' হাতকে মাটিতে স্থাপন করতে নিষেধ করতেন, আর সালামের মাধ্যমে সালাত সমাপ্ত করতেন। এর সনদে কিছু দুর্বলতা রয়েছে।” [৩১০]
[৩০৯] এ বসার ধরন হচ্ছে- নিতম্বকে যমীনের সাথে লাগিয়ে দুই হাঁটু খাড়া অবস্থায় থাকবে আর হাতের দুই তালু যমীনে থাকবে।[৩১০] মুসলিম ৪৯৮, আবু দাউদ ৭৮৩, ইবনু মাজাহ ৮১২, ৮৬৯, ৮৯৩. আহমাদ ২৩৫১০, ২৪২৭০, দারেমী ১২৩৬
বুলুগুল মারাম হাদিস ২৭৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে আয়িশা (রাঃ) নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সালাতের কয়েকটি গুরুত্বপূর্ণ দিক বর্ণনা করেছেন। তিনি তাকবীর দিয়ে সালাত শুরু করতেন এবং আলহামদুলিল্লাহি রব্বিল আলামীন দিয়ে কিরাআত আরম্ভ করতেন। রুকুতে মাথা খুব উঁচু বা নিচু রাখতেন না; বরং সমতল রাখতেন। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানোর আগে সিজদায় যেতেন না, আর সিজদা থেকে উঠে সোজা হয়ে বসার আগে দ্বিতীয় সিজদায় যেতেন না। প্রতি দুই রাকআতের শেষে আত্তাহিয়্যাতু পাঠ করতেন। বাম পা বিছিয়ে ও ডান পা খাড়া করে বসতেন। কিছু বসা ও হাত বিছানোর ভঙ্গি নিষেধ করতেন এবং সালাম দিয়ে সালাত শেষ করতেন।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সালাত তাকবীর দিয়ে শুরু এবং সালাম দিয়ে শেষ করার বর্ণনা আছে।
- রুকু ও সিজদার মাঝে সোজা হয়ে স্থির হওয়া শেখা যায়।
- সালাতে বৈঠক ও তাশাহহুদের গুরুত্ব আছে।
- নিষিদ্ধ ভঙ্গি এড়িয়ে সুন্দরভাবে সালাত আদায় করতে হবে।
