৩/১৪. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৬৪০ - ইস্তিহাজা ও সালাতের বিধান
ইসতিহাযাহ [৮৯] বা রক্তপ্রদর রোগগ্রস্ত মহিলার গোসল ও তার সলাত প্রসঙ্গ
ইস্তিহাজা কি হায়েয? সালাতের বিষয়ে নবীজির দিকনির্দেশনা
সহীহ মুসলিম : ৬৪০
সহীহ মুসলিমহাদিস নম্বর ৬৪০
وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ جَاءَتْ فَاطِمَةُ بِنْتُ أَبِي حُبَيْشٍ إِلَى النَّبِيِّ ﷺ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنِّي امْرَأَةٌ أُسْتَحَاضُ فَلاَ أَطْهُرُ أَفَأَدَعُ الصَّلاَةَ فَقَالَ «لاَ إِنَّمَا ذَلِكِ عِرْقٌ وَلَيْسَ بِالْحَيْضَةِ فَإِذَا أَقْبَلَتِ الْحَيْضَةُ فَدَعِي الصَّلاَةَ وَإِذَا أَدْبَرَتْ فَاغْسِلِي عَنْكِ الدَّمَ وَصَلِّي " .
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
ফাতিমা বিনতু আবূ হুবাইশ (রাঃ) নবী (ﷺ)-এর কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল (ﷺ)! আমি একজন ইসতিহাযাহ্ বা রক্তপ্রদর রোগগ্রস্ত নারী। কখনো এ রোগ থেকে মুক্ত হই না। তাই আমি এ সালাত আদায় করা কি ছেড়ে দিব? রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে বললেনেনঃ না, তুমি সালাত আদায় ছাড়বেনা। কেননা, এ হায়েজ না বরং একটি শিরা নিঃসৃত রক্ত। তাই যখন হায়েজ দেখা দিবে তখন শুধু সালাত আদায় করবেনা। আর যখন হায়েজ ভাল হয়ে যাবে তখন রক্ত ধুয়ে ফেলে গোসল করে পবিত্র হয়ে সালাত আদায় করবে।
[৮৯] ইসতিহাযাহ্ বলা হয় ঐ রক্তকে যা হায়েজ ও নিফাসের নির্দিষ্ট সময় ব্যতীত মহিলাদের লজ্জাস্থান দিয়ে রক্ত বের হয়। এ রক্ত একটি রগ থেকে বের হয়ে থাকে যাকে আদিল বলা হয়। আর হায়েজের রক্ত জরায়ুর ভিতর থেকে বের হয়। ইসতিহাযার রক্ত সাধারণত লাল কিংবা হলদে অথবা মেটে রং হয় এবং হায়েজের রক্ত স্বভাবত কালচে রং হয়। সুতরাং রক্তের প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখলে উভয়ের মধ্যে পার্থক্য বুঝা যায়। ইসতিহাযাহ রোগাক্রান্ত মহিলা সুস্থ মহিলার মত সালাত, সওম, ই’তিকাফ, কুরআন মাজীদ তিলাওয়াত সহ যাবতীয় ইবাদত বন্দেগী করতে পারবে। তবে প্রত্যেক ওয়াক্তের সালাতে প্রারম্ভে ওযূ করে নিবে। আর যখন সালাত আদায় করার নিয়ত করবে তখন লজ্জাস্থান ধুয়ে ফেলবে এবং উক্তস্থানে এক টুকরো কাপড়, তুলা লাগিয়ে রাখবে। (নাবাবী)ই.ফা. ৬৪৪, ই.সে. ৬৫৯
সহীহ মুসলিম হাদিস ৬৪০-এর সারসংক্ষেপ
এই হাদিসে ফাতিমা বিনত আবু হুবাইশ (রাঃ) রসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কাছে নিজের সমস্যার কথা বলেন। তাঁর ইস্তিহাজা বা রক্তপ্রদর ছিল এবং তিনি জানতে চান, এ কারণে কি সালাত ছেড়ে দেবেন। নবীজি (صلى الله عليه وسلم) স্পষ্ট বলেন, না। তিনি জানান, এটি হায়েয নয়; বরং শিরা থেকে বের হওয়া রক্ত। এরপর নির্দেশ দেন, যখন হায়েয দেখা দেবে তখন সালাত ছেড়ে দিতে হবে। আর যখন হায়েয চলে যাবে, তখন রক্ত ধুয়ে গোসল করে সালাত আদায় করতে হবে। এই হাদিস ইস্তিহাজা, হায়েয ও সালাতের পার্থক্য বোঝায়। নারীদের জন্য এটি খুব দরকারি জ্ঞান, কারণ একই ধরনের রক্ত দেখলেও বিধান এক নয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ইস্তিহাজা হায়েযের মতো নয়—হাদিসে তা আলাদা করা হয়েছে।
- হায়েয চলাকালে সালাত না পড়ার নির্দেশ এসেছে।
- হায়েয শেষ হলে রক্ত ধুয়ে গোসল করে সালাত পড়তে বলা হয়েছে।
- নারীর ব্যক্তিগত সমস্যার মাসআলা সরাসরি জিজ্ঞেস করা যায়।
