৩৩/৩৭. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৪৫৩৩ - উহুদে আনসারদের আত্মত্যাগ
উহুদ যুদ্ধ
উহুদে আনসারদের আত্মত্যাগ ও নবীজির পাশে থাকা
সহীহ মুসলিম : ৪৫৩৩
সহীহ মুসলিমহাদিস নম্বর ৪৫৩৩
وَحَدَّثَنَا هَدَّابُ بْنُ خَالِدٍ الأَزْدِيُّ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ عَلِيِّ بْنِ زَيْدٍ، وَثَابِتٍ، الْبُنَانِيِّ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ أُفْرِدَ يَوْمَ أُحُدٍ فِي سَبْعَةٍ مِنَ الأَنْصَارِ وَرَجُلَيْنِ مِنْ قُرَيْشٍ فَلَمَّا رَهِقُوهُ قَالَ " مَنْ يَرُدُّهُمْ عَنَّا وَلَهُ الْجَنَّةُ أَوْ هُوَ رَفِيقِي فِي الْجَنَّةِ " . فَتَقَدَّمَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ فَقَاتَلَ حَتَّى قُتِلَ ثُمَّ رَهِقُوهُ أَيْضًا فَقَالَ " مَنْ يَرُدُّهُمْ عَنَّا وَلَهُ الْجَنَّةُ أَوْ هُوَ رَفِيقِي فِي الْجَنَّةِ " . فَتَقَدَّمَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ فَقَاتَلَ حَتَّى قُتِلَ فَلَمْ يَزَلْ كَذَلِكَ حَتَّى قُتِلَ السَّبْعَةُ فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ لِصَاحِبَيْهِ «مَا أَنْصَفْنَا أَصْحَابَنَا».
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ্ (ﷺ) যখন উহুদ যুদ্ধের দিন কেবল সাতজন আনসার ও দু’জন কুরায়শ (মুহাজির) সাথীসহ (শত্রুবাহিনী কর্তৃক) অবরুদ্ধ হয়ে পড়েন এবং তা তাঁকে (চতুর্দিক থেকে) বেষ্টন করে ফেলে, তিনি বললেন, কে আমার পক্ষ থেকে শত্রুদের প্রতিহত করবে, তার জন্য রয়েছে জান্নাত। অথবা বললেন, সে জান্নাতে আমার সঙ্গী হবে? তখন আনসারদের মধ্যকার এক ব্যক্তি অগ্রসর হয়ে যুদ্ধ শুরু করলেন এবং পরিশেষে শহীদ হলেন। তারপর পুনরায় তারা তাঁকে ঘেরাও করে ফেললো এবং অনুরূপভাবে লড়াই করতে করতে তাঁদের সাতজনই শহীদ হলেন। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁর সঙ্গীদ্বয়কে লক্ষ্য করে বললেন, আমরা (কুরায়শরা) সঙ্গীদের প্রতি সুবিচার করিনি। (আমরা বেঁচে রইলাম, অথচ আনসাররা শহীদ হলেন।)
ই.ফা. ৪৪৯০, ই.সে. ৪৪৯২
সহীহ মুসলিম হাদিস ৪৫৩৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে উহুদ যুদ্ধের এক কঠিন মুহূর্ত বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তখন সাতজন আনসার ও দুইজন কুরাইশ সাথীসহ ঘেরাও অবস্থায় ছিলেন। শত্রুরা যখন কাছে এসে পড়ে, তিনি বলেন, কে তাঁদের প্রতিহত করবে, তার জন্য জান্নাত; অথবা তিনি বললেন, সে জান্নাতে তাঁর সঙ্গী হবে। তখন আনসারদের একজন এগিয়ে গিয়ে যুদ্ধ করেন এবং শহীদ হন। এভাবে সাতজন আনসার একে একে এগিয়ে গিয়ে যুদ্ধ করতে করতে শহীদ হন। পরে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাঁর দুই সাথীকে বলেন, আমরা আমাদের সঙ্গীদের প্রতি সুবিচার করিনি। এই হাদিসে উহুদ যুদ্ধ, সাহাবীদের সাহস, আনসারদের আত্মত্যাগ এবং নবীজির কোমল অনুভূতি স্পষ্টভাবে দেখা যায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- আনসার সাহাবীরা নবীজি (صلى الله عليه وسلم)-এর পাশে জীবন দিয়ে দাঁড়িয়েছিলেন।
- কঠিন মুহূর্তে সাহসী ভূমিকা ঈমানের বড় পরিচয় হতে পারে।
- রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাঁর সাথীদের আত্মত্যাগ গভীরভাবে অনুভব করতেন।
- যুদ্ধের ময়দানেও ন্যায় ও সহযোদ্ধার হক ভাবনায় ছিল।
