১১/১০. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ২৬৬৩-[৫] - যমযমের পানি সেবার মর্যাদা
কুরবানির দিনের ভাষণ, আইয়ামে তাশরিকে পাথর মারা ও বিদায়ী তাওয়াফ করা - প্রথম অনুচ্ছেদ
যমযমের পানি সেবা ও নবীজির উৎসাহ
মিশকাতুল মাসাবীহ : ২৬৬৩-[৫]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২৬৬৩-[৫]
وَعَنِ ابْنِ عَبَّاسٍ: أَنَّ رَسُوْلَ اللّٰهِ ﷺ جَاءَ إِلَى السِّقَايَةِ فَاسْتَسْقٰى. فَقَالَ الْعَبَّاسُ: يَا فَضْلُ اذْهَبْ إِلٰى أُمِّكَ فَأْتِ رَسُوْلَ اللّٰهِ ﷺ بِشَرَابٍ مِنْ عِنْدِهَا فَقَالَ: «اسْقِنِىْ» فَقَالَ: يَا رَسُوْلَ اللّٰهِ إِنَّهُمْ يَجْعَلُونَ أَيْدِيَهُمْ فِيهِ قَالَ: اسْقِنِىْ. فَشَرِبَ مِنْهُ ثُمَّ أَتٰى زَمْزَمَ وَهُمْ يَسْقُوْنَ وَيَعْمَلُوْنَ فِيْهَا. فَقَالَ: اعْمَلُوْا فَإِنَّكُمْ عَلٰى عَمَلٍ صَالِحٍ». ثُمَّ قَالَ: «لَوْلَا أَنْ تُغْلَبُوْا لَنَزَلْتُ حَتّٰى اَضَعَ الْحَبْلَ عَلٰى هٰذِه». وَأَشَارَ إِلٰى عَاتِقِه. رَوَاهُ البُخَارِىُّ
‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসুলুল্লাহ (ﷺ) যেখানে ‘পানি পান’ করানো হয় সেখানে এসে পানি চাইলেন। তখন (আমার পিতা) ‘আব্বাস (আমার ভাইকে) বললেন, হে ফযল! তোমার মায়ের কাছে যাও। রাসুলুল্লাহ (ﷺ)-এর জন্য তার কাছ থেকে খাবার পানি নিয়ে আসো। তখন তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, আমাকে এখান থেকে পানি পান করাও। আমার পিতা তখন বললেন, হে আল্লাহর রাসূল! এতে লোকেরা হাত দেয়। তখন তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, আমাকে এখান থেকেই পানি পান করাও। এরপর তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এখান থেকেই পানি পান করলেন।তারপর তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) যমযমের কূপের কাছে গেলেন। তখনও তারা পানি পান করাচ্ছিলেন ও কাজ করছিলেন। (এ অবস্থা দেখে) তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, কাজ করতে থাকো, কেননা তোমরা নেক কাজে ব্যস্ত আছ। তারপর তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, যদি লোকেরা তোমাদেরকে পরাভূত করবে- এ আশঙ্কা আমার না থাকতো তাহলে আমি সওয়ারী হতে নেমে এতে রশি নিতাম। (রাবী বলেন) এটা বলে তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) নিজের কাঁধের দিকেই ইশারা করলেন।(বুখারী)[১]
[১] সহীহ : বুখারী ১৬৩৫, সহীহ ইবনু খুযায়মাহ্ ২৯৪৬, মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১১৯৬৩, মুসতাদরাক লিল হাকিম ১৭৪৭, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৯৬৫৩।
মিশকাতুল মাসাবীহ হাদিস ২৬৬৩-[৫]-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসুলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর বিনয়, সহজতা এবং পানি সেবাকারীদের প্রতি উৎসাহ দেখা যায়। তিনি পানি পান করানোর স্থানে এসে পানি চান। আব্বাস (রাঃ) ঘর থেকে আলাদা পানি আনতে চাইলে নবী (صلى الله عليه وسلم) বলেন, এখান থেকেই আমাকে পানি পান করাও। আব্বাস (রাঃ) বলেন, লোকেরা এতে হাত দেয়। তবুও নবী (صلى الله عليه وسلم) সেই স্থান থেকেই পানি পান করেন। এরপর তিনি যমযমের কূপের কাছে যান এবং যারা পানি তুলছিল ও পান করাচ্ছিল, তাদের বলেন, কাজ করতে থাকো, তোমরা নেক কাজে আছ। তিনি আরও বলেন, মানুষের ভিড় বা প্রতিযোগিতার আশঙ্কা না থাকলে নিজেও রশি নিয়ে কাজে অংশ নিতেন। এই হাদিস যমযমের পানি সেবা, মানুষের খেদমত এবং বিনয়ের সুন্দর শিক্ষা দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- নবী (صلى الله عليه وسلم) সাধারণ মানুষের ব্যবহৃত স্থান থেকেও পানি পান করেছেন।
- যমযমের পানি পান করানোকে নেক কাজ বলা হয়েছে।
- সেবামূলক কাজে উৎসাহ দেওয়া নবীজির আচরণের অংশ ছিল।
- তিনি চাইলে নিজেও রশি নিয়ে কাজে অংশ নিতে আগ্রহ দেখিয়েছেন।
