৭/২৫. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ১৮৩০ - দুই কাতারে সালাতুল খাওফ
শঙ্কার (ভয়ের) সময় সলাত
দুই কাতারে সালাতুল খাওফের সুন্দর পদ্ধতি
সহীহ মুসলিম : ১৮৩০
সহীহ মুসলিমহাদিস নম্বর ১৮৩০
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ أَبِي سُلَيْمَانَ، عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ،قَالَ شَهِدْتُ مَعَ رَسُولِ اللَّهِ ﷺ صَلاَةَ الْخَوْفِ فَصَفَّنَا صَفَّيْنِ صَفٌّ خَلْفَ رَسُولِ اللَّهِ ﷺ وَالْعَدُوُّ بَيْنَنَا وَبَيْنَ الْقِبْلَةِ فَكَبَّرَ النَّبِيُّ ﷺ وَكَبَّرْنَا جَمِيعًا ثُمَّ رَكَعَ وَرَكَعْنَا جَمِيعًا ثُمَّ رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ وَرَفَعْنَا جَمِيعًا ثُمَّ انْحَدَرَ بِالسُّجُودِ وَالصَّفُّ الَّذِي يَلِيهِ وَقَامَ الصَّفُّ الْمُؤَخَّرُ فِي نَحْرِ الْعَدُوِّ فَلَمَّا قَضَى النَّبِيُّ ﷺ السُّجُودَ وَقَامَ الصَّفُّ الَّذِي يَلِيهِ انْحَدَرَ الصَّفُّ الْمُؤَخَّرُ بِالسُّجُودِ وَقَامُوا ثُمَّ تَقَدَّمَ الصَّفُّ الْمُؤَخَّرُ وَتَأَخَّرَ الصَّفُّ الْمُقَدَّمُ ثُمَّ رَكَعَ النَّبِيُّ ﷺ وَرَكَعْنَا جَمِيعًا ثُمَّ رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ وَرَفَعْنَا جَمِيعًا ثُمَّ انْحَدَرَ بِالسُّجُودِ وَالصَّفُّ الَّذِي يَلِيهِ الَّذِي كَانَ مُؤَخَّرًا فِي الرَّكْعَةِ الأُولَى وَقَامَ الصَّفُّ الْمُؤَخَّرُ فِي نُحُورِ الْعَدُوِّ فَلَمَّا قَضَى النَّبِيُّ ﷺ السُّجُودَ وَالصَّفُّ الَّذِي يَلِيهِ انْحَدَرَ الصَّفُّ الْمُؤَخَّرُ بِالسُّجُودِ فَسَجَدُوا ثُمَّ سَلَّمَ النَّبِيُّ ﷺ وَسَلَّمْنَا جَمِيعًا . قَالَ جَابِرٌ كَمَا يَصْنَعُ حَرَسُكُمْ هَؤُلاَءِ بِأُمَرَائِهِمْ .
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে সালাতুল খাওফ আদায় করেছি। তিনি আমাদেরকে দু দলে বিভক্ত করলেন। একদল ছিল রাসূলুল্লাহ (ﷺ)-এর পিছনে আর শত্রুবাহিনী ছিল আমাদের ও কেবলার মাঝখানে। রাসূলুল্লাহ (ﷺ) তাকবিরে তাহরীমা বললে আমরাও সকলে তাকবিরে তাহরীমা বললাম। তিনি রুকূ' করলে আমরা সকলেই রুকূ' করলাম অতঃপর তিনি রুকূ' থেকে মাথা উঠালে আমরা সকলেই মাথা উঠালাম।অতঃপর তিনি সিজদায় গেলেন এবং তাঁর নিকটস্থ কাতারের লোকজনও, আর খানিক দূরের কাতারটি শত্রুবাহিনীর বিরুদ্ধে প্রতিরক্ষায় দাঁড়িয়ে থাকল। নবী (ﷺ) যখন সিজদাহ্ সমাপ্ত করলেন এবং তাঁর নিকটস্থ কাতারও দাঁড়িয়ে গেল, তখন খানিক দূরের কাতারটি সিজদায় গেল। আর এরা দাঁড়িয়ে থাকল। অতঃপর পিছনের দলটি সামনে আসল এবং সামনের দলটি পিছনে সরে গেল।অতঃপর নবী (ﷺ) রুকূ' করলে আমরাও সকলে রুকূ' করলাম। অতঃপর তিনি রুকূ থেকে মাথা উঠালে আমরাও সকলে মাথা উঠালাম। অতঃপর তিনি সিজদায় গেলেন এবং তাঁর নিকটবর্তী দলটি যারা প্রথম রাক'আতে পিছনে ছিল, তাঁরাও। আর খানিক দূরের দলটি শত্রুবাহিনীর বিরুদ্ধে প্রতিরক্ষায় দাঁড়িয়ে থাকল। নবী (ﷺ) তাঁর নিকটবর্তী দলটিসহ সিজদাহ্ সমাপ্ত করার পর খানিক দূরের দলটি সিজদায় গেল। এবং এভাবে সালাত আদায় করল। অতঃপর নবী (ﷺ) সালাম ফিরালে আমরাও সালাম ফিরালাম। জাবির (রাঃ) বলেন, যেমন তোমাদের প্রহরীগণ তাদের আমীরগণকে পাহারা দেয়।
ই.ফা. ১৮১৫, ই.সে. ১৮২২
সহীহ মুসলিম হাদিস ১৮৩০-এর সারসংক্ষেপ
এই হাদিসে জাবির (রাঃ) রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর সাথে সালাতুল খাওফ আদায়ের বিস্তারিত ছবি তুলে ধরেছেন। শত্রু মুসলিমদের ও কেবলার মাঝখানে ছিল। সাহাবীরা দুই কাতারে দাঁড়ালেন। নবী صلى الله عليه وسلم তাকবির বললে সবাই তাকবির বলল, তিনি রুকু করলে সবাই রুকু করল। কিন্তু সিজদার সময় তাঁর নিকটবর্তী কাতার সিজদা করল, আর দূরের কাতার শত্রুর বিরুদ্ধে দাঁড়িয়ে রইল। এরপর দূরের কাতার সিজদা করল। দ্বিতীয় রাকাতে কাতার বদল হলো, যাতে দুই দলই নবী صلى الله عليه وسلم-এর কাছে থাকার সুযোগ পায় এবং পাহারার দায়িত্বও পালন করে। এই সালাতুল খাওফ হাদিসে নামাজ, শৃঙ্খলা, দলীয় দায়িত্ব ও নিরাপত্তা একসাথে দেখা যায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সালাতের ভেতরেও শৃঙ্খলা ও নেতৃত্বের অনুসরণ জরুরি।
- ভয়ের সময় নিরাপত্তার দায়িত্ব ভাগ করে নেওয়া হয়েছে।
- দুই কাতার পালাক্রমে সিজদা ও পাহারার কাজ করেছে।
- নবী صلى الله عليه وسلم-এর সালাম ফেরানোর পর সবাই সালাম ফিরিয়েছে।
