১৪/১. অধ্যায়ঃ
অংশীদারী গোলাম মুক্তি করা ও নিকটাত্মীয়কে ক্রয় করা এবং অসুস্থাবস্থায় গোলাম মুক্তি করা - তৃতীয় অনুচ্ছেদ
অনুচ্ছেদটি উদ্ধৃত করে মুসান্নিফের উদ্দেশ্য হলো, হাদীস দ্বারা এ কথা প্রমাণ করা যে, যিহারের কাফ্ফারায় আযাদকৃত দাস বা দাসী মু'মিন হওয়া আবশ্যক। উসুলে ফিক্বহে মুতলাক্ব তথা শর্তবিহীন হুকুমকে শর্তযুক্ত করার উসূল বা নীতিতে এর বিশদ আলোচনা রয়েছে। এই অনুচ্ছেদের অধীনের হাদীসটি কুরআনের মুতলাক্ব বা যিহারের কাফ্ফারার শর্তযুক্ত হুকুমকে ঈমানের শর্তে শর্তযুক্ত করার প্রমাণ বহন করে, এতে কোনো দ্বিমত পোষণের সুযোগ নেই। তবে মুকাইয়াদ অর্থাৎ শর্তটি কি এভাবে নির্ধারিত যে, ভুলে হত্যার কাফ্ফারার মতো ঈমানদার ছাড়া আযাদ করলে আদায় হবে না, নাকি উত্তমের বর্ণনা- এতে মতভেদ রয়েছে। আল্লাহ অধিক ভালো জানেন। ২৯৯৯ নং হাদীসের ব্যাখ্যায় এর কিছুটা আলোচনা করা হয়েছে। (সম্পাদক)
মিশকাতুল মাসাবিহ : ৩৪০৩-[১৬]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৪০৩-[১৬]
عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي عَمْرَةَ الْأَنْصَارِيِّ: أَنَّ أُمَّهُ أَرَادَتْ أَنْ تَعْتِقَ فَأَخَّرَتْ ذَلِكَ إِلَى أَنْ تُصْبِحَ فَمَاتَتْ قَالَ عَبْدُ الرَّحْمَنِ: فَقُلْتُ لِلْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ: أَيَنْفَعُهَا أَنْ أَعْتِقَ عَنْهَا؟ فَقَالَ الْقَاسِمُ: أَتَى سَعْدُ بْنُ عُبَادَةَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ: إِنَّ أُمِّي هَلَكَتْ فَهَلْ يَنْفَعُهَا أَنْ أَعْتِقَ عَنْهَا؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «نعم» . رَوَاهُ مَالك
সা'দ ইবনু 'উবাদাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
(একদিন) তাঁর মা একটি গোলাম মুক্ত করার ইচ্ছা পোষণ করলেন। কিন্তু তিনি এটা আদায় করতে ভোর অবধি বিলম্ব করে ফেলেন, অতঃপর তিনি ইন্তিকাল করেন। ‘আব্দুর রহমান বলেন, আমি ক্বাসিম ইবনু মুহাম্মাদ-কে জিজ্ঞেস করলাম, আচ্ছা! এখন যদি আমি আমার মায়ের পক্ষ থেকে গোলাম মুক্ত করি, তাহলে তাঁর কোনো উপকারে আসবে কি? ক্বাসিম বললেন, (একদিন) সা'দ ইবনু 'উবাদাহ্ (রাঃ) নবী (ﷺ) এর নিকট এসে বললেন, আমার আম্মা মৃত্যুবরণ করেছেন, এখন যদি তাঁর পক্ষ হতে আমি গোলাম মুক্ত করি, তাহলে তিনি তার সাওয়াব পাবে কি? উত্তরে রাসূলুল্লাহ (ﷺ) বললেন, হ্যাঁ, তিনি তার সাওয়াব পাবেন।
[১] হাসান : মালিক ১৫৫৫, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১২৬৩৮।
