১/১. অধ্যায়ঃ
সিলসিলা সহিহা হাদিস ৫৩ - সাতটি নসিহত ও লা হাওলা ওয়ালা কুওয়াতা
উত্তম চরিত্র, অনুকম্পা ও (আত্মীয়তার) সম্পর্ক বজায় রাখা প্রসংগ
সাতটি নসিহত: সত্য, আত্মীয়তা ও লা হাওলা ওয়ালা কুওয়াতা
সিলসিলা সহিহা : ৫৩
সিলসিলা সহিহাহাদিস নম্বর ৫৩
আবূ যার (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, আমার বন্ধু (নবী ﷺ) আমাকে সাতটি কাজ করতে আদেশ করেছেন।(ক) আমাকে দরিদ্রদের ভালবাসতে এবং তাদের সহাবস্থান করতে আদেশ করেছেন।(খ) আমার চেয়ে নিম্নস্তরের ব্যক্তিদের প্রতি তাকাতে আর আমার আমার চেয়ে উচ্চস্তরের ব্যক্তিদের প্রতি না তাকাতে আদেশ করেছেন।(গ) আমাকে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে আদেশ করেছেন যদিও তা (আত্মীয়তা) শীতল হয়ে যায়। (অর্থাৎ, তারা তেমন গুরুত্ব না দেয়)।(ঘ) আমাকে আদেশ করেছেন যে, আমি যেন কারো কাছে কিছু না চাই।(ঙ) আমাকে সত্য বলতে আদেশ করেছেন, যদিও তা তিক্ত হয়।(চ) এবং আমাকে আদেশ করেছেন, আমি যেন আল্লাহর পথে কোন ভর্ৎসনাকারীর ভর্ৎসনাকে পরওয়া না করি।(ছ) আমাকে আদেশ করেছেন যে, আমি যেন অধিক হারে বলি- (লা- হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ) কারণ, এ বাক্যগুলো আরশের খনি হতে নেয়া হয়েছে। অপর এক রিওয়ায়াতে এসেছে, কারণ এই বাক্যটি জান্নাতের খনিসমূহ হতে একটি খনি। (আস-সহঅহাহ-২১৬৬)
আহমাদ- ৫/১৫৯; সহীহ ইবনু হিব্বান হা. ২০৪১; তাবারানীর আল-মু’জামুস সগীর ৫ পৃষ্ঠা; আলখায়রাতী তার ‘মাকারিমুল আখলাক্ব’ ২৫ পৃষ্ঠা; সুনানে বায়হাক্বী- ১০/৯১; আবু নাঈমের হিলইয়া- ২/৩৫৭; খতীবের ‘তারিখ’ ৫/২৫৪। শাইখ আলবানী (রহঃ) বলেন: “এর সানাদ সহীহ এবং সমস্ত বর্ণনাকারী ছিক্বাহ।” হাদীসটি সহীহ।
অনুবাদের উৎস
- সংকলক:
- আল্লামা নাসিরুদ্দিন আলবানী (রহঃ)
- প্রকাশক:
- আতিফা পাবলিকেশন্স
সিলসিলা সহিহা হাদিস ৫৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে বর্ণনাকারী বলেন, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাকে সাতটি কাজের আদেশ করেছেন। দরিদ্রদের ভালোবাসা ও তাদের সাথে থাকা, নিজের চেয়ে নিচের অবস্থার মানুষের দিকে তাকানো, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, কারো কাছে কিছু না চাওয়া, তিক্ত হলেও সত্য বলা, আল্লাহর পথে নিন্দুকের নিন্দাকে ভয় না করা এবং বেশি বেশি ‘লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ’ বলা। হাদিসটি ব্যক্তিগত চরিত্র, সামাজিক সম্পর্ক এবং আল্লাহর উপর নির্ভরতার সুন্দর সমন্বয় শেখায়। এখানে অহংকার কমানো, আত্মসম্মান রাখা, সত্যের উপর দাঁড়ানো এবং আল্লাহর সাহায্য স্মরণ করার সহজ পথ দেখানো হয়েছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- দরিদ্রদের ভালোবাসা ও তাদের কাছে থাকা বিনয়ের শিক্ষা দেয়।
- তিক্ত হলেও সত্য বলা মুমিনের গুরুত্বপূর্ণ গুণ।
- আত্মীয়তা শীতল হলেও সম্পর্ক বজায় রাখার চেষ্টা করতে হবে।
- ‘লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ’ বেশি বলা উত্তম আমল।
