২৪/০. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৪৬১৮-[১৩] - হিজরত ও তলোয়ারের স্বপ্ন
স্বপ্ন - প্রথম অনুচ্ছেদ
‘আল্লামা ত্বীবী (রহিমাহুল্লাহ) বলেনঃ স্বপ্নের মূলতত্ত্ব হচ্ছে এই যে, আল্লাহ ঘুমন্ত ব্যক্তির অন্তরে ‘ইলমসমূহ এবং দৃষ্টিজ্ঞান সৃষ্টি করেন যেমন জাগ্রত অবস্থায় করে থাকেন। আর ঘুমন্ত ব্যক্তির মধ্যে এ ধরনের ‘ইলমসমূহের সৃষ্টি হচ্ছে অন্যান্য বিষয়াদির নিদর্শন, যা ভবিষ্যতে হবে। আর এটা কখনো স্পষ্ট হবে। আবার কখনো হবে ইঙ্গিতাকারে।
হিজরত, উহুদ ও বিজয়ের স্বপ্নের তাবীর
মিশকাতুল মাসাবীহ : ৪৬১৮-[১৩]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৪৬১৮-[১৩]
وَعَنْ أَبِي مُوسَى عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: رَأَيْتُ فِي الْمَنَامِ أَنِّي أُهَاجِرُ مِنْ مَكَّةَ إِلَى أَرْضٍ بِهَا نَخْلٌ فَذَهَبَ وَهْلِي إِلَى أَنَّهَا الْيَمَامَةُ أَوْ هَجَرُ فَإِذَا هِيَ الْمَدِينَةُ يَثْرِبُ وَرَأَيْتُ فِي رُؤْيَايَ هَذِهِ: أَنِّي هَزَزْتُ سَيْفًا فَانْقَطَعَ صَدْرُهُ فَإِذَا هُوَ مَا أُصِيبَ مِنَ الْمُؤْمِنِينَ يَوْمَ أُحُدٍ ثُمَّ هَزَزْتُهُ أُخْرَى فعادَ أحسنَ مَا كانَ فإِذا هوَ جَاءَ اللَّهُ بِهِ مِنَ الْفَتْحِ وَاجْتِمَاعِ الْمُؤْمِنِينَ
আবূ মূসা আশআরী (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন নবী (ﷺ) বলেছেন : আমি স্বপ্নে দেখেছি, আমি মাক্কাহ্ হতে এমন এক ভূ-খণ্ডের দিকে হিজরত করছি যেখানে খেজুর গাছ রয়েছে। আমার ধারণা হলো, এটার দ্বারা ইয়ামামাহ্ বা হিজরের দিকে ইঙ্গিত করা হয়েছে। কিন্তু পরে প্রকাশ পেল, তা মাদীনাহ্ মুনাওয়ারা, যার নাম 'ইয়াসরিব'। আমি স্বপ্নে এটাও দেখতে পেলাম যে, আমি তলোয়ার নাড়াচ্ছি। এমন সময় তার মধ্যখান ভেঙ্গে গেল। আর তার তা'বীর “উহুদ যুদ্ধে মুসলিমদের ওপর নেমে আসা বিপর্যয়” দ্বারা প্রকাশ পেল। অতঃপর আমি পুনরায় তলোয়ার নাড়া দিলাম, তখন দেখলাম, তা পূর্বাপেক্ষা আরো উত্তম হয়ে গেছে। আর তা'বীর যা আল্লাহ তা'আলা পরবর্তী সময়ে দান করেছেন (মাক্কাহ্) বিজয় এবং মুসলিমদের সম্মিলিত শক্তি।
[১] সহীহ : বুখারী ৭০৩৫, মুসলিম (২২৭২)-২০, ইবনু মাজাহ ৩৮২১, সহীহুল জামি‘ ৩৪৭২, আল জামি‘উস্ সগীর ৫৭৮৫, আবূ ইয়া‘লা ৭২৯৮, ‘নাসায়ী’র কুবরা ৭৬৫০, সহীহ ইবনু হিব্বান ৬২৭৫, দারিমী ২১৫৮।
মিশকাতুল মাসাবীহ হাদিস ৪৬১৮-[১৩]-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) নিজের কয়েকটি স্বপ্নের কথা বলেছেন। তিনি দেখলেন, তিনি মাক্কাহ থেকে এমন এক ভূমির দিকে হিজরত করছেন যেখানে খেজুর গাছ আছে। প্রথমে তাঁর ধারণা হয়েছিল, তা ইয়ামামা বা হিজর হতে পারে। পরে প্রকাশ পেল, তা মাদীনাহ, যার নাম ইয়াসরিব। এরপর তিনি স্বপ্নে দেখলেন, তলোয়ার নাড়লে তার মাঝখান ভেঙে গেল। এর তাবীর হলো উহুদ যুদ্ধে মুসলিমদের ওপর আসা বিপর্যয়। আবার তলোয়ার নাড়লে তা আরও ভালো হয়ে গেল। এর তাবীর হলো আল্লাহর দান করা বিজয় এবং মুমিনদের সম্মিলিত শক্তি। এই হাদিস স্বপ্নের তাবীর, ধৈর্য, বিপর্যয়ের পর কল্যাণ এবং আল্লাহর সাহায্যের শিক্ষা দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- নবী (صلى الله عليه وسلم)-এর স্বপ্নে হিজরতের ভূমির ইঙ্গিত এসেছে।
- উহুদের বিপর্যয় স্বপ্নের তলোয়ার ভাঙার মাধ্যমে বোঝানো হয়েছে।
- বিপদের পর আল্লাহ কল্যাণ ও শক্তি দান করতে পারেন।
- স্বপ্নের তাবীর নিজে নিজে নিশ্চিতভাবে করা সবার কাজ নয়।
