১১/৮. অধ্যায়ঃ
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৫৩৩ - বিপদের প্রথম আঘাতে ধৈর্য
ধৈর্য ধারণ বিপদের প্রথম ধাক্কাতেই।
বিপদের প্রথম আঘাতে ধৈর্য: কবরের পাশে নারীর ঘটনা
আল-লু'লু ওয়াল মারজান : ৫৩৩
আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৫৩৩
حديث أَنَسِ بْنِ مَالِكٍ رضي الله عنه، قَالَ: مَرَّ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِامْرَأَةٍ تَبْكِي عِنْدَ قَبْرٍ فَقَالَ: اتَّقِي اللهَ وَاصْبِرِي قَالَتْ: إِلَيْكَ عَنِّي، فَإِنَّكَ لَمْ تُصَبْ بِمُصِيبَتِي وَلَمْ تَعْرِفْهُ فَقِيلَ لَهَا: إِنَّهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؛ فَأَتَتْ بَابَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمْ تَجِدْ عِنْدَهُ بَوَّابِينَ؛ فَقَالَتْ: لَمْ أَعْرِفْكَ فَقَالَ: إِنَّمَا الصَّبْرُ عِنْدَ الصَّدْمَةِ الأُولَى
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) এক মহিলার পার্শ্ব দিয়ে যাচ্ছিলেন, যিনি কবরের পার্শ্বে ক্রন্দন করছিলেন। নবী (ﷺ) বললেনঃ তুমি আল্লাহকে ভয় কর এবং ধৈর্য ধারণ কর। মহিলাটি বললেন, আমার নিকট থেকে প্রস্থান করুন। আপনার উপর তো আমার মত বিপদ উপস্থিত হয়নি। তিনি নবী (ﷺ)-কে চিনতে পারেননি। পরে তাকে বলা হল, তিনি তো নবী (ﷺ)। তখন তিনি নবী (ﷺ)-এর দরজায় উপস্থিত হলেন, তাঁর কাছে কোন প্রহরী ছিল না। তিনি নিবেদন করলেন, আমি আপনাকে চিনতে পারিনি। তিনি বললেনঃ ধৈর্য তো বিপদের প্রাথমিক অবস্থাতেই (ধারণ করতে হয়)।
সহীহুল বুখারী, পর্ব ২৩: জানাযা, অধ্যায় ৩২, হাঃ ১২৮৩; মুসলিম, পর্ব ১১: জানাযা, অধ্যায় ৮, হাঃ ৯২৬
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৫৩৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে এক নারীর ঘটনা এসেছে, যিনি কবরের পাশে কান্না করছিলেন। নবী (صلى الله عليه وسلم) তাঁকে বললেন, আল্লাহকে ভয় কর এবং ধৈর্য ধর। নারীটি তাঁকে চিনতে পারেননি এবং নিজের কষ্টের কথা বলে সরে যেতে বললেন। পরে যখন জানলেন তিনি নবী (صلى الله عليه وسلم), তখন তাঁর দরজায় এলেন এবং বললেন, আমি আপনাকে চিনতে পারিনি। নবী (صلى الله عليه وسلم) বললেন, ধৈর্য তো বিপদের প্রথম আঘাতের সময়। এই হাদিস খুব বাস্তব একটি শিক্ষা দেয়। শোকের সময় মন ভেঙে যায়, কিন্তু ঠিক সেই সময় আল্লাহভীতি ও ধৈর্যের প্রয়োজন বেশি।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ধৈর্যের আসল পরীক্ষা বিপদের শুরুতেই হয়।
- শোকের সময়ও আল্লাহকে ভয় করতে বলা হয়েছে।
- নবী (صلى الله عليه وسلم)-এর দরজায় প্রহরী না থাকা তাঁর সহজতার দিক দেখায়।
- কষ্টের মুহূর্তে কথা বলার আগে নিজেকে সামলানো দরকার।
