৫৪/৪. অধ্যায়ঃ
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৭৪৫ - সান্ডার গোশত হারাম কি না
সান্ডার (গুইসাপের) গোশত খাওয়া প্রসঙ্গ
সান্ডার গোশত হারাম নয়—ব্যক্তিগত অপছন্দ ও শরয়ি বিধান
মুয়াত্তা ইমাম মালিক : ১৭৪৫
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১৭৪৫
و حَدَّثَنِي مَالِك عَنْ ابْنِ شِهَابٍ عَنْ أَبِي أُمَامَةَ بْنِ سَهْلِ بْنِ حُنَيْفٍ عَنْ عَبْدِ اللهِ بْنِ عَبَّاسٍ عَنْ خَالِدِ بْنِ الْوَلِيدِ بْنِ الْمُغِيرَةِأَنَّهُ دَخَلَ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْتَ مَيْمُونَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأُتِيَ بِضَبٍّ مَحْنُوذٍ فَأَهْوَى إِلَيْهِ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِفَقَالَ بَعْضُ النِّسْوَةِ اللَّاتِي فِي بَيْتِ مَيْمُونَةَ أَخْبِرُوا رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَا يُرِيدُ أَنْ يَأْكُلَ مِنْهُ فَقِيلَ هُوَ ضَبٌّ يَا رَسُولَ اللهِ فَرَفَعَ يَدَهُ فَقُلْتُ أَحَرَامٌ هُوَ يَا رَسُولَ اللهِ فَقَالَ لَا وَلَكِنَّهُ لَمْ يَكُنْ بِأَرْضِ قَوْمِي فَأَجِدُنِي أَعَافُهُ قَالَ خَالِدٌ فَاجْتَرَرْتُهُ فَأَكَلْتُهُ وَرَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْظُرُ
খালিদ ইব্নু ওলীদ ইব্নু মুগীরা (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সহিত নবী করীম রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সহধর্মিণী মায়মুনা (রাঃ)-এর ঘরে গমন করলেন। সেখানে একটি ভুনা সান্ডা আনয়ন করা হল। রাসূলুল্লাহ্ (ﷺ) উহা খাওয়ার জন্য সেই দিকে হাত বাড়ালেন। তখন মায়মুনা (রাঃ)-এর ঘরে আগত মহিলাদের মধ্যে কেউ বলল, রাসূলুল্লাহ্ (ﷺ) কে জানিয়ে দাও যে, তিনি যা খেতে চাচ্ছেন, উহা কিসের গোশত। তখন তাঁকে বলা হল যে, ইয়া রাসূলুল্লাহ্! ইহা সান্ডার গোশত।অতঃপর রাসূলুল্লাহ্ (ﷺ) হাত তুলে নিলেন (এবং খেলেন না)। আমি (খালিদ) জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ্! ইহা কি হারাম? তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন, না। তবে যেহেতু আমাদের দেশে ইহা হয় না, তাই আমার পছন্দ হচ্ছে না। খালিদ (রাঃ) বলেন, আমি উহা নিজের দিকে টেনে নিয়ে খেলাম, আর রাসূলুল্লাহ্ (ﷺ) দেখছিলেন। [১]
[১] খালিদ (রাঃ) উহা খাচ্ছিলেন, কিন্তু রসূলুল্লাহ্ (ﷺ) উহাতে তাঁকে কোন নিষেধ করেননি। তাই বোঝা যাচ্ছে যে, সান্ডার গোশত হালাল। ইমাম তাহাবী (রহঃ) একে হালাল বলেছেন। এমন কি প্রতিটি মাযহাবে একে হালাল বলা হয়েছে। অবশ্য হিদায়া গ্রন্থে একে মাকরূহ বলা হয়েছে। কারণ এক হাদীসে রসূলুল্লাহ (ﷺ) আয়েশা (রাঃ)-কে ইহা খেতে নিষেধ করেছেন। কিন্তু হাদীসটি দুর্বল। (যুরকানী) (বুখারী ৫৩৯১, মুসলিম ১৯৪৬)
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৭৪৫-এর সারসংক্ষেপ
এই হাদিসে খালিদ ইব্নু ওয়ালীদ (রাঃ) রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সঙ্গে মায়মুনা (রাঃ)-এর ঘরে যান। সেখানে ভুনা সান্ডা আনা হয়। নবীজি প্রথমে সেটির দিকে হাত বাড়ান, কিন্তু জানানো হলে যে এটি সান্ডার গোশত, তিনি হাত সরিয়ে নেন। খালিদ (রাঃ) সরাসরি জিজ্ঞেস করেন—এটি কি হারাম? নবীজি বলেন, না; তবে এটি তাঁর এলাকার খাবার নয়, তাই তাঁর পছন্দ হচ্ছে না। এরপর খালিদ (রাঃ) সেটি খেয়েছেন, আর নবীজি দেখেছেন। এই হাদিসে খুব পরিষ্কার শিক্ষা আছে: কোনো খাবার নবীজি না খেলে তা সবসময় হারাম হয়ে যায় না। হারাম বলা আলাদা বিষয়, আর ব্যক্তিগত রুচি বা অভ্যাস আলাদা বিষয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সান্ডার গোশত সম্পর্কে নবীজি হারাম বলেননি।
- ব্যক্তিগত অপছন্দকে শরয়ি নিষেধাজ্ঞা বানানো ঠিক নয়।
- কোনো খাবারের বিধান জানতে সরাসরি প্রশ্ন করা ভালো।
- নবীজি না খেয়েও খালিদ (রাঃ)-কে খেতে বাধা দেননি।
