৬/২৬. অধ্যায়ঃ
রাত্রিকালীণ সলাতে দু‘আ ও ক্বিয়াম
সহিহ মুসলিম : ১৬৭৩
সহিহ মুসলিমহাদিস নম্বর ১৬৭৩
حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ هَاشِمِ بْنِ حَيَّانَ الْعَبْدِيُّ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، - يَعْنِي ابْنَ مَهْدِيٍّ - حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، عَنْ كُرَيْبٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ بِتُّ لَيْلَةً عِنْدَ خَالَتِي مَيْمُونَةَ فَقَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم مِنَ اللَّيْلِ فَأَتَى حَاجَتَهُ ثُمَّ غَسَلَ وَجْهَهُ وَيَدَيْهِ ثُمَّ نَامَ ثُمَّ قَامَ فَأَتَى الْقِرْبَةَ فَأَطْلَقَ شِنَاقَهَا ثُمَّ تَوَضَّأَ وُضُوءًا بَيْنَ الْوُضُوءَيْنِ وَلَمْ يُكْثِرْ وَقَدْ أَبْلَغَ ثُمَّ قَامَ فَصَلَّى فَقُمْتُ فَتَمَطَّيْتُ كَرَاهِيَةَ أَنْ يَرَى أَنِّي كُنْتُ أَنْتَبِهُ لَهُ فَتَوَضَّأْتُ فَقَامَ فَصَلَّى فَقُمْتُ عَنْ يَسَارِهِ فَأَخَذَ بِيَدِي فَأَدَارَنِي عَنْ يَمِينِهِ فَتَتَامَّتْ صَلاَةُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِنَ اللَّيْلِ ثَلاَثَ عَشْرَةَ رَكْعَةً ثُمَّ اضْطَجَعَ فَنَامَ حَتَّى نَفَخَ وَكَانَ إِذَا نَامَ نَفَخَ فَأَتَاهُ بِلاَلٌ فَآذَنَهُ بِالصَّلاَةِ فَقَامَ فَصَلَّى وَلَمْ يَتَوَضَّأْ وَكَانَ فِي دُعَائِهِ " اللَّهُمَّ اجْعَلْ فِي قَلْبِي نُورًا وَفِي بَصَرِي نُورًا وَفِي سَمْعِي نُورًا وَعَنْ يَمِينِي نُورًا وَعَنْ يَسَارِي نُورًا وَفَوْقِي نُورًا وَتَحْتِي نُورًا وَأَمَامِي نُورًا وَخَلْفِي نُورًا وَعَظِّمْ لِي نُورًا " . قَالَ كُرَيْبٌ وَسَبْعًا فِي التَّابُوتِ فَلَقِيتُ بَعْضَ وَلَدِ الْعَبَّاسِ فَحَدَّثَنِي بِهِنَّ فَذَكَرَ عَصَبِي وَلَحْمِي وَدَمِي وَشَعَرِي وَبَشَرِي وَذَكَرَ خَصْلَتَيْنِ .
আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
আমি এক রাতে আমার খালা মাইমুনা (রাঃ)-এর [রসূলুল্লাহ (ﷺ)-এর স্ত্রীর] ঘরে কাটালাম। (আমি দেখলাম) নবী (ﷺ) রাতের বেলা উঠলেন এবং প্রাকৃতিক প্রয়োজন সেরে এসে মুখমণ্ডল এবং দুই হাত ধুলেন। এরপর তিনি (ﷺ) ঘুমালেন।পরে পুনরায় উঠে মশকের পাশে গেলেন এবং এর বন্ধন খুলে ওজু করলেন। ওজুতে তিনি (ﷺ) মধ্যমপন্থা অবলম্বন করলেন (অর্থাৎ ওজু করতে খুব যত্নও নিলেন না আবার একেবারে খুব হালকাভাবেও ওজু করলেন না)। তিনি (ﷺ) বেশি পানি ব্যবহার করলেন না। তবে পূর্ণাঙ্গ ওজু করলেন। তারপর দাঁড়িয়ে সালাত আদায় করলেন।আমি সে সময় উঠলাম এবং তাঁর কাজকর্ম দেখার জন্য জেগে ছিলাম বা সতর্কভাবে তা লক্ষ্য করছিলাম, রসূলুল্লাহ (ﷺ) এটা যেন না ভেবে বসেন তাই আড়মোড়া ভাঙ্গলাম। এবার আমি ওজু করলাম এবং রসূলুল্লাহ (ﷺ) সালাত আদায় করতে দাঁড়ালেন, অতঃপর আমিও তাঁর বাঁ পাশে দাঁড়ালাম। তিনি (ﷺ) আমাকে আমার হাত ধরে ঘুরিয়ে এনে তাঁর ডান পাশে দাঁড় করিয়ে দিলেন। এভাবে রসূলুল্লাহ (ﷺ)-এর রাতের সালাত তেরো রাকাত শেষ হল। এরপর তিনি (ﷺ) ঘুমিয়ে পড়লেন। এমনকি (ঘুমের মধ্যে তাঁর) নাক ডাকতে শুরু করল। তিনি (ﷺ) স্বভাবত যখনই ঘুমাতেন তখন নাক ডাকত।পরে বিলাল (রাঃ) তাঁকে সালাতের কথা বলে গেলেন। তিনি (ﷺ) বললেনঃ “আল্লাহুম্মাজ‘আল ফি কালবি নূরান ওয়া ফি বাসারি নূরান, ওয়া ফি সামই নূরান, ওয়া আন ইয়ামিনি নূরান, ওয়া আন ইয়াসারি নূরান, ওয়া ফাওকি নূরান, ওয়া তাহতি নূরান, ওয়া আমামি নূরান, ওয়া খালফি নূরান, ওয়া ‘আজিম লি নূরা”—(অর্থাৎ হে আল্লাহ! তুমি আমার হৃদয়ে আলো দান কর, আমার চোখে আলো দান কর, আমার কানে বা শ্রবণ শক্তিতে আলো দান কর। আমার ডান দিকে আলো দান কর, আমার বাঁ দিকে আলো দান কর, আমার উপর দিকে আলো দান কর, আমার নিচের দিকে আলো দান কর, আমার সামনে আলো দান কর, আমার পিছনে আলো দান কর এবং আমার আলোকে মহান করে দাও।)বর্ণনাকারী কুরাইব বলেছেনঃ তিনি এরূপ আরো সাতটি কথা বলেছিলেন যা আমি ভুলে গিয়েছি। হাদীসের বর্ণনাকারী সালামা ইবনে কুহাইল বলেনঃ এরপর আমি আব্বাস (রাঃ)-এর এক পুত্রের সাথে সাক্ষাৎ করলে তিনি ঐগুলো (অবশিষ্ট সাতটি) আমার কাছে বর্ণনা করলেন। তাতে তিনি উল্লেখ করলেন: আমার স্নায়ুতে, আমার শরীরের গোশতে, আমার রক্তে, আমার চুলে এবং আমার গাত্রচর্মে আলো দান কর। এছাড়াও তিনি আরো দুইটি বিষয় উল্লেখ করে বললেনঃ এ দুইটিতেও তিনি আলো চেয়েছেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ১৬৫৮,ইসলামীক সেন্টারঃ ১৬৬৫
