৫/১. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ১৫২৫-[৩] - মুসলিমের ছয় অধিকার
রোগী দেখা ও রোগের সওয়াব - প্রথম অনুচ্ছেদ
অধিকাংশ লেখকবৃন্দ এর মধ্যে মুহাদ্দিসগণ ও ফুকাহারা জানাযাহ্ পর্বকে সালাতের পরে এনেছেন। কেননা মৃত ব্যক্তির সাথে গোসল, কাফন ইত্যাদি ক্রম করা হয় বিশেষ করে তার ওপর সালাত (সালাত/নামায/নামাজ) আদায় করা হয় যেখানে তার জন্য কবরের ‘আযাব হতে মুক্তি পাওয়ার উপকারিতা বিদ্যমান থাকে। কারো মতে মানুষের দু’ অবস্থা একটি জীবিত অপরটি মৃত অবস্থা আর প্রত্যেকটির সাথে সম্পর্ক থাকে ‘ইবাদাত ও মু‘আমিলাতের হুকুম-আহকাম। আর গুরুত্বপূর্ণ ‘ইবাদাত হচ্ছে সালাত। সুতরাং যখন জীবিতকালীন সম্পর্কিত হুকুম-আহকাম হতে মুক্ত হল তখন মৃত্যুকালীন সম্পর্কিত বিষয়াদি আলোচনা করা হল তন্মধ্যে সালাত ও অন্যান্য বিষয়।কারো মতে, জানাযার সালাত শুরু হয়েছে হিজরীর প্রথম বৎসরে, সুতরাং যারা মক্কায় মারা গেছে তাদের ওপর সালাত আদায় হয়নি।
মুসলিমের ছয়টি হক ও সামাজিক আদব
মিশকাতুল মাসাবীহ : ১৫২৫-[৩]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৫২৫-[৩]
وَعَنْ أَبِىْ هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «حَقُّ الْمُسْلِمِ عَلَى الْمُسْلِمِ سِتٌّ» . قِيلَ: مَا هُنَّ يَا رَسُولَ اللّهِ؟ قَالَ: «إِذَا لَقِيتَه فَسَلِّمْ عَلَيْهِ وَإِذَا دَعَاكَ فَأَجِبْهُ وَإِذَا اسْتَنْصَحَكَ فَانْصَحْ لَه وَإِذَا عَطَسَ فَحَمِدَ اللّهَ فَشَمِّتْهُ وَإِذَا مَرِضَ فَعُدْهُ وَإِذَا مَاتَ فَاتَّبِعْهُ» . رَوَاهُ مُسْلِمٌ
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মুসলিমের ওপর মুসলিমের ছয়টি হাক্ব (অধিকার) আছে। তাঁকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল! এ অধিকারগুলো কি কি? জবাবে তিনি বলেন,(১) কোন মুসলিমের সাথে দেখা হলে, সালাম দেবে,(২) তোমাকে কেউ দা’ওয়াত দিলে, তা কবূল করবে,(৩) তোমার কাছে কেউ কল্যাণ কামনা করলে তাকে কল্যাণের পরামর্শ দেবে,(৪) হাঁচি দিলে তার জবাব ইয়ারহামুকাল্ল-হ বলবে,(৫) কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে দেখতে যাবে,(৬) কারো মৃত্যু ঘটলে তার জানাযায় শারীক হবে। [১]
[১] সহীহ : মুলিম ২১৬২, আহমাদ ৮৮৪৫, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১০৯০৯, শু‘আবুল ঈমান ৮৭৩৭, শারহুস্ সুন্নাহ্ ১৪০৫, সহীহ আদাবুল মুফরাদ ৯৯১, সহীহ আত্ তারগীব ৩৪৯৪, সহীহ আল জামি‘ ৩১৫১।
মিশকাতুল মাসাবীহ হাদিস ১৫২৫-[৩]-এর সারসংক্ষেপ
এই হাদিসে মুসলিমের ওপর মুসলিমের ছয়টি হক বলা হয়েছে। দেখা হলে সালাম দেওয়া, দাওয়াত পেলে গ্রহণ করা, কেউ কল্যাণের পরামর্শ চাইলে তাকে ভালো পরামর্শ দেওয়া, হাঁচির পর আলহামদুলিল্লাহ বললে ইয়ারহামুকাল্লাহ বলা, অসুস্থ হলে দেখতে যাওয়া এবং মৃত্যু হলে জানাযায় অংশ নেওয়া—এগুলোই সেই ছয় অধিকার। এখানে মুসলিম অধিকার শুধু বড় বড় কাজের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং প্রতিদিনের কথা, দেখা, দোয়া, পরামর্শ ও শোকের সময় পাশে থাকার মধ্যেও তা প্রকাশ পায়। হাদিসটি মানুষকে সম্পর্ক রক্ষা করতে শেখায়। বিশেষ করে উপদেশ চাইলে কল্যাণের পরামর্শ দেওয়া—এটি বিশ্বাস ও সততার পরিচয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মুসলিমের সঙ্গে দেখা হলে সালাম দেওয়া সম্পর্কের সুন্দর শুরু।
- কল্যাণের পরামর্শ চাইলে আন্তরিকভাবে ভালো কথা বলা উচিত।
- রোগী দেখা ও জানাযায় যাওয়া সম্পর্কের বাস্তব দায়িত্ব।
- হাঁচির জবাব দোয়া ও ভদ্রতার অংশ।
