১২/৬১. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ২২৮৪ - ফল পাকার আগে খেজুর বাগান বিক্রির সতর্কতা
কোন নির্দিষ্ট খেজুর গাছ, ফল আসার পূর্বে অগ্রিম ক্রয়-বিক্রয়।
ফল আসার আগে বাগান বিক্রি: ক্ষতি হলে ন্যায়ের শিক্ষা
সুনানে ইবনে মাজাহ : ২২৮৪
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২২৮৪
حَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ النَّجْرَانِيِّ، قَالَ قُلْتُ لِعَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ أُسْلِمُ فِي نَخْلٍ قَبْلَ أَنْ يُطْلِعَ قَالَ لاَ. قُلْتُ لِمَ قَالَ إِنَّ رَجُلاً أَسْلَمَ فِي حَدِيقَةِ نَخْلٍ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ ـ ﷺ ـ قَبْلَ أَنْ يُطْلِعَ النَّخْلُ فَلَمْ يُطْلِعِ النَّخْلُ شَيْئًا ذَلِكَ الْعَامَ فَقَالَ الْمُشْتَرِي هُوَ لِي حَتَّى يُطْلِعَ . وَقَالَ الْبَائِعُ إِنَّمَا بِعْتُكَ النَّخْلَ هَذِهِ السَّنَةَ . فَاخْتَصَمَا إِلَى رَسُولِ اللَّهِ ـ ﷺ ـ فَقَالَ لِلْبَائِعِ " أَخَذَ مِنْ نَخْلِكَ شَيْئًا " . قَالَ لاَ. قَالَ " فَبِمَ تَسْتَحِلُّ مَالَهُ ارْدُدْ عَلَيْهِ مَا أَخَذْتَ مِنْهُ وَلاَ تُسْلِمُوا فِي نَخْلٍ حَتَّى يَبْدُوَ صَلاَحُهُ " .
আন-নাজরানী (রহঃ) হতে বর্ণিতঃ
আমি আবদুল্লাহ ইবনু উমর (রাঃ), কে জিজ্ঞেস করলাম, ফল আসার পূর্বে খেজুর গাছ অগ্রিম বিক্রয় করা যায় কিনা? তিনি বলেন, না। আমি বললাম, কেন? তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর যুগে এক ব্যক্তি ফল আসার পূর্বে একটি খেজুর বাগান অগ্রিম ক্রয় করে। কিন্তু (ঘটনাক্রমে) সে বছর খেজুর গাছে কোন ফল ধরেনি। ক্রেতা বললো, ফল না আসা পর্যন্ত এ বাগান আমার। আর বিক্রেতা বললো, নিশ্চয় আমি তোমার নিকট খেজুর বাগান কেবল এক বছরের জন্যই বিক্রয় করেছি।অতঃপর তারা রাসূলুল্লাহ (ﷺ)-এর দরবারে মামলা দায়ের করলো। তিনি বিক্রেতাকে জিজ্ঞেস করলেনঃ ক্রেতা কি তোমার খেজুর গাছ থেকে কিছু গ্রহণ করেছে? বিক্রেতা বললো, না। তিনি বলেনঃ তাহলে কিসের বদলে তুমি তার মাল হালাল করলে? তার থেকে যা গ্রহণ করেছো তা তাকে ফেরত দাও। আর (ভবিষ্যতে) গাছের খেজুর পুষ্ট না হওয়া পর্যন্ত তা অগ্রিম ক্রয়-বিক্রয় করো না।
[২২৮৪] আবূ দাউদ ৩৪৬৭, বায়হাকী ফিস সুনান ৭/৪৭৭। তাহকীক আলবানীঃ যইফ। উক্ত হাদিসের রাবী আন-নাজরানী সম্পর্কে আবু আহমাদ বিন আদী আল-জুরজানী, ইবনু হাজার আল-আসকালানী, ইমাম যাহাবী, উসমান বিন সা'দ ও ইয়াহইয়া বিন মাঈন তারা সকলে বলেন, তিনি মাজহুল বা অপরিচিত। (তাহযীবুল কামালঃ রাবী নং ৭৭৭২, ৩৫/২৫ নং পৃষ্ঠা)
সুনানে ইবনে মাজাহ হাদিস ২২৮৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে ফল আসার আগে খেজুর বাগান অগ্রিম বিক্রির একটি ঘটনা এসেছে। এক ব্যক্তি বাগান কিনেছিল, কিন্তু সে বছর গাছে ফল ধরেনি। তখন ক্রেতা বলল, ফল না আসা পর্যন্ত বাগান তার। বিক্রেতা বলল, সে শুধু এক বছরের জন্য বিক্রি করেছে। তারা রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কাছে গেলে তিনি জানতে চাইলেন, ক্রেতা কি কোনো ফল নিয়েছে? বিক্রেতা বলল, না। তখন তিনি বললেন, তাহলে কীসের বিনিময়ে তার মাল হালাল করলে? যা নিয়েছ তা ফেরত দাও। এই হাদিস ব্যবসায় ন্যায়বিচার, ক্ষতি এড়ানো এবং অপরের সম্পদ অন্যায়ভাবে না নেওয়ার শিক্ষা দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- পণ্য না পেলে ক্রেতার মাল আটকে রাখা ন্যায়ের কাজ নয়।
- ফল পুষ্ট হওয়ার আগে এমন লেনদেনে ঝুঁকি তৈরি হতে পারে।
- ব্যবসায় কারো সম্পদ নেওয়ার আগে বাস্তব বিনিময় থাকা দরকার।
