৫/১৯. অধ্যায়ঃ
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৩৩৪ - শয়তানের ওয়াসওয়াসা ও সাহু সিজদা
সালাতে ভুল-ভ্রান্তি হওয়া এবং তার জন্য সিজদা।
সালাতে রাকআত ভুলে গেলে সাহু সিজদার শিক্ষা
আল-লু'লু ওয়াল মারজান : ৩৩৪
আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৩৩৪
حديث أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِذَا نُودِيَ بِالصَّلاَةِ أَدْبَرَ الشَّيْطَانُ وَلَهُ ضُرَاطٌ حَتَّى لاَ يَسْمَعَ الأَذَانَ، فَإِذَا قُضِيَ ْالأَذَانُ أَقْبَلَ، فَإِذَا ثُوِّبَ بِهَا أَدْبَرَ، فَإِذَا قُضِيَ التَّثْوِيبُ أَقْبَلَ، حَتَّى يَخْطِرَ بَيْنَ الْمَرْءِ وَنَفْسِهِ، يَقُولُ اذْكُرْ كَذَا وَكَذَا، مَا لَمْ يَكُنْ يَذْكُرُ، حَتَّى يَظَلَّ الرَّجُلُ إِنْ يَدْرِي كَمْ صَلَّى فَإِذَا لَمْ يَدْرِ أَحَدُكُمْ كَمْ صَلَّى، ثَلاَثًا أَوْ أَرْبَعًا، فَلْيَسْجُدْ سَجْدَتَيْنِ وَهُوَ جَالِسٌ
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর রাসূল (ﷺ) বলেছেনঃ যখন সালাতের জন্য আযান দেয়া হয়, তখন শয়তান পিঠ ফিরিয়ে পালায় যাতে আযান শুনতে না পায় আর তার পশ্চাদ-বায়ু সশব্দে নির্গত হতে থাকে। আযান শেষ হয়ে গেলে সে এগিয়ে আসে। আবার সালাতের জন্য ইক্বামাত দেয়া হলে সে পিঠ ফিরিয়ে পালায়। ইক্বামাত শেষ হয়ে গেলে আবার ফিরে আসে। এমনকি সে সালাত আদায়রত ব্যক্তির মনে ওয়াস্ওয়াসা সৃষ্টি করে এবং বলতে থাকে, অমুক অমুক বিষয় স্মরণ কর, যা তার স্মরণে ছিল না। এভাবে সে ব্যক্তি কত রাক’আত সালাত আদায় করেছে তা স্মরণ করতে পারে না। তাই, তোমাদের কেউ তিন রাক’আত বা চার রাক’আত সালাত আদায় করেছে, তা মনে রাখতে না পারলে বসা অবস্থায় দুইটি সিজদা করবে।
সহীহুল বুখারী, পর্ব ২২ : সাউ, অধ্যায় ৬, হাঃ ১২৩১; মুসলিম, পর্ব ৫ : মসজিদ ও সালাতের স্থানসমূহের বর্ণনা, অধ্যায় ১৯, হাঃ ৩৮৯
অনুবাদের উৎস
- সংকলক:
- ইমাম বুখারি (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ)
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৩৩৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে আযান, ইকামাত, শয়তানের ওয়াসওয়াসা এবং সাহু সিজদার বিষয় একসাথে এসেছে। আল্লাহর রাসূল (صلى الله عليه وسلم) বলেছেন, সালাতের জন্য আযান দিলে শয়তান পিঠ ফিরিয়ে পালায়, যাতে আযান শুনতে না পায়। আযান শেষ হলে সে ফিরে আসে। ইকামাত দিলেও সে আবার পালায়, তারপর ফিরে এসে সালাতরত ব্যক্তির মনে নানা কথা এনে দেয়। ফলে মানুষ কখনো কত রাকআত পড়েছে তা ভুলে যায়। যদি কেউ তিন রাকআত না চার রাকআত পড়েছে বুঝতে না পারে, তবে বসা অবস্থায় দুইটি সিজদা করবে। সালাতে ওয়াসওয়াসা ও সাহু সিজদার হাদিস মুসল্লিকে ভয় নয়, বরং করণীয় শেখায়। ভুল হলে হাদিসের নির্দেশ অনুযায়ী সংশোধনের পথ আছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- আযান ও ইকামাতের সময় শয়তানের দূরে যাওয়ার কথা এসেছে।
- সালাতে ওয়াসওয়াসা মানুষের রাকআত ভুলিয়ে দিতে পারে।
- তিন না চার রাকআত সন্দেহ হলে বসা অবস্থায় দুই সিজদার নির্দেশ এসেছে।
- ভুল হলে আতঙ্কিত না হয়ে হাদিসে শেখানো করণীয় অনুসরণ করা উচিত।
